সেই চেনা সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার বল হাতেও সফল সাকিব l ক্রিকইনফো
এবার বল হাতেও সফল সাকিব l ক্রিকইনফো

ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন আগের ম্যাচেই। তবে সেটি শুধু ব্যাটিংয়ে। কাল ব্যাটিংয়ের পর বোলিংয়েও জ্বলে উঠে পরিপূর্ণ মহিমায় দেখা দিলেন সাকিব। অলরাউন্ডার সাকিব আল হাসান!
কাল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট করতে নেমেছিলেন ভিন্ন পরিস্থিতিতে। আগের দিন যেখানে ২ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল জ্যামাইকা তালওয়াস, কাল সাকিব নামার আগেই দলের স্কোর ১৩৯। নির্ভার হয়ে খেলার সুযোগটা দুই হাত পেতে নিয়েছেন সাকিব। শুরু থেকেই ব্যাটে এমন স্ট্রোকের ঝলকানি যে, নামার পর জ্যামাইকার ৪৪ রানের ৩৪-ই আসে সাকিবের ব্যাটে। ১৭ বলের এই ঝড়ে ছিল ৫টি চার ও ১টি ছক্কা।
যখন বোলিং করতে এলেন, তখনো তেমন কোনো চাপ নেই। ১৮৩ তাড়া করতে নেমে ততক্ষণে রীতিমতো হাবুডুবু খেতে শুরু করেছেন সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের ব্যাটসম্যানরা। সাকিব বোলিংয়ে এলেন ১২তম ওভারে, স্কোরবোর্ডে তখন ৬ উইকেটে ৬৪। প্রথম ওভারেই উইকেট নিলেন। এক ওভার বিরতি দিয়ে প্রান্ত বদল করে এসে আরেকটি উইকেট। ২ ওভারে ২ রানে ২ উইকেট। তাঁর দলও জিতল ১০৮ রানে। সাকিবের এমন পারফরম্যান্সের পরও ৪৭ বলে ৬৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরা অবশ্য কুমার সাঙ্গাকারা।

৬ ম্যাচের ৪টি জিতে পয়েন্ট তালিকায় দুইয়ে উঠে আসা সাকিবের দল আগামীকাল খেলবে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে, বাংলাদেশ সময় সকাল ৭টায়। ক্রিকইনফো।