সেই পুরোনো কাহিনি

দিনের খেলা শেষ হতেই হন্তদন্ত হয়ে নেটের দিকে ছুটলেন চন্ডিকা হাথুরুসিংহে। সেখানে আগে থেকেই ছিলেন শুভাগত হোম চৌধুরী। কোচের পিছু পিছু গেলেন ইলিয়াস সানিও। কিন্তু শুভাগত আর ইলিয়াস নেটে যাঁকে বল করছেন, বোলিং প্রান্ত থেকে হাথুরুসিংহে গভীর মনোযোগে যাঁর ব্যাটিং দেখছেন, তিনি কে?
সামান্য পর্যবেক্ষণেই জানা গেল পরিচয়। রবিউল ইসলাম। কোচের উদ্দেশ্যটাও পরিষ্কার এবার। পরশু বাংলাদেশ দলের ৭ উইকেট পড়ে যাওয়ার পর অপেক্ষমাণ দুই ব্যাটসম্যানের মধ্যে একজন ছিলেন এই রবিউল। সে কারণেই হঠাৎ তাঁর ব্যাটিংয়ের প্রতি কোচের বাড়তি মনোযোগ। গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ১০৯ মিনিট উইকেটে থেকে ৩৩ রান করেছিলেন। তার মানে চেষ্টা করলেই রবিউল টেস্টের ব্যাটিংটা করতে পারেন। ডুবন্ত জাহাজের কাপ্তান যে রকম খড়কুটো আঁকড়ে ধরেও বাঁচতে চায়, হাথুরুসিংহের হয়েছে সেই দশা। আসল ব্যাটসম্যানরা পারলেন না। এবার রবিউল যদি পারেন। তিনিও শেষ পর্যন্ত কতটুকু পারলেন, সেটা অবশ্য আপনারা এর মধ্যেই জেনে গেছেন।
পরশু সেন্ট লুসিয়া টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ দলের ড্রেসিংরুমের হাওয়া খুব একটা স্বাস্থ্যকর ছিল না বলে খবর। একের পর এক ব্যর্থ হয়ে আসা ব্যাটসম্যানরা গুটিয়ে ছিলেন নিজেদের মধ্যে। কোচ হাথুরুসিংহে নাকি তার পরও চালিয়েছেন কথার স্টিম রোলার। তাতে খেলোয়াড়েরা অপমানিত বোধ করেছেন কি না কে জানা যায়নি, তবে মাঠের বাইরে থেকে বাংলাদেশের ক্রিকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিয়ান সমর্থকদের ব্যঙ্গ-বিদ্রূপ, হাসি-ঠাট্টা দেখতে একটু খারাপই লেগেছে। আউট হওয়ার আগে রোচের বাউন্সারে যে রকম দিশেহারা হয়ে পড়েছিলেন তাইজুল, সেটা দেখে হাসতে হাসতে শেষ প্রেসবক্সের সামনের গ্যালারিতে বসা দুই দর্শক। এ ছাড়া বাংলাদেশের ব্যাটিংয়ের সময় গ্যালারি থেকে বাঁশি, চিৎকার-চেঁচামেচি তো ছিলই।
টেস্ট ম্যাচে দিনের খেলা শেষে দুই দলের দুজন ভালো পারফরমারের সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলাটা রীতি। পরশু যেমন ওয়েস্ট ইন্ডিজের হয়ে এলেন ৫ উইকেট নেওয়া পেসার কেমার রোচ। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে আসবেনটা কে? কারও পারফরম্যান্সই তো বলার মতো নয়। এক আসতে পারেন তামিম ইকবাল, কিন্তু ৪৮ রান করে তিনিও তো আত্মহত্যাই করে এসেছেন!
তামিমের দুর্ভাগ্যই বলতে হবে। দলের বাকিদের পারফরম্যান্স এতই খারাপ যে, সংবাদমাধ্যমের সামনে আসার জন্য দ্বিতীয় সম্ভাব্য কাউকে খুঁজে পাওয়া গেল না। অগত্যা তামিমই সই। তা বাঁহাতি এই ওপেনার যথেষ্টই বুদ্ধিমান। প্রথম সুযোগেই নিজের ভুলটা স্বীকার করে নিলেন, ‘যেভাবে আউট হয়েছি...অসন্তুষ্ট হওয়ার মতো কাজই করেছি। যেভাবে ব্যাটিং করছিলাম, যদি ওভাবেই ব্যাটিং করে যেতাম, তাহলে হয়তো এতগুলো উইকেট পড়ত না। যদি ইনিংসটা বড় করা যেত, আমি যদি পুরো ব্যাটিংটা করতে পারতাম, তাহলে হয়তো অন্য রকম হতো।’
এই ‘হয়তো’, ‘যদি’, ‘কিন্তু’র খপ্পরে বাংলাদেশের ক্রিকেট বেশ কিছুদিন ধরেই। যদি এটা হতো, হয়তো ওটা হতো—এভাবে আর কত দিন? ব্যাটিংয়ের চেহারা দিনে দিনে যা দাঁড়াচ্ছে তাতে কেউ দায়িত্ব নিয়ে খেলছেন বলে মনেই হচ্ছে না। তামিম অভিযোগটা না মানলেও স্বীকার করলেন, কোথাও না কোথাও বড় কোনো গলদ থেকে যাচ্ছে, ‘নিশ্চয়ই আমরা কোনো একটা ভুল কাজ করছি, যার জন্য এ রকম হচ্ছে। গত এক বছরে তিন-চারবার এ রকম ঘটনা ঘটিয়েছি। এক-দুবার হতে পারে। কিন্তু তিন-চারবার হতে পারে না।’ এ রকম আর কীভাবে না হতে পারে, সেই টোটকাও মনে হলো তাঁর জানা, ‘আমরা যারা সিনিয়র ক্রিকেটার আছি, আমাদের দায়িত্ব নিতে হবে। যে যেদিন ভালো খেলে, তাকে চ্যালেঞ্জটা নিতে হবে যে, সে-ই পুরো দলকে টেনে নেবে। অন্যান্য দলের সিনিয়র ক্রিকেটাররা যেদিন ভালো খেলে, পুরো দলকে নিয়ে এগিয়ে যায়।’
নিজেরা তা না পারার দায় মেনে নিয়ে তামিম বললেন, ‘আমারটাসহ দু-তিনটি আউট যদি দেখেন, তা আমাদের ভুলের কারণেই হয়েছে। হয়তো বা এক-দুটি ভালো বলে আউট হয়েছে। মুমিনুলেরটা যেমন খুব ভালো বল ছিল। তবে বেশির ভাগ উইকেটই আমাদের ভুলে গেছে।’
এরপর তামিম যা বলেছেন, তা গৎবাঁধা কথাই। ছোট ছোট ভুলগুলো শোধরাতে হবে, প্রত্যাশার চাপ থাকবেই, তাই বলে ভেঙে পড়া যাবে না ইত্যাদি। প্রায় এক বছর ধরে এই কথাগুলো ক্রিকেটাররা এতবার বলেছেন যে, এখন প্রসঙ্গ উঠলেই বলে দেওয়া যায় উত্তর কী আসতে পারে।
অনেকটা যেন ইদানীংকালের বাংলাদেশের ম্যাচের মতো। খেলা হলেই বলে দেওয়া যায় ফলাফল কী হবে!