প্রতিবারই জাতীয় লিগ শুরুর আগে প্রতিশ্রুতিটা দেওয়া হয়—উইকেট হবে বাউন্সি। যদিও বাস্তবে দেখা যায় ভিন্ন ছবি। এবারও দেওয়া হচ্ছে একই প্রতিশ্রুতি। কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হবে কি না, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অবশ্য জোর দিয়েই বলছেন, এবার বাউন্সি উইকেট করা হবে।
বগুড়া, রাজশাহী, সিলেট ও খুলনা—চার মাঠে জাতীয় লিগ শুরু হচ্ছে ২৫ সেপ্টেম্বর। গতবারের মতো এবারও দুই স্তরে হবে লিগ। লিগ শেষে প্রথম স্তরের শেষ দল নেমে যাবে দ্বিতীয় স্তরে। আর দ্বিতীয় স্তরের শীর্ষ দল উঠবে প্রথম স্তরে। লিগ নিয়ে কাল এক সভা শেষে বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সাইফুল ইসলাম বললেন, ‘বাইরের (ঢাকার) মাঠগুলোয় অনেক আগে থেকেই পিচের কাজ শুরু হয়েছে। ইনশা আল্লাহ এবার বাউন্সি উইকেট হবেই।’
জাতীয় লিগে এবার ম্যাচ ফি বাড়ছে। প্রথম স্তরে ২১ হাজার থেকে বেড়ে তা হচ্ছে ২৫ হাজার টাকা। দ্বিতীয় স্তরে অবশ্য সেটি ২০ হাজার টাকাই থাকছে।