সেই ডাকাবুকো তরুণ সেই মায়াবী কিশোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহেন্দ্র সিং ধোনি ও মাশরাফি বিন মুর্তজা l ফাইল ছবি
মহেন্দ্র সিং ধোনি ও মাশরাফি বিন মুর্তজা l ফাইল ছবি

কাঁধ বেয়ে নেমে আসা চুল। দেখলে ক্রিকেটার কম, পাড়াতো সুন্দরীদের স্বঘোষিত অভিভাবকই লাগে বেশি; বেপাড়ার রোমিওদের ঠ্যাঙানোই যাঁর কাজ। রাঁচির বিদ্যামন্দির স্কুলের গোলকিপারটির ক্রিকেটে জড়িয়ে পড়া অবশ্য ছিল আকস্মিক। যে কিপিং জানে, তার জন্য ক্রিকেটই কী, ফুটবলই বা কী—এই ভেবেই হয়তো ফুটবল কোচ সেই ডাকাবুকো ছেলেটাকে পাঠিয়ে দিয়েছিলেন ক্রিকেট খেলতে।
এক বিদ্যামন্দির স্কুল ক্রিকেট ইতিহাস আলোকিত করা এক বিরল ব্যাটসম্যান উপহার দিয়েছে। মুম্বাইয়ের সেই কেতাদুরস্ত স্কুল থেকে অনেক দূরের রাঁচির ধুলোমলিন আরেক বিদ্যামন্দির থেকে উঠে আসা, ফুটবল থেকে ঘটনাচক্রে ক্রিকেটে জড়িয়ে পড়া সেই ছেলেটাও যে একদিন ভারতীয় ক্রিকেটের মানচিত্র বদলে দেবে, কেউ তা তখনো ভাবেনি।
রাঁচি থেকে মুম্বাই হয়ে বিশ্ব ক্রিকেটে...মহেন্দ্র সিং ধোনির উত্থান আকস্মিক বললেও কম বলা হয়। ২০০৩ সালেও পশ্চিমবঙ্গের খড়্গপুর রেলস্টেশনে যাঁকে টিকিট চেকারের কাজ করতে দেখা গেছে, পরের বছরই তাঁর গায়ে ভারতের নীল জার্সি। এবং সেখান থেকে মাত্র তিন বছরের মাথায় ভারতীয় ক্রিকেটের সিংহাসনেই! যে তপ্ত তখ্ত মোগল সাম্রাজ্যের মতোই প্রতি মুহূর্তের ঘুঁটির চালে ওলটপালট হয়, সেখানেই শাহেনশাহ এমএস প্রায় ১০ বছর ধরে অধিনায়ক। ভাবা যায়!
ধোনির কি মনে আছে, ২০০৪ সালে এই বাংলাদেশেই অভিষেক হয়েছিল তাঁর? হেলমেটের আড়াল থেকে কাঁধ বেয়ে নেমে আসা চুলের উইকেটকিপার-ব্যাটসম্যান নাম অবশ্য শোনা গিয়েছিল এর কদিন আগেই। পাড়া দাপিয়ে বেড়ানো মস্তানি হাবভাব নাকি তাঁর ব্যাটেও। বীরেন্দর শেবাগের চেয়েও নাকি বেশি ঝড় তুলতে জানেন ঝাড়খন্ডের তরুণ! কী আশ্চর্য, ধোনি অভিষেকেই পেলেন ‘গোল্ডেন ডাক’!
