সেই চেলসিতে রানিয়েরির চক্রপূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৪ সালের ১৫ মে, শেষবারের মতো চেলসি ডাগ-আউট ছেড়ে যাচ্ছেন ক্লদিও রানিয়েরি। মাঠ ছেড়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে জন টেরির উদ্যোগে দলের সব খেলোয়াড় মিলে ‘গার্ড অব অনার’ দিলেন ইতালিয়ান কোচকে।
২০১৬ সালের ১৫ মে, প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লেস্টার সিটিকে নিয়ে চেলসির মাঠে নামতে যাচ্ছেন রানিয়েরি। সব ঠিক থাকলে আজও চেলসি খেলোয়াড়দের ‘সম্মানসূচক ব্যূহে’র মধ্য দিয়ে মাঠে ঢুকবেন লেস্টার কোচ।
২০০৪ থেকে ২০১৬—যুগ পূর্তি। রানিয়েরির কোচিং-জীবনের চক্রটাও পূর্ণতা পেতে যাচ্ছে। যে ক্লাব থেকে ব্যর্থতার দায় নিয়ে সরে গিয়েছিলেন, সেই ক্লাবেই আজ ফিরছেন মাথা উঁচু করে। গত মৌসুমের চ্যাম্পিয়ন চেলসির কাছ থেকেই শিরোপা কেড়ে নেওয়ার গর্ব নিয়ে আজ স্টামফোর্ড ব্রিজে মৌসুমের শেষ ম্যাচে খেলতে নামবে রানিয়েরির লেস্টার।
লেস্টারের সবকিছুই এখন রূপকথার মতো মনে হয়। রানিয়েরির কথাই ভাবুন, শতাব্দীর শুরুর দিকে দায়িত্ব নিয়ে প্রায় অচেনা চেলসিকে তিলে তিলে গড়ে তুলছিলেন। কিন্তু রোমান আব্রামোভিচ মালিক হয়ে আসার পর থেকেই পড়ে যান চাপে। রুশ ধনকুবেরের উচ্চাভিলাষী পরিকল্পনার সঙ্গে তাল মেলাতে না পেরে বিদায় নিতে হয় রানিয়েরিকে। তবে যাওয়ার আগে ইতালিয়ান কোচ সেদিন খেলোয়াড় ও দর্শকদের কাছ থেকে পেয়েছিলেন কাজের স্বীকৃতি।
আজও স্বীকৃতি পাবেন, লেস্টারের হয়ে রূপকথা লেখার জন্য। এর আগে ২০০৯ সালে জুভেন্টাসের হয়েও একবার এসেছিলেন, তবে রানিয়েরির নিজের চোখেই এবারের গল্পটা অসাধারণ, ‘বেশ আবেগঘন হবে ব্যাপারটা। আশা করি, পুরোনো সমর্থকেরা আমাকে নিয়ে খুশি। যখন এসেছিলাম, শেষ ম্যাচ চেলসিতে দেখে বলেছিলাম, বাহ্! এখন চ্যাম্পিয়ন হয়েই সেখানে যাচ্ছি। গল্পটা সুন্দর।’
রানিয়েরি মতো মৌসুমে ‘শেষ ভালো’র অপেক্ষায় লুই ফন গাল ও ম্যানুয়েল পেলেগ্রিনিও। প্রিমিয়ার লিগের শেষ দিনে আজ সবচেয়ে বেশি আগ্রহ দুই ভিন্ন ম্যাচে ম্যানচেস্টারের দুই ক্লাবের ‘লড়াই’ নিয়েই, পুরস্কার এখানে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ। লড়াইয়ে এগিয়ে আছে পেলেগ্রিনির ম্যানচেস্টার সিটি, সোয়ানসির মাঠে জিতলে বা ড্র করলেই চতুর্থ স্থান নিশ্চিত। সিটি হারলেই সুযোগ থাকবে ইউনাইটেডের, তবে এ জন্য একই সময়ে ঘরের মাঠে বোর্নমাউথকে হারাতে হবে ফন গালের দলকে। সূত্র: টেলিগ্রাফ, ইএসপিএন।