সেই জয়ের বিশ বছর পূর্তি উদ্যাপন

ট্রফিটা রাখা ছিল মঞ্চের ঠিক মাঝখানে। আইসিসি ট্রফি। বিশ বছর আগে কুয়ালালামপুরে যে ট্রফি জিতে বাংলাদেশের ক্রিকেটে নতুন যুগের সূচনা। সেই ঐতিহাসিক জয়ের বিশ বছর পূর্তিটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডই উদ্যাপন করতে পারত। ক্রিকেট বোর্ড তা না করলেও দিনটি ঠিকই উদ্যাপিত হলো বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএসএ) উদ্যোগে। কাল বিকেলে ডেইলি স্টার মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠান সবাইকে যেন ফিরিয়ে নিয়ে গেল ওই সোনালি সময়টায়।
আইসিসি ট্রফিজয়ী খেলোয়াড়দের মধ্যে অবশ্য উপস্থিত ছিলেন শুধু দুজন—সানোয়ার হোসেন ও জাভেদ ওমর। তবে ছিলেন ওই দলের ম্যানেজার গাজী আশরাফ হোসেন, সে সময়কার বোর্ড কর্মকর্তা রাইসউদ্দিন আহমেদ ও সৈয়দ আশরাফুল হক, আইসিসি ট্রফির প্রস্তুতির সময় কোচ গর্ডন গ্রিনিজের সহকারী ওসমান খান। সবার স্মৃতিচারণায় জীবন্ত হয়ে উঠল ওই সময়টা। বিসিএসএর তরুণ অনেক সদস্যের তখন জন্মও হয়নি, কারও বা তখন শৈশব। তাঁরা সাগ্রহে শুনলেন বাংলাদেশের ক্রিকেটের ভিত্তি গড়ে দেওয়া ওই জয়ের গল্প।
বিসিএসএ আমন্ত্রণ জানিয়েছিল ওই আইসিসি ট্রফি কাভার করা সাংবাদিক শহিদুল আজম, আরিফুর রহমান বাবু ও উৎপল শুভ্র এবং দুই ধারাভাষ্যকার জাফরউল্লাহ শরাফত ও শামীম আশরাফ চৌধুরীকেও। তাঁরাও শোনালেন ভিন্ন ওই অভিজ্ঞতার কথা। ভিন্ন, কারণ ওই টুর্নামেন্ট ঘিরে সবার মধ্যে এমনই আবেগ ছিল যে, পেশাদারত্বের খোলস গা থেকে ঝেড়ে ফেলে সাংবাদিক-ধারাভাষ্যকারেরাও পরিণত হয়েছিলেন সমর্থকে। একসময় অনুষ্ঠান শেষ হলো। তখনো যেন সবাই ঘোরে। বিশ বছর আগে অবিস্মরণীয় এক দিনের স্মৃতিগন্ধা ঘোর।