৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার ‘ছোটখাটো’ জেমস টেলরের ২০১২ সালে যখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হলো, তাঁর সতীর্থ কেভিন পিটারসেন নাকি খুব আপত্তি করেছিলেন। একাধিকবার পিটারসেন তখনকার ইংল্যান্ড কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে বলেছিলেন, এত খাটো একজনকে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের বিপক্ষে খেলানো ঠিক হবে না।
টেলরও পারেননি পিটারসেনকে ভুল প্রমাণ করতে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই সিরিজে দুটি টেস্ট খেলে রান করেছিলেন ৪৮। ফল, ওই সিরিজের পরই ইংল্যান্ডের টেস্ট দল থেকে বাদ।
প্রায় তিন বছর পর সেই টেলরই আবার ইংল্যান্ডের টেস্ট দলে! শুধু ফিরলেনই না, শারজায় পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইয়ে প্রথম ইনিংসে বড় লিডের জন্য এখন এই ‘ছোটখাটো’ ব্যাটসম্যানের দিকেই তাকিয়ে ইংল্যান্ড।
এদিকে কাউন্টিতে তাঁর দারুণ ফর্ম, অন্যদিকে সিরিজের আগের দুটি ম্যাচে জস বাটলারের রানখরা শেষ টেস্টে সুযোগ এনে দিল টেলরকে। কী দারুণভাবেই না সেই সুযোগটা কাজে লাগালেন নটিংহ্যাম্পশায়ারের এই ব্যাটসম্যান। ব্যাট হাতে যখন নামেন, ৯৭ রানে ৩ উইকেট হারিয়ে ইংল্যান্ড চাপে। সেই চাপ সামলেই ইয়ান বেলের সঙ্গে চতুর্থ উইকেটে গড়লেন ৪২ রানের জুটি। দলের ১৩৯ রানে যখন বেল ফিরলেন, টেলরের নামের পাশে ৩০ রান। সেখান থেকেই বেয়ারস্টোকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে গড়েছেন আরও ৮৩ রানের জুটি, দিন শেষেও অবিচ্ছিন্ন তাঁরা দুজন। এরই মধ্যে টেলর পেয়ে গেছেন তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরিও। প্রথম ইনিংসে পাকিস্তানের চেয়ে তাই মাত্রই ১২ রান দূরে ইংল্যান্ড, হাতে ৬ উইকেট।
দিনের শেষটা টেলরের হলেও সকালটা কিন্তু কুকেরই ছিল। দলের ১৯ রানে সঙ্গী মঈন আলীকে হারালেও দ্বিতীয় উইকেটে বেলকে নিয়ে ৭১ রানের জুটি গড়েন ইংলিশ অধিনায়ক। আউট হয়ে গেছেন অবশ্য হাফ সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে। সব মিলিয়ে এ বছর এরই মধ্যে ১২৯৬ রান হয়ে গেছে কুকের। ইংলিশ অধিনায়কদের মধ্যে এক বছরে তাঁর চেয়ে বেশি রান করতে পারেননি আর কেউ। ক্রিকইনফো।