
সিরিজের আগে এটি আসলে ভাবা যায়নি। ইতিহাস যতই অস্ট্রেলিয়াকে ফেবারিট বলুক, দুই দলের ফর্ম বিবেচনায় পাকিস্তান ধবলধোলাই হবে—এমন ভবিষ্যদ্বাণী কেউই করতে পারেননি। কিন্তু তিন সপ্তাহ পর ওই ফলাফলই দেখল সবাই। সিডনি টেস্টে সফরকারীদের ২২০ রানে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতল অস্ট্রেলিয়া।
শ্রীলঙ্কার মাটিতে ধবলধোলাই হওয়ার পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে টানা দুই ম্যাচে হার। অস্ট্রেলিয়ায় উঠে গেল ‘জাত গেল’ ‘জাত গেল’ রব। একসঙ্গে তিন ক্রিকেটারের অভিষেকও দেখল অস্ট্রেলিয়ার ক্রিকেট। সেই দুঃস্বপ্ন পেরিয়ে এখন আবার টানা চার টেস্টে জয়ী স্টিভ স্মিথের দল! নিজেদের মাটিতে পাকিস্তানের বিপক্ষে এ নিয়ে টানা ১২ টেস্টে জিতল অস্ট্রেলিয়া। অধিনায়ক স্মিথ তাই বলতে পারছেন, ‘এই তিন ম্যাচেই আমাদের আসল চেহারাটা দেখা গেছে। এ ধরনের ক্রিকেটই খেলতে চাই আমরা।’
কোন ধরনের ক্রিকেট, পাকিস্তানের বিপক্ষে সেটা দেখিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। তিন টেস্টেই ব্যাটসম্যানরা রান করেছেন, বোলাররা ঠিক সময়টিতে উইকেট তুলে নিয়েছেন। দলের কাছে যা চেয়েছেন সেটাই পাওয়ার তৃপ্তি স্মিথের কণ্ঠে, ‘আমরা বড় রান করতে চাই, ভালো বল করতে চাই, ক্যাচ এলে সেগুলো ধরতে চাই। দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি আমরা এবং গত কয়েক সপ্তাহে যা করেছি সেটি নিয়ে আমি গর্বিত।’
পাকিস্তানের অবস্থা আবার উল্টো। পুরো সিরিজেই অস্ট্রেলিয়ার সামনে নতজানু ছিল সফরকারীরা। অধিনায়ক মিসবাহ-উল-হকও মেনে নিলেন নিজেদের ব্যর্থতা, ‘এটা একটা কঠিন সিরিজ ছিল। পুরো কৃতিত্ব অস্ট্রেলিয়ার। প্রতিটি বিভাগে ওরা আমাদের উড়িয়ে দিয়েছে।’ কালই যেমন মধ্যাহ্নবিরতির আগেই ৫ উইকেট হারিয়ে হার নিশ্চিত করে ফেলে পাকিস্তান। সরফরাজের আক্রমণাত্মক ৭২ রানের ইনিংসটা হারের ব্যবধানই শুধু কমিয়েছে। ব্যক্তিগত কিছু অর্জনের সুযোগ অবশ্য ছিল, কিন্তু ১৩ রান করে ১০ হাজার রানের মাইলফলক থেকে ২৩ রান দূরত্বে থেমেছেন ইউনিস খান। মিসবাহর দুঃখ অবশ্য দলের বোলিং নিয়ে, ‘আমাদের শক্তি বোলিংয়ে। কিন্তু এ সিরিজে আমি হতাশ, কোনো টেস্টেই আমরা ২০ উইকেট পাইনি।’
অস্ট্রেলিয়ার দৃষ্টি এখন ওয়ানডে সিরিজ ছাপিয়ে ভারত সফরে। স্মিথ জানেন কত বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে সামনে, ‘আমাদের কোনো সন্দেহ নেই, এটা খুব কঠিন একটা সিরিজ হতে যাচ্ছে। এটা দারুণ একটা চ্যালেঞ্জ হবে, দলের জন্য শিক্ষণীয়ও।’ ক্রিকইনফো, রয়টার্স।