সেই দুই রানের দুঃখ ঘোচাবে বাংলাদেশ?

নতুন দিন। নতুন বছর। নতুন আশা। নতুন স্বপ্ন। নতুন বছরের ‘স্বপ্ন’ নিয়ে বিশেষ ধারাবাহিক ফিচারের ষষ্ঠ ও শেষ পর্ব প্রথম আলোর পাঠকদের জন্য। এই পর্বে থাকছে এ বছর ক্রিকেট রাজ্যের যত স্বপ্নের গল্প....
ঘটনাবহুল একটি বছর পার করল ক্রিকেট। বিশ্বকাপ, রেকর্ডের ভাঙা গড়ার পাল্টাপাল্টি দৌড় ও একের এক এক ক্রিকেটারের অবসর মিলিয়ে পুরো বছরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ক্রিকেট। সে তুলনায় ২০১৬ কেমন যায় এ নিয়ে সন্দেহ থাকতেই পারত। জমজমাট উৎসবের পর যে আসে পাশে নীরবতা নেমে আসাটাই স্বাভাবিক। কিন্তু তা আর হচ্ছে কই? বছরের শুরু থেকেই আবারও জমে উঠছে ক্রিকেট ময়দান। তো নতুন বছরে কী দেখতে যাচ্ছে ক্রিকেট? নতুন কী ঘটতে পারে যা চমকে দেবে সবাইকে? কিছু সম্ভাবনার কথা থাকল। মিলিয়ে দেখতে পারেন বছর শেষে—
বছরের শুরুটা হচ্ছে একগাদা টেস্ট ম্যাচ দিয়ে। দক্ষিণ আফ্রিকা থেকে নিউজিল্যান্ড বিস্তৃত এই সব টেস্ট ম্যাচ দিয়েই বছরের চমকটা আসতে পারে। ফেব্রুয়ারিতেই টেস্টের সেরা দল নির্ধারিত হবে। পুরো এক বছর নিরাপদ দূরত্বে শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকা হঠাৎ করেই নিজেদের হারিয়ে ফেলেছে। ফলে সুযোগ এসেছে অস্ট্রেলিয়ার সামনে। ইংল্যান্ডের বিপক্ষে যদি সিরিজটা হেরেই বসে প্রোটিয়া দল তবে অস্ট্রেলিয়ার পথটা সুগম হয়ে উঠবে। নিজেদের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে শেষ টেস্টে হারাতে হবে, পর নিউজিল্যান্ডকেও করতে হবে ধবল ধোলাই। ব্যস, বছরের প্রথম শিরোপা ‘টেস্ট শ্রেষ্ঠত্বের গদা’টি নিজের হাতে তুলে নেবেন স্টিভ স্মিথ।
সেরা দল অস্ট্রেলিয়া হলেও এ বছর কিন্তু সেরা ব্যাটসম্যান হওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন ইংলিশ জো রুট। বছর শেষের টেস্টে স্টিভ স্মিথের কাছে খানিকটা পিছিয়ে পড়ায় ২০১৫-র সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারেননি এই ব্যাটসম্যান। কিন্তু এ বছরই তা উশুল করে নিতে পারবেন। এ বছর সবচেয়ে বেশি টেস্ট খেলবে ইংল্যান্ড দল আর গত কিছুদিন ধরে যে ফর্মে আছে রুট তাতে তাঁর বিপক্ষে বাজি ধরার খুব কম লোকই আছে।
সেরা দল ও ব্যাটসম্যানের দৌড়ে একটু পিছিয়ে পরলেও বোলারের ক্ষেত্রে কিন্তু জয় হবে ভারতের। গত বছর প্রথমবারের মতো কোনো ভারতীয় হিসেবে সেরা টেস্ট বোলার হওয়ার যে রেকর্ড গড়েছেন রবিচন্দ্রন অশ্বিন সেটি ধরে রাখবেন এ বছরও। এ বছর কমপক্ষে ১৪টি টেস্ট খেলবে ভারত। অধিকাংশই দেশের মাটিতে। অন্যগুলোও জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এ বছরটাও তাই অশ্বিনের নিজের করে নেওয়ার কথা।
এ বছর ওয়ানডেতে খুব গুরুত্বপূর্ণ কোনো টুর্নামেন্ট নেই। আর ওয়ানডে র্যাঙ্কিংয়েও অস্ট্রেলিয়া অন্যদের ধরাছোঁয়ার বেশ বাইরে। দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে টানা কয়েকটি সিরিজে ধবল ধোলাই করার ঘটনা না ঘটলে তাই ওয়ানডের সেরার দলের মুকুট অস্ট্রেলিয়ারই থাকছে। টেস্ট আর ওয়ানডে—দুই র্যাঙ্কিংয়েই আবারও অস্ট্রেলিয়ার যুগ শুরু হচ্ছে তাহলে ২০১৬ সালেই!
