সেই দিন, সেই চেয়ার

বিরাট কোহলির অভিষেক ২০০৮ সালের ১৮ আগস্ট। ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পদচারণ শুরু করেছিলেন। তাঁর জন্য আনন্দদায়ক ব্যাপার ঘটেছে, অভিষেকের নবম বার্ষিকীতে তিনি আছেন সেই ডাম্বুলাতেই।
আজ এই ভেন্যুতেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে ভারত। টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন কোহলি। ৯ ওভার শেষে বিনা উইকেটে ৫১ রান তুলেছে শ্রীলঙ্কা।
এর আগে ভারত অধিনায়ক নিজের অভিষেকের বর্ষপূর্তি উদ্যাপন করলেন স্মৃতিকাতরতায় আক্রান্ত হয়ে। অভিষেকের দিন ডাম্বুলার রণগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামের ড্রেসিংরুমে যে চেয়ারটিতে বসেছিলেন, সেই চেয়ারে বসেই ছবি তুলে তা পোস্ট করেছেন টুইটারে।
সবাইকে নিজের অভিষেকের মুহূর্তটি স্মরণ করিয়ে দিয়ে কোহলি লিখেছেন, ‘সবকিছুই শুরু হয়েছিল এই চেয়ারটি ঘিরেই। এই মাঠে, এই দিনেই। আজ থেকে ৯ বছর আগে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে। বিসিসিআইয়ের প্রতি কৃতজ্ঞতা।’
অভিষেক ম্যাচে ২২ বল খেলে মাত্র ১২ রান করে আউট হয়েছিলেন। উইকেটে ছিলেন ৩৩ মিনিট। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের হয়ে সাফল্য পাওয়ার পর কোহলির জন্য সেটি ছিল বিরাট এক পরীক্ষা। অভিষেকের নয় দিন পরই এই শ্রীলঙ্কার বিপক্ষেই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ক্যারিয়ারের প্রথম ফিফটিটি করেছিলেন।
শ্রীলঙ্কা তাঁর ক্যারিয়ারে অন্য রকম একটা জায়গা নিয়েই থাকবে। সেখানে তাঁর টেস্ট অধিনায়ক হিসেবে পূর্ণ যাত্রাও শুরু হয়েছিল। ২০১৫ সালে ভারতের টেস্ট অধিনায়কত্ব পাওয়ার পর লঙ্কানদের মাটিতে দেশকে ২২ বছর পর টেস্ট সিরিজ জয়ের স্বাদ দিয়েছিলেন। এবারের সফরে নেতৃত্ব দিয়েছেন শ্রীলঙ্কাকে ধবলধোলাই করার অভিযানে। সেটিও এক নতুন কীর্তি। সূত্র: টুইটার।