সেই খলিলের চোখে শ্রীলঙ্কা 'সাহসী জাতি'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কা দলকে ‘সাহসী’ বললেন খলিল। ছবি: এএফপি
শ্রীলঙ্কা দলকে ‘সাহসী’ বললেন খলিল। ছবি: এএফপি

৩ মার্চ, ২০০৯। দিনটা সারা জীবন মনে থাকবে মেহের মুহাম্মদ খলিলের। পাকিস্তান সফরে আসা শ্রীলঙ্কা টিমবাসে করে যাচ্ছিল দ্বিতীয় টেস্টের ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। বাসটির চালক ছিলেন খলিল। হঠাৎ বাসটিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ও রকেটচালিত গ্রেনেড ছুড়ে মারে পাকিস্তানের তালেবান জঙ্গিগোষ্ঠী। প্রায় ২০ মিনিট ধরে চলা সেই হামলার মধ্যে মাথা ঠান্ডা রেখে ভীষণ সাহসের সঙ্গে বাস চালিয়ে লঙ্কান দলকে খলিল পৌঁছে দিলেন স্টেডিয়ামে। এরপর থেকেই তিনি দেশটির ‘জাতীয় বীর’।

সেই হামলার পর কেটে গেছে প্রায় সাড়ে আট বছর। এর মধ্যে পাকিস্তান সফরে আসেনি বড় কোনো দল। ফলে দেশের মাটিতে প্রতিষ্ঠিত কোনো দলের খেলা দেখা থেকে বঞ্চিত হয়েছে পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা। তবে এত দিন পর অবসান হচ্ছে তাঁদের। সাড়ে আট বছর আগে হামলার শিকার হওয়া সেই শ্রীলঙ্কা দলই লাহোরে স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে সম্মত হয়েছে। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে আবুধাবিতে, আর ২৯ অক্টোবরের ম্যাচটি অনুষ্ঠিত হবে গাদ্দাফি স্টেডিয়ামে।
শ্রীলঙ্কা দলের পাকিস্তানে ফেরার সিদ্ধান্তে খলিল ভীষণ আপ্লুত। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘দেখেছেন, ওরা কী সাহসী জাতি! সেই ঘটনার শিকার হয়েও ওরা আমাদের দেশে খেলতে আসছে। গোটা পাকিস্তানের উচিত তাদের যথাযথ সম্মান ও নিরাপত্তার সঙ্গে বরণ করে নেওয়া।’

পরিবারের সঙ্গে খুনসুটির ফাঁকে খলিল। ছবি: এএফপি
পরিবারের সঙ্গে খুনসুটির ফাঁকে খলিল। ছবি: এএফপি

পাকিস্তানে টি-টোয়েন্টি ম্যাচ খেলার ব্যাপারে শুরুতে আপত্তি জানিয়েছিল শ্রীলঙ্কা দল। কিন্তু দেশের ক্রিকেট বোর্ডের (এসএলসি) হস্তক্ষেপে ব্যাপারটির সুরাহা হয়। লঙ্কান দলকে সব ধরনের নিরাপত্তা প্রদানের আশ্বাসও দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। খলিলের বিশ্বাস, লঙ্কান দলের আসার মাধ্যমে পাকিস্তানে অন্যান্য বড় দলের সফরে আসার দ্বারও খুলে যাবে। শুধু শ্রীলঙ্কা নয়, অন্যান্য বিদেশি দলকেও ‘পূর্ণ নিরাপত্তা’ দেওয়ার দাবি জানিয়েছেন খলিল।
৫০ বছর বয়সী পাকিস্তানের এই ‘জাতীয় বীর’ ড্রাইভিং করছেন ২৫ বছরের বেশি সময় ধরে। পাকিস্তানের নানা গুরুত্বপূর্ণ ব্যক্তির গাড়ি চালনা ছাড়াও সফরে আসা বিদেশি দলগুলোর টিমবাস চালিয়ে থাকেন খলিল। সাড়ে আট বছর আগের সেই ভয়াবহ ঘটনা প্রসঙ্গে খলিলের স্মৃতিচারণা—ঘটনার আগের রাতে শ্রীলঙ্কা দল নিরাপত্তা নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিল। সেদিন সন্ধ্যায় কুমার সাঙ্গাকারা তাঁকে জিজ্ঞেস করেছিলেন, ‘মি. মুহাম্মদ, পাকিস্তানে কি আমরা নিরাপদ?’
খলিল জবাব দিয়েছিলেন, ‘কিছুই ঘটবে না। কিন্তু ঈশ্বর না করুন যদি ঘটেই যায় তাহলে পাকিস্তানে আমার মতো হাজারো মানুষ আপনাদের জন্য জীবন উৎসর্গ করবে।’ পরদিন হামলার পর হাসপাতালে সাঙ্গাকারাকে দেখতে গিয়েছিলেন খলিল। সাঙ্গাকারা তাঁকে বলেছিলেন, ‘আপনি একজন অসাধারণ মানুষ...আমার নায়ক।’ সূত্র: এএফপি