সেই পাঁচ দিনে ভারত কী করেছে, প্রশ্ন গাভাস্কারের

পাক্কা ২৮ বছর অপেক্ষার পর আসা এক জয়। ক্রিকেট-তীর্থ লর্ডসে প্রায় তিন দশক পর জেতার আনন্দে ভারত কি খেই হারিয়ে ফেলেছিল? লর্ডস টেস্টের পর পাঁচ দিনের বিরতি ছিল। এই পাঁচ দিনে ভারত করেছেটা কী? কেবলই কি লর্ডসে জেতার আনন্দে মশগুল ছিল? এসব প্রশ্নই এখন সুনীল গাভাস্কারের। সাউদাম্পটন টেস্টে হেরেছে বলেই নয়, হারার ধরনটাও এতটাই বাজে ছিল, এই সিরিজের লাগাম নিজে থেকেই ভারত সমর্পণ করল ইংল্যান্ডের হাতে। দলের অসহায় আত্মসমর্পণ কিছুতেই মানতে পারছেন না ‘লিটল মাস্টার’।
চতুর্থ দিন শেষেই স্পষ্ট হয়ে গিয়েছিল ভারত ম্যাচটা হয়তো বাঁচাতে পারবে না। তাই বলে বাকি ছয় ব্যাটসম্যান কোনো চেষ্টাই করবে না? ম্যাচটা হেরেই গেছি, ধরে নিয়ে দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং করে যাবে? কিছুতেই মানতে পারছেন না গাভাস্কার, ‘শেষ দিনে লাঞ্চের আগেই ম্যাচটা হেরে যাওয়াতেই পরিষ্কার, আমাদের মধ্যে সামান্যতম প্রতিরোধও ছিল না। এক ফোঁটাও লড়াই দেখা যায়নি। এটাই সবচেয়ে হতাশার। ভারত একেবারেই নিঃশর্ত আত্মসমর্পণ করেছে।’
১০ টেস্ট পর জেতা ইংল্যান্ড এখন মানসিকভাবেও এগিয়ে থাকবে বলে মনে করেন ‘সানি’, ‘লর্ডসে ভারত ইংল্যান্ডকে ঠেসে ধরেছিল। জানি না ওই টেস্টের পরের পাঁচ দিন ধরে তারা কী করেছে। সাউদাম্পটনে ওরা একেবারেই বাজে খেলেছে। আসলে সেই ত্রিশের দশক থেকেই ভারতীয় দলের একটাই সমস্যা—আত্মতৃপ্তি।’
আরেক সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী মনে করেন, দলে কিছু পরিবর্তন আনা জরুরি, ‘দলে এখন নতুন কিছু পরিকল্পনা দরকার। শুরুতে গম্ভীরকে নামানো যেতে পারে। ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা না থাকলেও অ্যারনকে একটা সুযোগ দেওয়া দরকার।’
সৌরভ অবশ্য আশাবাদী এই সিরিজে ভারত ঘুরে দাঁড়াবে। কিন্তু ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস সন্দিহান। পত্রিকাটি লিখেছে, ‘একটা টেস্ট ম্যাচ অনেক কিছুই বদলে দিতে পারে।’ সূত্র: এএফপি।