সেই কুক এখন 'স্পেশাল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুক
কুক

ম্যাচ জিতে হুড়োহুড়ি করে স্টাম্প সংগ্রহের ঝোঁক তাঁর কখনোই ছিল না। তবে ওল্ড ট্রাফোর্ডে জয়ের পরই ছুটে গিয়ে তুলে নিলেন একটি স্টাম্প। সেই স্টাম্প হাতেই আকর্ণ বিস্তৃত হাসিতে মাঠ ছাড়লেন বুক উঁচিয়ে। বাড়ির ট্রফি কেসেও নিশ্চয়ই এখন দারুণ সমাদরে আছে ওই স্টাম্প। বিশেষ জায়গা নিয়ে থাকবে তাঁর হৃদয়েও। শুধু একটি জয়ের স্মারকই নয়, এটি যে দুঃসময়কে পাল্টা জবাব দেওয়ার প্রতীক!
হাসতেই তো ভুলে গিয়েছিলেন অ্যালিস্টার কুক। ব্যাটে রান নেই, জিততে ভুলে গিয়েছিল দল। সমালোচনা চলে আসছিল বেশ কিছুদিন ধরেই। ভারতের বিপক্ষে লর্ডসে হারের পর তো বাতিলের খাতায়ই ফেলে দেওয়া হয়েছিল অধিনায়ক কুককে। ব্যাটসম্যান কুককে ফিরে পেতে অধিনায়ক কুকের পদত্যাগ কিংবা অপসারণের দাবি উঠেছিল জোরেশোরে। জিওফ বয়কট থেকে শুরু করে নাসের হুসেইন, মাইক আথারটন, বব উইলস—কে ছিলেন না সেই দলে! এমনকি কোরাসে কণ্ঠ মিলিয়েছিলেন ভিনদেশের স্টিভ ওয়াহ-রিকি পন্টিংরাও। বলা হচ্ছিল, নিজেকে বাঁচাতে স্রেফ তিনটি টেস্ট আছে কুকের হাতে।
তিন টেস্ট লাগেনি, দুটির পরই উল্টে গেছে স্রোত। টেস্ট সেঞ্চুরি খরা কাটেনি এখনো, সেটা ঠেকেছে টানা ৩০ ইনিংসে। কিন্তু ফিরে পাওয়া গেছে ব্যাটসম্যান কুককে, অধিনায়ক কুকও ভাসছেন প্রশংসার জোয়ারে। সাউদাম্পটনে দুই ইনিংসে করেছেন ৯৫ ও অপরাজিত ৭০। ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছে দল। ওল্ড ট্রাফোর্ডে একমাত্র ইনিংসে ১৭ করলেও ইনিংস ব্যবধানে জিতে এগিয়ে গেছে দল। আর সেই ‘নড়বড়ে মানসিকতা’, ‘টেকনিক্যাল জ্ঞান না থাকা’ অধিনায়কই হয়ে গেছেন ‘স্পেশাল!’
বয়কট-হুসেইনরা অবশ্য নন, কুককে স্পেশাল বলছেন ইংল্যান্ড কোচ পিটার মুরস, ‘ও এমন এক চরিত্র, যে কি না যত বেশি সমালোচনা হয়, তত বেশি দৃঢ়প্রতিজ্ঞ হয়। কঠিন সময়টা সে সরাসরি স্বীকার করে। এই মানসিকতাই একজনকে স্পেশাল করে তোলে।’
মুরসের মতে, কুকের প্রকাশ্যে চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতাই গড়ে দিয়েছে পার্থক্য, ‘গুরুত্বপূর্ণ সময়টা ছিল, যখন সে প্রকাশ্যে বলল যে দীর্ঘদিন নেতৃত্ব দিতে চায়। পরিষ্কার বলে দিয়েছিল যে, কাজটি সে করতে চায়, সর্বস্ব দিয়ে চেষ্টা করতে চায়। ও ট্যাকটিক্যালি দ্রুত উন্নতি করছে, সামনে থেকে নেতৃত্ব দেওয়ার দারুণ গুণটিও আছে।’
বয়কট-হুসেইনরাও কি এখন কণ্ঠ মেলাবেন মুরসের সঙ্গে? রয়টার্স, ক্রিকইনফো।