সেই দলের ৬ জন নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরও প্রায় একই সময় বাংলাদেশ সফর করে গেছে জিম্বাবুয়ে। তিনটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে খেলে হেরে গেছে সবগুলোতেই। ওই সিরিজে জিম্বাবুয়ের ওয়ানডে দলের ৬ জনই এবার নেই। সেবার অবশ্য ছিল ১৪ জনের দল, এবার ১৬ জনের। তিন ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টির সিরিজের জন্য একটাই দল দিয়েছে জিম্বাবুয়ে। যে দলে ফিরেছেন লেগ স্পিনার গ্রায়েম ক্রেমার ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান রেজিস চাকাভা।
হারারেতে সম্প্রতি জিম্বাবুয়ে ‘এ’ দলের হয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে চার দিনের ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি করার পুরস্কার পেয়েছেন চাকাভা। ক্রেমার আফগানিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে খেলতে পারেননি চোটের কারণে। তবে পাকিস্তানের বিপক্ষে চার ম্যাচ খেলে ৪ উইকেট পেয়েছেন। দলে জায়গা হয়নি আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সর্বশেষ সিরিজে দলে থাকা ব্রায়ান চারি, কেভিন কাসুজা, টিনোটেন্ডা মুতুমবোজি ও ক্রিস্টোফার পোফুর।
পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের ২-১ ম্যাচে হারাটা প্রত্যাশিতই ছিল, তবে আফগানিস্তানের বিপক্ষে ৩-২ ব্যবধানে পরাজয়টা একটু ঝড়ই তুলেছে সে দেশের ক্রিকেটে। সেই ধাক্কা বাংলাদেশ সফরে কাটিয়ে ওঠার প্রত্যাশা জিম্বাবুয়ের নির্বাচক কমিটির আহ্বায়ক কেনিয়ন জিয়েলের, ‘আমরা এমন একটা দল গঠন করেছি যারা আফগানিস্তান সিরিজের হতাশা তাড়াতাড়ি ভুলিয়ে দিতে পারবে, বাংলাদেশ সফরে দেখিয়ে দিতে পারবে যে আমরা একটা লড়াকু দল।’ ক্রিকইনফো।
২ নভেম্বর বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টির সিরিজ শুরু হবে ৭ নভেম্বর প্রথম ওয়ানডে দিয়ে।
জিম্বাবুয়ে দল: এলটন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেজিস চাকাভা, চামু চিবাবা, টেন্ডাই চিসোরো, গ্রায়েম ক্রেমার, ক্রেগ আরভিন, লুক জঙ্গুয়ে, নেভিল মাদিভা, ওয়েলিংটন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি, টরাই মুজারাবানি, জন নিয়ুম্বু, তিনাশে পানিয়াঙ্গারা, ম্যালকম ওয়ালার, শন উইলিয়ামস।