সেই ক্লাইভ রাইস আর নেই

বর্ণবৈষম্যের কারণে দীর্ঘ ২২ বছর ক্রিকেট থেকে নির্বাসিত থাকার পর ১৯৯১ সালের নভেম্বরে নবযুগের সূচনা হয়েছিল দক্ষিণ আফ্রিকার। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হওয়া সে নবযাত্রায় প্রোটিয়াদের নেতৃত্ব দিয়েছিলেন ক্লাইভ রাইস। দক্ষিণ আফ্রিকার অনন্য সেই ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা রাইস ৬৬ বছর বয়সে মারা গেলেন আজ। মারাত্মক পেটে ব্যথা নিয়ে গত রোববার ভর্তি হয়েছিলেন হাসপাতালে। তবে দীর্ঘ দিন তিনি মস্তিষ্কের টিউমারে ভুগছিলেন।
নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন রাইস। ১৯৭০ সালে অস্ট্রেলিয়া সফরে জাতীয় দলে ডাক পেয়েছিলেন এ প্রোটিয়া অলরাউন্ডার। কিন্তু তত দিনে দক্ষিণ আফ্রিকায় ছড়িয়ে পড়েছে বর্ণবৈষম্যের বিষবাষ্প। বর্ণবৈষম্যের কারণে সে সিরিজ বাতিল হয়ে যাওয়ায় ২১ বছর বয়সে আন্তর্জাতিক অভিষেকের সুযোগ থেকে বঞ্চিত হলেন ক্লাইভ। এরপর ক্রিকেট থেকেও নির্বাসিত হলো দক্ষিণ আফ্রিকা।
১৯৯১ সালে যখন আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা ফিরল, তত দিনে ক্যারিয়ারের গোধূলিও পেরিয়ে এসেছেন রাইস। তাঁর জীবনের সবচেয়ে বড় পাওয়াটি তিনি পেলেন ৪২ বছর বয়সে এসে। নির্বাসন কাটিয়ে ফেরা প্রোটিয়াদের নবযাত্রার নেতৃত্ব দিলেন তিনি। অবশ্য ওই সিরিজ দিয়েই রাইস ইতি ঘটান তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের। সিরিজের ঠিক কয়েক মাস পরে, ১৯৯২ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নেননি।
খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় কেটেছে ঘরোয়া ক্রিকেট খেলে। ১৯৯৪ সালে সকল ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে ৪৮২টি প্রথম শ্রেণির ম্যাচে ৪০.৯৫ গড়ে করেছেন ২৬৩৩১ রান। ২২.৪৯ গড়ে নিয়েছেন ৯৩০ উইকেট।
আন্তর্জাতিক ক্রিবেট নয়, কেবল ঘরোয়া ক্রিকেটেই নিজেকে মেলে ধরার সুযোগ পেয়েছিলেন রাইস—এই দীর্ঘশ্বাস নিয়েই জীবনটা কেটেছে তাঁর। সাবেক প্রোটিয়া টেস্ট অধিনায়ক আলি বাখার তাঁর মৃত্যুতে শোক জানিয়ে বলেছেন, ‘ক্লাইভ রাইস ছিলেন সত্যিকারের অলরাউন্ডার। যদি বর্ণবৈষম্যের কারণে নির্বাসিত না হতে হতো, তবে তিনি ক্রিকেটের বিরাট কিংবদন্তি হতে পারতেন। ইয়ান বোথাম ও রিচার্ড হ্যাডলির চেয়ে কোনো অংশেই কম ছিলেন না তিনি।’ তথ্যসূত্র: এএফপি, রয়টার্স