সেই পাকিস্তানই এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শঙ্কা ছিল ফলোঅনে পড়ার। কিন্তু সেই পাকিস্তানই প্রথম ইনিংসে লিড নিল ১১৭ রানের। ঘুরে দাঁড়ানোর দারুণ গল্প লিখেই কাল গল টেস্টের চতুর্থ দিনে চার শ পেরিয়ে গেল পাকিস্তান।
পাকিস্তানের ঘুরে দাঁড়ানোর গল্পের মূল দুই চরিত্র আসাদ শফিক ও সরফরাজ আহমেদ। ক্যারিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরি পেয়েছেন শফিক। মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি পাননি উইকেটকিপার সরফরাজ। ১০ নম্বরে ফিফটি করেছেন ৩৬ বছর বয়সী জুলফিকার বাবরও। ওয়াহাব রিয়াজ (১৪), ইয়াসির শাহরাও (২৩) রেখেছেন অবদান। তাই ৯৬ রানে প্রথম ৫ উইকেট হারিয়েও অলআউট হওয়ার আগে পাকিস্তানের রান ৪১৭। এরপর শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে ৬৩ রানে ২ উইকেট তুলে নিয়ে ৫৪ রানে এগিয়ে গেছে পাকিস্তান।
পুরোপুরি বিপরীত মেজাজের দুটি ইনিংস খেলেছেন ষষ্ঠ উইকেটে ১৩৯ রানের জুটি গড়া শফিক ও সরফরাজ। ৮৬ বলে ৯৬—সরফরাজের ব্যাট ঝড় তুললেও শফিকের ব্যাট পুরো ইনিংসই ছিল সংযমী। মাত্র ১ রান পিছিয়ে থেকে দিন শুরু করলেও সরফরাজ যখন আউট হলেন, শফিকের রান তখন মাত্র ৪৯। ২০৭ বলে সেঞ্চুরি পুরো করা শফিক পরে টেলএন্ডারদের নিয়ে আরও ১৮২ যোগ করে করেছেন। এর ১০১ রানই অবশ্য শফিক-জুলফিকার বাবরের নবম উইকেট জুটির।
চতুর্থ দিনের শেষ বিকেলটাও পাকিস্তানের, প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান কৌশল সিলভা ও কুমার সাঙ্গাকারাকে ফিরিয়ে মাথা উঁচু করেই মাঠ ছেড়েছে তারা। ক্রিকইনফো।