সেই ক্যারিবীয় স্মৃতি মনে পড়ে সাকিবের?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাত বছর আগে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করার পর। ফাইল ছবি
সাত বছর আগে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করার পর। ফাইল ছবি

কদিন আগে ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে একটি ভিডিও পোস্ট করেছেন সাকিব আল হাসান। ক্যারিবিয়ান লিগ খেলতে গিয়ে বার্বাডোজের হিলটন হোটেলে বাঁহাতি অলরাউন্ডার রোমন্থন করেছেন ২০০৭ বিশ্বকাপের সুখস্মৃতি। বিশ্বকাপ তো আছেই, ওয়েস্ট ইন্ডিজ গেলে সাকিবের স্মৃতির সরণিতে নিশ্চয়ই ভিড় করবে আজকের দিনটি, মনে পড়বে সাত বছর আগের গ্রেনাডা টেস্ট।

২০ জুলাই ২০০৯, গ্রেনাডা টেস্ট জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। বিদেশের মাটি তো বটেই, প্রথমবারের মতো টেস্ট সিরিজে কোনো দলকে ধবলধোলাই করার অভিজ্ঞতা সেবারই প্রথম। ২০০০ সালে টেস্ট অভিষেকের ৯ বছরের মাথায় বিদেশ সিরিজ জয়ের কীর্তি—খুশি-আনন্দ-গর্বে মিলেমিশে একাকার গোটা দেশ।

দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টটি এতটাই সাকিবময় ছিল, দলের বাকিরা হয়ে গিয়েছিলেন পার্শ্বচরিত্র। প্রথম ইনিংসে ৩ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট। ২১৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬৭ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর ৯৭ বলে ৯৬ রানের সাকিবের লড়াকু এক ইনিংস। ছক্কা মেরে ম্যাচের সমাপ্তিরেখা টানা—স্বপ্নের ম্যাচ বুঝি একেই বলে।

মাশরাফি বিন মুর্তজার চোটের কারণে হঠাৎ পাওয়া অধিনায়কত্ব যেন তারিয়ে তারিয়ে উপভোগ করেছিলেন সাকিব। বোলিং-ব্যাটিং—সব্যসাচী সাকিবের দেখাই মিলল সিরিজজুড়ে। টেস্ট সিরিজে ব্যাটিংয়ে ১৫৯ রান, বোলিংয়ে যৌথভাবে সর্বোচ্চ ১৩ উইকেট—সামনে থেকেই দলকে নেতৃত্ব দিয়ে উড়িয়ে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজকে! ওয়ানডে সিরিজেও দেখা গিয়েছিল তাঁর একই ধার। সাকিবের অলরাউন্ড নৈপুণ্যেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে শোনা গিয়েছিল বাংলাদেশের জয়গান।

২০১৪ সালের আগস্টে-সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আবারও ওয়েস্ট ইন্ডিজে গিয়েছিল বাংলাদেশ। নিষেধাজ্ঞার বেড়াজালে ‘বন্দী’ থাকায় সাকিবের খেলা হয়নি সিরিজটি। ২০০৯ সালের টেস্ট সিরিজটা তাই উজ্জ্বল হয়ে থাকবে বাঁহাতি অলরাউন্ডের স্মৃতিতে।

অনেক দিন পর যখন এই গ্রেনেডা টেস্টের দিকে ফিরে তাকাবেন, দেশের বাইরে প্রথম সিরিজ জয়, ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ—বাংলাদেশের ক্রিকেটে ঐতিহাসিক এসব তাৎ​পর্যের বাইরে ব্যক্তিগত স্মৃতি কি মনে পড়বে? সিরিজ জয়ের পর প্রথম আলোকে সাকিব বলেছিলেন, ‘মনে পড়বে আমি হিরো ছিলাম। অন্য অনেক কিছু বোধ হয় ভুলে যাব। কিন্তু এটা ভোলার চান্স নাই।’

সাকিব নিশ্চয়ই ভোলেননি। বীরত্বগাথা যে ভোলা যায় না!