সেরা ব্যাটসম্যানদের সম্ভাব্য তালিকাতেও অস্ট্রেলিয়ার পাল্লাটাই ভারী। স্মিথের ফর্ম এবং পরবর্তী সিরিজগুলোর দিকে তাকিয়ে অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞের ভোট যাচ্ছে তাঁর পাত্রেই। কারণ, এ বছর অস্ট্রেলিয়ার সিরিজগুলো সব হচ্ছে পেস বান্ধব পিচগুলোতে। এসব পিচের সুবিধা নিতে অস্ট্রেলিয়ান অধিনায়ক কতটা ঝানু, সেটি তো গত দুই বছর ধরেই দেখাচ্ছেন।
সেরা বোলার কে হবেন, তা নিয়ে একটু দ্বিধা থেকেই যাচ্ছে। চোটে পড়ে বছরের শুরুর অধিকাংশটাই হারাচ্ছেন মিচেল স্টার্ক। না হলে এ বছরের সেরা ওয়ানডে বোলার হতেন স্টার্কই। স্টার্কের অনুপস্থিতির সুযোগ নিতে পারেন ট্রেন্ট বোল্ট কিংবা, ওয়াহাব রিয়াজ। দুজনই পেস বান্ধব উইকেটের সুবিধা পাবেন পুরোটা বছর। ওয়াহাব পাচ্ছেন বাড়তি ওয়ানডে খেলার সুবিধা। ম্যাচের সংখ্যা কম হওয়াতেই বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের জন্য সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় আসাটা কষ্টকর হবে। এ বছরটা হয়ে থাকছে মোহাম্মদ আমিরের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার বছরও।
২০১৬ বছরটি হবে টি-টোয়েন্টিময়। বছরের শুরুতেই এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। দুটি টুর্নামেন্টেরই বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। কিন্তু এশিয়া কাপ এই প্রথমবারের মতোই টি-টোয়েন্টি ফরম্যাটে হতে যাচ্ছে। সে হিসেবে এবারই প্রথম টি-টোয়েন্টি এশিয়া কাপ শিরোপা জেতার সুযোগটা পাচ্ছে সবাই। বাংলাদেশের মাটিতে হওয়া এই টুর্নামেন্টে সুযোগ থাকছে সব দলের। গত বছরেই স্বাগতিক দল হিসেবে টানা চারটি সিরিজ জেতা বাংলাদেশের কোনো বড় টুর্নামেন্ট জেতার এটাই সবচেয়ে ভালো সুযোগ। কিন্তু খেলাটি টি-টোয়েন্টি বলেই বাংলাদেশ পিছিয়ে পড়ছে।
এশিয়ার বাকি দলগুলোর ফর্মহীনতার সুযোগ নিয়ে এবার ভারতের এবার এশিয়া কাপ জেতার সম্ভাবনা বেশি। তবে বিপিএলের ছন্দ ধরে রেখে ২০১২ এশিয়া কাপে যে চমক দেখিয়েছিল বাংলাদেশ, সেটির পুনরাবৃত্তি করতে পারলে এবারই হয়তো প্রথম বড় কোনো ট্রফি উঠবে বাংলাদেশের শো কেসে। কে জানে, হয়তো সেই দুই রানের দুঃখ এবারই ঘুচিয়ে দেবে বাংলাদেশ!
ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য ভারত নিজেই ফেবারিট থাকছে না। কদিন আগেই দক্ষিণ আফ্রিকার কাছে টি-টোয়েন্টি সিরিজে ধবল ধোলাই হয়েছে তারা। বাংলাদেশেও টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকা তাদের শক্তি দেখিয়েছে। সেই সঙ্গে আইপিএলে প্রোটিয়া খেলোয়াড়দের জয়জয়কার আর এক গাদা পাওয়ার হিটার নিয়ে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ জেতার সম্ভাবনা দক্ষিণ আফ্রিকারই বেশি।
টি-টোয়েন্টিতে এবারের সেরা ব্যাটসম্যান হতে যাচ্ছেন এবি ডি ভিলিয়ার্স। বিশ্বের সবচেয়ে ভয়ংকর এই ব্যাটসম্যান ছোট ফরম্যাটে নিজের ক্ষমতা দেখিয়ে বেড়িয়েছেন বছরজুড়েই। এ বছরও তার ব্যতিক্রম হবে না। উল্টো বিশ্বকাপের মতো উপলক্ষ পেয়ে জ্বলে উঠবেন এবি। আর এবি জ্বলে উঠলে বিশ্বকাপ-দুঃখ ঘুচবে প্রোটিয়াদের!