সেই পুরোনো পাকিস্তানই
ম্যাচের শুরুতে দুই দলের অধিনায়কই বলেছিলেন, এই পিচে অন্তত ২৭০-২৮০ রান করা উচিত। দারুণ বোলিং করে অস্ট্রেলিয়াকে ২৩১ রানে আটকে দিল পাকিস্তান। শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ২ রান, হাতে ২ উইকেট। দুটি উইকেটেরই পতন হলো, স্কোরবোর্ডে যোগ হলো না আর ১ রানও! ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে এ রকম ঘটা অসম্ভব কিছু নয়। বরং বেশি করেই সম্ভব, দলটি যদি হয় পাকিস্তান!
এ রকম জেতা ম্যাচ হারার ‘দুরূহ’ কাজটা হরহামেশাই করে পাকিস্তান। তাই টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজেও ধবলধোলাইয়ের লজ্জা পেতে হলো পাকিস্তানকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে তৃতীয়বারের মতো এই অভিজ্ঞতা হলো পাকিস্তানের (আগের দুবার: ১৯৯৮ সালে দেশে, ২০১০ সালে অস্ট্রেলিয়ায়)। গত পরশু আবুধাবিতে এ লজ্জা এড়াতে পুরো দলের চেহারাই বদলে ফেলেছিল পাকিস্তান। মিসবাহ স্বেচ্ছায় সরে দাঁড়ানোয় ম্যাচে অধিনায়কত্ব করেছেন শহীদ আফ্রিদি। সব মিলিয়ে দলে পরিবর্তন ছিল ৪টি। কিন্তু তার পরও ব্যর্থতার বৃত্তেই বন্দী হয়ে থাকল পাকিস্তান।
আমিরাতের ব্যাটিংবান্ধব পিচে এমন পারফরম্যান্সে বিশ্বকাপের জন্য অশনিসংকেত দেখছেন আফ্রিদি, ‘আমরা যদি এসব পিচে জিততে না পারি, আমরা বিশ্বকাপে কী করব?’ ব্যর্থতার ময়নাতদন্তও করেছেন তিনি, ‘টি-টোয়েন্টি ম্যাচ থেকে শেষ ওয়ানডে পর্যন্ত একটিতেও আমরা ভালো জুটি গড়তে পারিনি। বিশ্বকাপ বেশি দূরে নয়, আমাদের তাড়াতাড়ি শিখতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
উপমহাদেশের মাটিতে এভাবে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়া অস্ট্রেলিয়ার জন্য প্রশান্তিরই। তার সঙ্গে যোগ হয়েছে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ভারতকে হটিয়ে শীর্ষস্থান দখলের তৃপ্তি। তবে দলের খেলোয়াড়েরা যাতে আত্মতৃপ্তিতে না ভোগে, সম্ভবত সে কারণেই ভারপ্রাপ্ত অধিনায়ক জর্জ বেইলি বলছেন, ‘বিশ্বের এক নম্বর দলের স্বীকৃতি পাওয়াটা অবশ্যই দারুণ। কিন্তু আমার মনে হয় বিশ্বকাপের ক্ষেত্রে এটা বিশেষ কোনো তাৎপর্য বহন করবে না। এটা কিছুই না।’ এএফপি।