সেই ওয়াটসনই অধিনায়ক!
সীমিত ওভারের ক্রিকেটে ক্যারিয়ারটাকে দীর্ঘ করবেন বলে গত সেপ্টেম্বরে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। কিন্তু চোট ও ফর্মহীনতা নাছোড়বান্দার মতো পিছু নিয়েছিল শেন ওয়াটসনের। এর মধ্যেই যখন ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দলেও জায়গা হলো না, ওয়াটসনের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন অনেকে।
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের অস্ট্রেলিয়া দলে নিজের নাম দেখে খোদ ওয়াটসনই বিস্মিত হয়েছিলেন। ওয়াটসন খেলছেন এবং তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে আজ তিনিই অস্ট্রেলিয়ার অধিনায়ক।
ওয়াটসনকে এই সুযোগটা করে দিয়েছে টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চের চোট। গত ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন ফিঞ্চ। খেলোয়াড় ফিঞ্চের পরিবর্তে সিডনিতে আজ নিয়মরক্ষার তৃতীয় ও শেষ ম্যাচে দলে ডাক পেয়েছেন দারুণ ফর্মে থাকা ব্যাটসম্যান উসমান খাজা।
২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে সিরিজ হার নিশ্চিত করেছে ভারত। ধবলধোলাই এড়ানোর ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়াটা ওয়াটসনের কাছে বড় চ্যালেঞ্জ, তবে চ্যালেঞ্জটা নিতে তিনি তৈরি, ‘রোববার দলকে নেতৃত্ব দেওয়া সুযোগ পাওয়া আমার জন্য সম্মানের। যদিও পরিস্থিতি খুব একটা আদর্শ নয়। আমরা সিরিজ হেরে গেছি, তবে সিডনিতে ভালো খেলার সর্বোচ্চ চেষ্টা করব।’ ইন্ডিয়া টুডে।