সেই তিন জয়


১০ জুলাই ২০১০
কাউন্টি গ্রাউন্ড, ব্রিস্টল
ফিল্ডিংয়ে চোট পাওয়া ইয়ান বেল ব্যাট করতে পারবেন না বলেই মনে হয়েছিল। জোনাথন ট্রটকে একা রেখে ইংল্যান্ডের নবম উইকেট হিসেবে জেমস অ্যান্ডারসন যখন আউট হয়েছেন, বাংলাদেশের খেলোয়াড়েরা উদ্যাপন শুরু করে দিলেন। এরই মধ্যে সবাইকে চমকে দিয়ে ইংলিশ দর্শকদের করতালির মধ্যে ব্যাট হাতে নামলেন বেল! সঙ্গী রানার এউইন মরগান। ম্যাচটা কি তবে জেতা হবে না বাংলাদেশের? শেষ ওভারে ১০ রান দরকার ইংল্যান্ডের, বোলার শফিউল, ব্যাটসম্যান ৯০ রানে অপরাজিত ট্রট। প্রথম দুই বলে ৪ রান। তৃতীয় বলটা ট্রটের ব্যাটের বাইরের কানায় লেগে উইকেটকিপার জহুরুল ইসলামের গ্লাভসে। এবার সত্যিকারের উদ্যাপন বাংলাদেশের। ব্যাট হাতে ১১১ বলে ৭৬ করে বাংলাদেশকে লড়ার মতো রান এনে দিয়েছিলেন ইমরুল কায়েস। কিন্তু স্নায়ুচাপের মুহূর্তে দুর্দান্ত অধিনায়কত্ব আর বোলিংয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা অধিনায়ক মাশরাফি। ইংল্যান্ডের বিপক্ষে ওটাই বাংলাদেশের প্রথম জয়, যেটি দিয়ে টেস্ট খেলুড়ে সব কটি দেশের বিপক্ষে জয়ের বৃত্তপূরণ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২৩৬/৭ (ইমরুল ৭৬, জহুরুল ৪০; শেহজাদ ৩/৪১)।
ইংল্যান্ড: ৪৯.৩ ওভারে ২৩১ (ট্রট ৯৪, স্ট্রাউস ৩৩; শফিউল ২/৩৮, সাকিব ২/৪০, মাশরাফি ২/৪২, রাজ্জাক ২/৪৩, রুবেল ২/৫২)।
ম্যান অব দ্য ম্যাচ: মাশরাফি বিন মুর্তজা।

১১ মার্চ ২০১১
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
ইংল্যান্ডের ২২৫ তাড়া করতে নেমে ১৬৯ রানে ৮ উইকেট নেই বাংলাদেশের। ম্যাচের বাকি ৬২ বল, করতে হবে আরও ৫৭। বড় দলের বিপক্ষে এই পরিস্থিতিতে আগে কোনো দিন জেতেনি বাংলাদেশ। বিশ্বকাপের ওই ম্যাচে জিতবে, এটা মনে হয় প্রবল আশাবাদী কেউও ভাবেননি। নইলে কি আর মাহমুদউল্লাহকে সঙ্গ দেওয়ার জন্য শফিউল নামার আগেই গ্যালারি ফাঁকা হতে থাকে! যাঁরা রয়ে গেলেন তাঁরা সাক্ষী হলেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় জয়গুলোর একটার। ৪২তম ওভারের চতুর্থ বলে গ্রায়েম সোয়ানকে একটা চার মারলেন শফিউল, শেষ বলে ছক্কা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নিষ্প্রাণ গ্যালারি হঠাৎ সরগরম! কে জানে সেদিন শফিউল কোনো জাদুমন্ত্র পড়ে নেমেছিলেন কি না। সেই যে ছন্দ পেয়ে গেলেন, আর আউটই হলেন না! ঠিক ছয় বল বাকি থাকতে জিতল বাংলাদেশ, উইনিং শটটা এল মাহমুদউল্লাহর ব্যাট থেকে। ততক্ষণে নবম উইকেটে দুজনের ৫৬ বলে ৫৮ রানের জুটি হয়ে গেছে। মাহমুদউল্লাহ অপরাজিত ২১ রানে, ২৪ রানে শফিউল।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ৪৯.৪ ওভারে ২২৫ (ট্রট ৬৭, মরগান ৬৩; নাঈম ২/২৯, রাজ্জাক ২/৩২, সাকিব ২/৪৯)।
বাংলাদেশ: ৪৯ ওভারে ২২৭/৮ (ইমরুল ৬০, তামিম ৩৮, সাকিব ৩২; শেহজাদ ৩/৪৩, সোয়ান ২/৪২)।
ম্যান অব দ্য ম্যাচ: ইমরুল কায়েস।

৯ মার্চ ২০১৫
অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড
এক হিসাবে বাংলাদেশের কাছে কৃতজ্ঞ থাকার কথা ইংল্যান্ডের। অ্যাডিলেডে বিশ্বকাপের ওই ম্যাচে বাংলাদেশের কাছে হারের পরই তো সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের বদলে যাওয়ার শুরু। মাহমুদউল্লাহর ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, যেটি বিশ্বকাপেও কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের প্রথম, ২৭৫ রানের চ্যালেঞ্জিং স্কোর এনে দিয়েছিল বাংলাদেশকে। তাড়া করতে নামা ইংল্যান্ড একসময় ৪৫.৪ ওভারে ৬ উইকেটে ২৩৮। ২৬ বলে ৩৮ রান দরকার, জস বাটলার তখনো ক্রিজে। তাসকিনের ওভারের পরের বলেই মুশফিকের হাতে ক্যাচ দিয়ে বাটলার আউট হওয়ার পর ক্রিস জর্ডান এসেই ভুল–বোঝাবুঝিতে রানআউট। তারপরও ইংল্যান্ডকে আশা দেখাচ্ছিলেন ক্রিস ওকস আর স্টুয়ার্ট ব্রড। সেই আশার প্রদীপ নিভিয়ে দিলেন রুবেল হোসেন। ১২ বলে ১৬ রান দরকার ছিল তখন ইংল্যান্ডের। রুবেলের করা ৪৯তম ওভারের প্রথম বলটা ওকসের অফ ও মিডল স্টাম্পের ওপর থেকে বেল উড়িয়ে নিয়ে গেল, তৃতীয় বলে ছড়িয়ে গেল জেমস অ্যান্ডারসনের লেগ আর মিডল স্টাম্প। ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে ছিটকে দিল বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২৭৫/৭ (মাহমুদউল্লাহ ১০৩, মুশফিক ৮৯, সৌম্য ৪০; অ্যান্ডারসন ২/৪৫, জর্ডান ২/৫৯)।
ইংল্যান্ড: ৪৮.৩ ওভারে ২৬০ (বাটলার ৬৫, বেল ৬৩, ওকস ৪২*; রুবেল ৪/৫৩, মাশরাফি ২/৪৮, তাসকিন ২/৫৯)।
ফল: বাংলাদেশ ১৫ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মাহমুদউল্লাহ।
গ্রন্থনা: কামরুল হাসান