সেই খাজাতেই স্মিথের আশা

বাংলাদেশে রওনা দেওয়ার আগে ডারউইনে তিন দিনের প্রস্তুতি ম্যাচটি ভালো যায়নি উসমান খাজার। প্রথম ইনিংসে মাত্র ৭ রান করে আউট হয়েছেন। তবে প্রস্তুতি ম্যাচ দিয়ে তাঁকে বিচার করতে চাইছেন না স্টিভেন স্মিথ। বরং দলের অর্ডারের তিন নম্বর পজিশনটা খাজার জন্য বরাদ্দ রাখতে চান অস্ট্রেলিয়ার অধিনায়ক।
গত ফেব্রুয়ারি-মার্চে ভারত সফরে শন মার্শের কাছে জায়গা হারিয়েছিলেন খাজা। জানুয়ারির শুরুতেই পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্ট খেলার পর আর টেস্ট খেলা হয়নি ৩০ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটসম্যানের। অথচ ২০১৬-১৭ মৌসুমে ঘরের মাঠে দুর্দান্ত গ্রীষ্ম কেটেছে খাজার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ টেস্টে ৫২.৩৩ গড়ে ৩১৪ রান করে ছিলেন সবার ওপরে। পাকিস্তানের বিপক্ষে সমান টেস্টে ৬৬.৭৫ গড়ে ২৬৭ রান। তবুও কেন খাজাকে ভারত সফরে রাখেননি ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকেরা?
২০১৬ সালের জুলাই-আগস্টে শ্রীলঙ্কা সফরটা ভালো যায়নি খাজার। দুই টেস্টে চার ইনিংসে তাঁর রান—২৬, ১৮, ১১ ও ০। উপমহাদেশে পাকিস্তান-বংশোদ্ভূত ব্যাটসম্যানের এই রেকর্ডই নির্বাচকদের নিরুৎসাহিত করেছে ভারত সফরে তাঁকে না রাখতে। মজাটা হচ্ছে, সেই খাজা আবার ফিরেছেন উপমহাদেশের আরেক দল বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে।
২৭ আগস্ট শুরু ঢাকা টেস্টে খাজা যে থাকতে পারেন, সেটির ইঙ্গিতও পাওয়া গেল স্মিথের কথায়, ‘এই গ্রীষ্মে উসমান (খাজা) আমাদের জন্য বড় খেলোয়াড় হতে যাচ্ছে। গত দুই বছরে অস্ট্রেলিয়ায় সে দুর্দান্ত খেলেছে। এবার খেলাটা তাঁর জন্য ভালো হবে। অসাধারণ কিছু করতে সে উন্মুখ। আমার মনে হয় ও সুযোগটা কাজে লাগাতে পারবে।’
খাজা ফিরলে ব্যাটিং অর্ডারেও কিছু বদল আসবে অস্ট্রেলিয়া দলে। স্মিথ তখন চারে ব্যাটিং করবেন। এই পজিশনে অস্ট্রেলীয় অধিনায়কের ফর্মটাও দুর্দান্ত—১৮ টেস্টে ৭টা সেঞ্চুরি পেয়েছেন, গড় ৭৫.২৯। যদি খাজা একাদশে সুযোগ না পান, তবে তিনে স্মিথই ব্যাটিং করবেন। চারে পিটার হ্যান্ডসকম্ব, পাঁচে গ্লেন ম্যাক্সওয়েল ও ছয়ে নামবেন হিলটন কার্টরাইট।
এরই মধ্যে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে অস্ট্রেলিয়া। আজ রাত পৌনে ১১টায় ঢাকায় এসে পৌঁছার কথা তাদের। ১১ বছর বাংলাদেশে টেস্ট খেলতে আসার আগে মুশফিকদের ভীষণ সমীহ করছেন স্মিথ, ‘নিজেদের কন্ডিশনে তারা ভীষণ শক্তিশালী দল। চ্যালেঞ্জিং সিরিজ হতে যাচ্ছে। ওই কন্ডিশনে খেলতে পারাটা আমাদের জন্য দারুণ হবে। ভারতে কী শিখেছি সেটা বোঝা যাবে। খেলোয়াড়েরা অনেক কিছু শিখেছে। আশা করি, সেগুলো কাজে লাগাতে পারব এবং সফল একটা সফরই হবে।’ সূত্র: এএফপি।