সেই কোহলিকেই টেস্ট-নেতৃত্বে চান আজহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্ট অধিনায়ক হিসেবে কোহলিকে চান আজহার। ছবি: ফাইল ছবি
টেস্ট অধিনায়ক হিসেবে কোহলিকে চান আজহার। ছবি: ফাইল ছবি

মহেন্দ্র সিং ধোনিকে টেস্ট অধিনায়ক হিসেবে যেন সহ্যই করতে পারছেন না মোহাম্মদ আজহারউদ্দিন। ভারতের সাবেক এই অধিনায়ক মনে করেন, টেস্ট ক্রিকেটে ভারতের সাম্প্রতিক ব্যর্থতায় দলের অধিনায়কত্বে পরিবর্তন আসাটা জরুরি হয়ে পড়েছে। আজহারউদ্দিন এ ক্ষেত্রে ধোনির উত্তরসূরিও বাতলে দিয়েছেন। তাঁর মতে, বিরাট কোহলিই যোগ্যতায় সবচেয়ে এগিয়ে।
ধোনির ব্যাপারে আজহারের রয়েছে এন্তার অভিযোগ, ‘দেখুন, কোনো অধিনায়কেরই উচিত নয় পারফরম্যান্স না দেখিয়ে টিকে থাকা । পারফরম্যান্স না থাকলে একটা সময় ব্যর্থ অধিনায়ক নিশ্চিহ্ন হয়ে যাবেই। টেস্টে ধোনির যে পারফরম্যান্স তাতে বিসিসিআইয়ের উচিত খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্তে আসা। হয় এসপার না হয় ওসপার। মাঝামাঝি ঝুলে থাকার কোনো মানেই হয় না। নতুন একটা অধিনায়ককে দায়িত্ব দিয়ে দেখা যেতেই পারে। পারফরম্যান্স তো ভালো হতেও পারে।’
নতুন অধিনায়ক হিসেবে কোহলিকে দারুণ পছন্দ আজহারের, ‘কোহলিকে সুযোগ দেওয়া যেতে পারে। সে এই মুহূর্তে ভারতের সেরা খেলোয়াড়। ইংল্যান্ডেও ভালো করেছে। সত্যি কথা বলতে কি, অধিনায়কত্বের ব্যাপারে দায়িত্ব না দেওয়া পর্যন্ত আপনি কোনো কিছুই ধারণা করতে পারবেন না। তবে কোহলি অধিনায়ক হিসেবে ভালো করবে বলেই বিশ্বাস।’
কোহলি এ মুহূর্তে ভারতের সবচেয়ে ভালো ব্যাটসম্যান—এ নিয়ে আজহারের সঙ্গে দ্বিমত করার সুযোগ নেই। কিন্তু ইংল্যান্ডে কোহলি ভালো খেলেছেন! শুধু ইংল্যান্ড সফরে কেন, টেস্টের সর্বশেষ ১০ ইনিংসেই কোনো ফিফটি নেই কোহলির। শুধু তা-ই নয়, ওয়ানডেতে দারুণ সফল কোহলি টেস্টের কঠিন পরীক্ষায় ঠিক সেই মাপের ব্যাটসম্যান নন বলেই মনে করেন অনেকে। অথচ সেই কোহলিকেই টেস্টে অধিনায়ক হিসেবে চাইছেন আজহার।
ভারতের এক সময়ের সফল অধিনায়ক অবশ্য মনে করেন, ক্রিকেটের তিন ফরম্যাটেই ভিন্ন অধিনায়ক থাকা উচিত, ‘কোনো একজন অধিনায়কের পক্ষে তিন ফরম্যাটেই কাজ করে যাওয়া সম্ভব নয়। এটা বাড়াবাড়ি হয়ে যায়। আমার মনে হয় ভারতীয় বোর্ডও তিন ফরম্যাটে তিনজন ভিন্ন অধিনায়কের কথা ভাবতে পারে। অনেক দেশই তো এটা করছে।’