তখনো অবশ্য জানা যায়নি ‘বাংলাদেশ’ ধোনির জীবনে সোনালি স্পর্শ নিয়ে আসায় ভূমিকা রাখবে। ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে ভারত প্রথম রাউন্ডেই বাক্সপেটরা গোছাল। ক্যারিবীয় ঝড়টা অলক্ষ্যে ঘটে গেল ভারতীয় ক্রিকেটে। তারই ফলে ভারতের নেতৃত্বে ধোনি! আসল বিশ্বকাপের দুঃখ ঘোচালেন টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। পরের বছর আইপিএল নামের এক আশ্চর্য সোনার ডিম পাড়া হাঁসের আবির্ভাব। ধোনি, আইপিএল আর টি-টোয়েন্টি যেন পরস্পর গলাগলি করে এগিয়ে চলল দোর্দণ্ড প্রতাপে। ভারতীয় অধিনায়কদের প্রায় সব রেকর্ডই নিজের নামের পাশে লিখিয়ে ধোনি ২৮ বছর পর এনে দিলেন আসল বিশ্বকাপও।
সেই ধোনির রাজত্বে সবচেয়ে বড় ধাক্কা লাগাল এই বাংলাদেশই। গত বছর জুনে নিজের ‘ক্যাপ্টেন কুল’ নামকে প্রশ্নবিদ্ধ করা ধোনি তখনো বোঝেননি, আসল ধাক্কাটি মুস্তাফিজ নামের অচেনা-অখ্যাত এক পলকা কিশোরই দিয়েছেন। যাঁর ‘ডমিনো ইফেক্টে’ ধোনির সর্বশেষ সংবাদ সম্মেলনেও প্রশ্ন উঠল—কবে যাচ্ছেন! ধোনি বললেন, ‘বাংলাদেশের হাত থেকে শিগগিরই নিজেকে মুক্তি দিতে চাচ্ছি না।’ রসিকতা করেই বলা। তবে এটা ঠিক, আজ এক দিক দিয়ে ধোনির বাংলাদেশ-অধ্যায়ের ইতি। এখানে খুব সম্ভবত আর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে দেখা যাবে না। ধোনি কি মনে রাখবেন তাঁর আঁতুড়ঘরটিকে!
২০০৪ সালে ধোনির সেই অভিষেক সিরিজে মাশরাফি ‘সুনামি’র প্রথম অভিজ্ঞতা হয়েছিল ভারতের। ব্যাটে-বলে ভারতকে হারিয়ে দিয়েছিল ২১ বছর বয়সী এক তরুণ; যাকে কিশোরই বলা বরং ভালো। দুষ্টুমিষ্টি কী অদ্ভুত এক মায়াবী চাহনি। মাশরাফি বিন মুর্তজাও তখনো জানতে পারেননি, ভারতের সঙ্গেও নানাভাবে জড়িয়ে যাবে তাঁর ক্রিকেট ক্যারিয়ার। ২০০৭-এর সেই পোর্ট অব স্পেনের ‘ধরে দিবানি’, একই বছর মে মাসে চট্টগ্রাম টেস্ট...ফাস্ট ফরোয়ার্ডে মেলবোর্ন থেকে মিরপুর!
ধোনির সেই অভিষেক সিরিজের প্রথম ম্যাচটি মাশরাফি খেলেননি। ইনজুরিই ছিল বোধ হয়। সেই ম্যাচে ধোনি রানআউট হয়েছিলেন। পরের ম্যাচে মাশরাফি খেললেন। ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানের পর বাংলাদেশের প্রথম স্মরণীয় জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল ধোনির আউটে। আন্তর্জাতিক ক্রিকেটে ধোনিকে আউট করা প্রথম বোলারের নাম মাশরাফিই। তৃতীয় ম্যাচে আবারও ঝড় তোলা মাশরাফিকে থামিয়েছিল ধোনির দুর্দান্ত স্টাম্পিং।
এক যুগ আগের লড়াই এখনো চলছে। সেই ডাকাবুকো তরুণ অবশ্য লম্বা চুল ছেঁটে ফেলেছেন কবেই। তবে ‘কৌশিক’ নামের সেই মায়াবী কিশোরটি সযতনে এখনো মনের মধ্যে লালন করছেন মাশরাফি। যে কৌশিকের বয়স আসলে বাড়ে না!