সেই জোহানেসবার্গেই এবার অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ার্নারের বিধ্বংসী ব্যাটিংইয়েই চূর্ণ হয়ে গেল দক্ষিণ আফ্রিকার রান পাহাড়। ছবি - রয়টার্স।
ওয়ার্নারের বিধ্বংসী ব্যাটিংইয়েই চূর্ণ হয়ে গেল দক্ষিণ আফ্রিকার রান পাহাড়। ছবি - রয়টার্স।

দক্ষিণ আফ্রিকা আর অস্ট্রেলিয়ার ম্যাচে ‘পূর্বানুমান’ বলে নাকি কোনো শব্দ থাকে না। শেষের কিছুক্ষণ আগেও কিছুই বলা যায় না। ১৯৯৯ বিশ্বকাপের সেমিফাইনালে শেষ ওভারটিতে প্রায় জেতা ম্যাচ হেরে গেল দক্ষিণ আফ্রিকা। এক দশক আগে জোহানেসবার্গে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৪৩৪ রানের পাহাড় গড়েও হেরে গিয়েছিল হার্শেল গিবসের অনবদ্য সেঞ্চুরিতে।

আজ আবার জোহানেসবার্গ। এবার টি-টোয়েন্টি। আগে ব্যাটিং করে ২০৪ রানের পাহাড় গড়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু এবার পাহাড় টপকে জয়টা ছিনিয়ে নিয়ে গেল অস্ট্রেলিয়া। টানটান উত্তেজনার ম্যাচে প্রোটিয়াদের ৫ উইকেটে হারিয়ে দিল। সিরিজেও এখন ১-১ সমতা।
অস্ট্রেলিয়ারও হয়ে আজ ‘হার্শেল গিবস’ হয়ে গেলেন দুজন—ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে সবচেয়ে ভয়ংকর মানা হয় এ দুজনকেই। আজ দুজনই একসঙ্গে জ্বলে উঠলেন। তাতে একটু অন্যরকমভাবে দশ বছর আগে এই জোহানেসবার্গে সেই ওয়ানডের একটা জবাব হয়তো দেওয়া হয়ে গেল।
আশ্চর্যজনকভাবে ওপেনিং ছেড়ে আজ চারে নামলেন ওয়ার্নার। কিন্তু ব্যাটিংয়ে তার কোনো ছাপ রাখলে তো! ৪০ বলে প্রায় দুই শ স্ট্রাইক রেটে করলেন ৭৭ রান! ছয়টি চার, ছক্কা একটি কম। ম্যাক্সওয়েলও বা কম কী! ৪৩ বলে তিনি করলেন ৭৫! ‘জি-ম্যাক্সে’র ইনিংসটি সাজানো সাত চার ও তিন ছয়ে। টি-টোয়েন্টির ইতিহাসে এ নিয়ে দ্বিতীয়বার একই দলের দুই ব্যাটসম্যান ৭৫-এর ওপরে রান করলেন। দুজনই অবশ্য আউট হয়ে গিয়েছিলেন মাত্র তিন বল, আর দুই রানের ব্যবধানে। এ কারণে শেষ মুহূর্তে বেশ উত্তেজনা ছড়িয়েছিল ম্যাচে। পেন্ডুলামের মতো দুলছিল জয়-পরাজয়। তবে শেষ বলে দুই রান নিয়ে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করে দিয়েছেন মিচেল মার্শ।
এর আগে এমন চার-ছয় বৃষ্টিতে ভেসে ২০৪ রানের বিশাল স্কোর গড়েছে দক্ষিণ আফ্রিকা। পুরো ইনিংসে ১৭টি চার, ১১টি ছক্কা! দক্ষিণ আফ্রিকা শুধু ৭০টি রানই নিয়েছে দৌড়াদৌড়ি করে। চার-ছয়ের মিছিলে সবচেয়ে জোরালো স্লোগানটা অধিনায়ক ফাফ ডু প্লেসির। ৪১ বলে ৭৯ করেছেন তিনি, যাতে চার ও ছয় সমান ৫টি করে। বড় অবদান ওপেনার কুইন্টন ডি কক ও মিডল অর্ডার ব্যাটসম্যান ডেভিড মিলারেরও। ডি কক ৪৪ রান করেছেন ২৮ বলে, আর ‘কিলার মিলার’ আরেকবার খুন করেছেন অস্ট্রেলিয়ান বোলারদের। ২ ছয়, ২ চারে ১৮ বলে করেছেন ৩৩ রান! তবে সমর্থকদের একটাই হতাশা থাকতে পারে, গত ম্যাচে শূন্য রানে আউট হওয়া এবি ডি ভিলিয়ার্স আজও আউট হয়ে গেছেন মাত্র ৯ বলে ১৩ রান করে।
ঝড়টা পুরো ইনিংসজুড়েই চলেছে। তবে গতিটা সবচেয়ে বেশি ছিল শেষ ওভারেই। শেষ ছয় বলে এসেছে ২৬ রান। প্রথম চার বলেই দুই চার, দুই ছয় মেরেছিলেন ফাফ ডু প্লেসি। পঞ্চম বলে তিনি আউট হয়ে গেলেও পরের বলেই আবার ছক্কা মেরেছেন ওয়েইস।