সেই পুরোনো পথেই বিপিএল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপিএলের প্রথম দুই আসরের তিক্ত অভিজ্ঞতা থেকেও বিসিবি কিছু শিখেছে বলে মনে হচ্ছে না। নইলে তৃতীয় আসর মাঠে নামানোর প্রক্রিয়ার শুরুতেই কেন বোর্ড নিজেদের সিদ্ধান্তে অটল থাকতে না পারার উদাহরণ তৈরি করবে!
বিপিএলের প্রথম দুই আসর চরমভাবে বিতর্কিত হয়ে পড়ার অন্যতম কারণ ছিল বিসিবির অনেক সিদ্ধান্তহীনতা এবং আর্থিক বিষয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোকে বারবার ছাড় দেওয়া। যার পরিণতি, দেনা-পাওনা পরিশোধ না করায় পুরোনো ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে চুক্তি বাতিল করে নতুন ফ্র্যাঞ্চাইজির সন্ধানে নামা এবং বকেয়া আদায়ের জন্য আইনি পথে যাওয়ার চিন্তাভাবনা। তার আগে খেলোয়াড়দের বকেয়া পাওনা মেটাতে হচ্ছে বিসিবির কোষাগার থেকেই। আসন্ন ঈদুল আজহার আগেই সেই পাওনা মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান নাঈমুর রহমান।
ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর বিসিবির কাছে সাড়ে ৫ কোটি টাকার আর্থিক নিশ্চয়তা প্রদানের শেষ দিনও ছিল কাল। এই সময়ের মধ্যে পুরোনো দুই ফ্র্যাঞ্চাইজি সিলেট রয়্যালস ও রংপুর রাইডার্সের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান রয়্যাল স্পোর্টিং লিমিটেড এবং আই স্পোর্টস লিমিটেড আগের বকেয়াসহ তৃতীয় বিপিএলেরও আর্থিক নিশ্চয়তা দিয়েছে। নতুন করে আগ্রহ দেখানো ১১ প্রতিষ্ঠানের মধ্যে তা করেছে তিনটি প্রতিষ্ঠান—ডিবিএল গ্রুপ, এক্সিওম টেকনোলজিস ও বেক্সিমকো। এদের মধ্যে রয়্যাল স্পোর্টিং সম্ভাব্য কুমিল্লা বা সিলেট বিভাগ, বেক্সিমকো ঢাকা বিভাগ (ঢাকা ডায়নামিকস) এবং আই স্পোর্টস রংপুর বা চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ প্রকাশ করেছে। তবে আর্থিক নিশ্চয়তা দেওয়া মানেই ফ্র্যাঞ্চাইজির মালিক হয়ে যাওয়া নয়। সব দিক বিবেচনা করে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিপিএল গভর্নিং কাউন্সিল।
বিসিবি সভাপতি নাজমুল হাসানের ঘোষণা অনুযায়ী সময়সীমা শেষ হয়ে যাওয়ায় এখন আর কারও ফ্র্যাঞ্চাইজি নিতে চাওয়ার সুযোগ নেই। কিন্তু কাল বিকেলে বোর্ড কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী দিলেন অন্য আভাস, ‘আজকে (কাল) পর্যন্ত আমরা পাঁচটি প্রতিষ্ঠানের নিশ্চয়তা পেয়েছি। তবে আরও কয়েকটি প্রতিষ্ঠান আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে। তাদের সুযোগ দেওয়া হবে কি না, সে ব্যাপারে বোর্ড এবং বিপিএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নেবে।’
সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরও সুযোগ দেওয়ার প্রশ্ন আসছে কেন—জানতে চাইলে তাঁর ব্যাখ্যা, ‘বোর্ড চায় টুর্নামেন্টটাকে সফল করতে। সে জন্যই একটু ধীরে এগোচ্ছি। যেহেতু টুর্নামেন্টটা নভেম্বরে হবে, আমাদের হাতে সময় আছে।’ বিসিবির লক্ষ্য সাতটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিপিএল করা। অপেক্ষাটা তাই আরও দুটি ফ্র্যাঞ্চাইজির জন্য। যে তিন-চারটি প্রতিষ্ঠান এখনো বিসিবির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তাদের মধ্যে নতুন-পুরোনো দুই ধরনের ফ্র্যাঞ্চাইজিই আছে বলে জানিয়েছেন প্রধান নির্বাহী। বিসিবির একটি সূত্রের অবশ্য দাবি, প্রাথমিকভাবে আবেদন করা ১১ প্রতিষ্ঠানের বাইরে অন্য একটি প্রতিষ্ঠানও ফ্র্যাঞ্চাইজি পাওয়ার চেষ্টা চালাচ্ছে এবং তাতে সফল হওয়ারও নাকি সম্ভাবনা আছে। অথচ প্রাথমিক আবেদনের সময়সীমা শেষ হয়ে গেছে ২৭ আগস্ট।
ফ্র্যাঞ্চাইজি ফিসহ খেলোয়াড়দের পারিশ্রমিকের অঙ্ক—সবকিছুতেই রাশ টেনে এবারের বিপিএলে আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বিসিবি। প্রতিশ্রুত টাকার পুরোটাই পাওয়ার সম্ভাবনা বাড়ায় খেলোয়াড়েরাও উদ্যোগটাকে স্বাগত জানিয়েছে। প্রতিটি ক্ষেত্রে নিজেদের অবস্থানে কঠোর থাকলে এবার অন্তত বিতর্কমুক্ত একটা বিপিএল আয়োজনের সুযোগ থাকত। অথচ বিপিএল হাঁটছে পুরোনো পথেই। মুখে বড় বড় কথা, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে পিছু হটার পুরোনো ধারা।