
মোহালিই যেন ফিরল নাগপুরে। মোহালির মতোই নাগপুরে টস জিতে ব্যাটিং নিলেন বিরাট কোহলি। পুরোনো চিত্রনাট্য মেনেই স্পিনস্বর্গে ভারত অলআউট দিন শেষ হওয়ার আগেই। প্রথম টেস্টের মতো তৃতীয় টেস্টের প্রথম দিনের শেষেই অস্বস্তিতে পড়ে গেছে দক্ষিণ আফ্রিকা। ভারতীয় স্পিনে আরেকবার আত্মসমর্পণের ইঙ্গিত দিয়ে প্রোটিয়ারা হারিয়ে ফেলেছে ২ উইকেট।
পার্থক্যটা শুধু রানে। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারত করেছিল ২০১, এবার রানের ঘরে যোগ হয়েছে আরও ১৪। মোহালিতে দক্ষিণ আফ্রিকা দিন শেষ করেছিল ২৮ রানে, এবার ১১ রানে।
বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামের স্পিনবান্ধব উইকেটে দ্বিতীয় দিনে প্রোটিয়া ব্যাটসম্যানরা কত দূর যাবেন? ম্যাচের আগে ভেন্যুর কিউরেটর অমল কারলেকার আভাস দিয়েছিলেন প্রথম দিনের বিকেল থেকেই বল ঘুরতে শুরু করবে। তবে বল ঘুরতে অতটা সময় নেয়নি। দিনের প্রথম ঘণ্টাতেই উইকেটের দফারফা অবস্থা। ধুলো ওড়ানো পিচ আরও ক্ষতবিক্ষত বোলারদের ফলো থ্রুতে।
ফল, প্রথম ১০ ওভারের মধ্যেই দুই প্রান্ত থেকে স্পিন আক্রমণ শুরু দক্ষিণ আফ্রিকার। সংখ্যাটা ৩ হয়ে গেল ২০ ওভারের আগেই। ভারতে এসে ভারতীয় ব্যাটসম্যানদের বিপক্ষে প্রথম ২০ ওভারের মধ্যে তিন স্পিনার লেলিয়ে দেওয়ার এটি মাত্র দ্বিতীয় ঘটনা। প্রথম ঘটনাটি ঘটে ২০০২ সালে। কানপুরে তিন স্পিনার রঙ্গনা হেরাথ, অজন্তা মেন্ডিস ও মুত্তিয়া মুরালিধরনকে নিয়ে এসেছিল শ্রীলঙ্কা। কাল হাশিম আমলা আক্রমণে নিয়ে এলেন সাইমন হার্মার, ডিন এলগার ও ইমরান তাহিরকে।
খণ্ডকালীন বাঁহাতি স্পিনার এলগারই দিয়েছেন প্রথম ধাক্কাটা। ভারতের উদ্বোধনী জুটি ১৪ ওভারে তুলে ফেলেছিল ৫০ রান। শিখর ধাওয়ান আউট হলেন ফিরতি ক্যাচ দিয়ে। ১৯ রান পর আউট অন্য ওপেনার মুরালি বিজয়। এবার ফাস্ট বোলার মরনে মরকেলের দুর্দান্ত এক বলে লাইন না বুঝতে পেরে এলবিডব্লু এই ওপেনার। পরে এক ওভারের ব্যবধানে অজিঙ্কা রাহানে ও বিরাট কোহলিকে ফিরিয়ে দিয়ে ভারতের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দিয়েছেন মরকেলই।
৫০ থেকে ১২৫—এই ৭৫ রানে ৬ উইকেট হারানো ভারতের রান ২০০ পেরিয়েছে ঋদ্ধিমান সাহা ও রবীন্দ্র জাদেজার ব্যাটে। সপ্তম উইকেটে ৪৮ রান যোগ করেছেন সাহা ও জাদেজা, দুজনই গেছেন ত্রিশের ঘরে।
৯ ওভার ব্যাটিংয়েই ২ উইকেট নেই, কঠিন হয়ে পড়েছে সিরিজ বাঁচানোর লড়াই। তবে ৪ উইকেট নেওয়া দক্ষিণ আফ্রিকান অফ স্পিনার হার্মার দারুণ খুশি মনের মতো পিচ পেয়ে, ‘এই উইকেট পাঁচ দিন টিকবে না, ফল আসবেই। তবে স্পিনার হিসেবে বলব, এমন উইকেটে বোলিং করতে আমার ভালোই লাগে।’ এএফপি, ক্রিকইনফো, স্টার স্পোর্টস।