সেই একই পাকিস্তানি ব্যাটিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রাইস্টচার্চে দিনের খেলা তখন শেষ হয়েছে মাত্র। সংবাদ সম্মেলনে এসে পাকিস্তান কোচ মিকি আর্থার বললেন, ‘এখনো সব শেষ হয়ে যায়নি। এখন পর্যন্ত ওরা আমাদের চেয়ে বেশ এগিয়ে। তবে আমরা যদি ১৫০ থেকে ১৭০ রানের লক্ষ্য দিতে পারি, খুব ভালো সুযোগ থাকবে আমাদেরও।’

১৭০ রানের লক্ষ্য মানে আরও প্রায় ১১০ রানের মতো করতে হবে পাকিস্তানকে। কিন্তু হাতে উইকেট মাত্র ৩টি। হ্যাগলি ওভালের উইকেটের এখন পর্যন্ত যা আচরণ, আর্থারের চাওয়াটা বাড়াবাড়ি মনে হয়।

প্রথম ইনিংসে কলিন ডি গ্র্যান্ডহোমের তোপে ১৩৩ রানে অলআউট হয়ে যাওয়া পাকিস্তানকে কাল ম্যাচে ফেরার স্বপ্ন দেখিয়েছিলেন বোলাররা। মোহাম্মদ আমির, সোহেল খান ও রাহাত আলী মিলে নিউজিল্যান্ডকেও গুটিয়ে দেন ২০০ রানে। বাকি কাজটা ছিল ব্যাটসম্যানদের। কিন্তু যথারীতি আবারও ব্যর্থ পাকিস্তানি ব্যাটসম্যানরা। দলের ২১ রানে সামি আসলাম ফেরার পর বাবর আজম-আজহার আলী মিলে ৩৭ রানের জুটি গড়েন দ্বিতীয় উইকেটে। পাকিস্তানের ওটাই এখন পর্যন্ত সবচেয়ে বড় জুটি হয়ে আছে। দলের ৫৮ রানে বাবর আজম ফিরে যাওয়ার পর আর কেউই প্রতিরোধ গড়তে পারেননি। ১৮ রানে ৩ উইকেট ট্রেন্ট বোল্টের, তবে বাবর আর ইউনিস খানকে ফিরিয়ে দিয়ে মিডল অর্ডারটা ধসিয়েছেন নিল ওয়াগনার। এ নিয়ে ২৬ টেস্টে ১০১ উইকেট হলো ওয়াগনারের। কিউই বোলারদের মধ্যে তাঁর চেয়ে কম টেস্ট খেলে ১০০ উইকেট পেয়েছেন কেবল একজনই—কিংবদন্তি রিচার্ড হ্যাডলি। সর্বকালের অন্যতম সেরা এই অলরাউন্ডারের ১০০ উইকেট পেতে লেগেছিল ২৫ টেস্ট।

বোল্ট-টিম সাউদি-ডি গ্র্যান্ডহোম আর ওয়াগনার মিলে পাকিস্তানের রান তোলাটা এত কঠিন করে ফেলেছিলেন যে দ্বিতীয় ইনিংসে ৫০ ওভার শেষে পাকিস্তানের রান ছিল ৩ উইকেটে ৮০! ২০০১ সালের পর টেস্টে আর কখনো এত ধীরগতিতে রান তোলেনি পাকিস্তান।

তবে টেস্টের যেহেতু বাকি আরও দুই দিন, রানের গতি নিয়ে না ভাবলেও চলছে পাকিস্তানের। ভাবনা একটাই—দিন শেষে অপরাজিত আসাদ শফিক টেলএন্ডারদের নিয়ে আর কত রানের লিড নিতে পারেন! তথ্যসূত্র: ক্রিকইনফো।