সেই তামিমই ভরসা
>

৬ উইকেটে ৭১৫ রানের এভারেস্ট গড়ে ইনিংস ঘোষণা করেছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন অপরাজিত ২০০ রানে। দ্বিতীয় ইনিংসে প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ২ উইকেটে ১০৯
কেন উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরি। ৬ উইকেটে ৭১৫ রান—টেস্টে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রান করেই ইনিংস ঘোষণা করেছে নিউজিল্যান্ড। হ্যামিল্টন টেস্ট কোন দিকে যাচ্ছে, বলার দরকার আছে? ‘টেস্টের ফল যেটাই হোক, ইতিবাচক খেলি’, এ ভাবনায় হয়তো দ্বিতীয় ইনিংস শুরু করেছে বাংলাদেশ। শুরুটা দুর্দান্ত হয়েছে, সেটি বলা যাচ্ছে না। তবে প্রথম ইনিংসের তুলনায় তো ভালো হয়েছেই। তামিম-সাদমানের ওপেনিং জুটি এনে দিয়েছে ৮৮ রান।
প্রথম ইনিংসে সেঞ্চুরি করা তামিমের ব্যাট এই ইনিংসেও কথা বলছে। পেয়ে গেছেন ২৬তম ফিফটি। অপরাজিত আছেন ৬৩ রানে। তরুণ ওপেনার সাদমান ইসলামের সঙ্গে তামিমের ওপেনিং জুটি বেশ জমেও উঠেছিল। কিন্তু নিল ওয়াগনারের শর্ট বল পুল করতে গিয়ে ট্রেন্ট বোল্টের হাতে ক্যাচ হয়ে বেশি দূর এগোতে পারলেন না সাদমান। আউট হয়েছেন ৩৭ রানে। ওপেনিং জুটি ভেঙেছে ৮৮ রানে। নতুন ব্যাটসম্যান মুমিনুল হকের কাঁধে যখন দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব, বোল্টের বলে তিনি আউট হলেন বড় দৃষ্টিকটুভাবে। ৮ রানের বেশি যোগ করতে পারেননি এ বাঁহাতি ব্যাটসম্যান। ২ উইকেটে বাংলাদেশের স্কোর ১০৯।
বাংলাদেশ এখনো পিছিয়ে ৩৭২ রানে। ইনিংস ব্যবধানে হার এড়াতেও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে তাদের। এই পথ কতটা অতিক্রম করতে পারবে বাংলাদেশ, ভরসা হয়ে তামিম উইকেটে থাকার পরও সেটা বলা যে কঠিন!