সেই বরিশালই জয়ের ধারায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে কাল স্বাগতিক দলের বিপক্ষে বরিশালের জয়ো‍ৎ​সব l ছবি: প্রথম আলো
রাজশাহীতে কাল স্বাগতিক দলের বিপক্ষে বরিশালের জয়ো‍ৎ​সব l ছবি: প্রথম আলো

টানা তিন মৌসুমে কোনো জয় নেই। জয় নেই টানা ২৬ ম্যাচে। একটি জয়ের জন্য বরিশাল বিভাগের দীর্ঘ অপেক্ষাটা ফুরোয় এবারের জাতীয় লিগের চতুর্থ রাউন্ডে। সিলেটকে হারিয়ে জাতীয় লিগে ১৯তম জয় পাওয়া বরিশাল ২০তম জয়টা পেল পরের ম্যাচেই।
কাল রাজশাহীতে স্বাগতিক রাজশাহীকে আড়াই দিনেই হারিয়ে দিয়েছে বরিশাল। ৮ উইকেটের এ জয়ে দ্বিতীয় স্তর থেকে প্রথম স্তরে ওঠার সম্ভাবনাও তাদের উজ্জ্বল। পাঁচ ম্যাচে ৫৩ পয়েন্ট বরিশালের। আজ চট্টগ্রাম-সিলেট ম্যাচটি ড্র হলে কিংবা সিলেট জিতলে শেষ রাউন্ডে চট্টগ্রামের কাছ থেকে ৩টি বোনাস পয়েন্ট পেলেই হবে বরিশালের।
কাল রাজশাহীর দেওয়া ৬৮ রানের লক্ষ্য সোহাগ গাজী ও অধিনায়ক ফজলে রাব্বির উইকেট দুটি হারিয়ে মাত্র ৭.২ ওভারেই ছুঁয়ে ফেলে বরিশাল। এর আগে দ্বিতীয় ইনিংসে ২৫৯ রানে অলআউট হয় রাজশাহী, সাত নম্বরে নেমে সর্বোচ্চ ৬৬ রান করেছেন ফরহাদ রেজা।
চট্টগ্রামে দ্বিতীয় স্তরের অন্য ম্যাচটিতে সিলেটের চেয়ে ১৭৫ রানে এগিয়ে আছে চট্টগ্রাম। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৮৮ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে দলটি। প্রথম ইনিংসে সর্বোচ্চ ৭৪ রানের পর দ্বিতীয় ইনিংসেও ৭৭ রান করেছেন তাসামুল হক। জিম্বাবুয়ে সফরের বাংলাদেশ ‘এ’ দলে ডাক পাওয়া ব্যাটসম্যান সর্বশেষ চার ইনিংসে দুটি সেঞ্চুরি ও দুটি ফিফটি পেলেন।
বগুড়ায় প্রথম স্তরের ম্যাচে ইনিংস পরাজয় এড়াতে লড়ছে ঢাকা বিভাগ। ফলোঅনে পড়া ঢাকা দ্বিতীয় ইনিংসে ৩৪ রান তুলতেই হারিয়েছে ১ উইকেট। বর্তমান চ্যাম্পিয়ন রংপুর বিভাগকে আবার ব্যাটিংয়ে নামাতেই করতে হবে ১৫৩ রান। ২ উইকেটে ৭৮ রান নিয়ে দিন শুরু করা ঢাকা প্রথম ইনিংসে অলআউট হয় আরও ১৯৮ রান যোগ করে। ১৪৭ বলে ১১ চারে সর্বোচ্চ ৭৯ রান রকিবুল হাসানের।
ফতুল্লায় ৫ উইকেট হাতে নিয়ে খুলনার প্রথম ইনিংসে চেয়ে ১৫৪ রানে এগিয়ে ঢাকা মহানগর। প্রথম ইনিংসে ৩২ রানের লিড নেওয়া দলটি দ্বিতীয় ইনিংসে ভালোই শুরু করেছিল। কিন্তু উদ্বোধনী জুটিতে ৬৯ রান তোলা দলটি ১০৫ রানেই হারিয়েছে পঞ্চম উইকেট। এর আগে খুলনার প্রথম ইনিংসেও একই চিত্র। ৭৪ বলের মধ্যে ৩৬ রান তুলতেই শেষ ৬ উইকেট হারিয়ে খুলনা অলআউট ৩৬৭ রানে। ইনিংসে শেষ দুই বলে রবিউল ইসলাম ও আবদুল হালিমকে বোল্ড করা মহানগরের পেসার আবু হায়দার দ্বিতীয় ইনিংস শুরু করবেন হ্যাটট্রিকের সুযোগ সামনে রেখে। আগের দিন সেঞ্চুরি করা ইমরুল কায়েস কাল যোগ করেছেন আরও ৫৩ রান।
সংক্ষিপ্ত স্কোর
রাজশাহী-বরিশাল, রাজশাহী
রাজশাহী: ১১৯ ও ৮৩ ওভারে ২৫৯ (ফরহাদ রেজা ৬৬, জুনায়েদ ৫৯, নিহাদুজ্জামান ৩১, মুশফিক ৩০; কবীর ৩/৪০, মনির ২/৩১, সালমান ২/৩৫, সোহাগ ২/৭৩)। বরিশাল: ৩১১ ও ৭.২ ওভারে ৬৯/২ (শাহরিয়ার ৩৩*, সোহাগ ২৩; নাজমুল ১/৩)।
ফল: বরিশাল ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সালমান হোসেন (বরিশাল)।
চট্টগ্রাম-সিলেট, চট্টগ্রাম
চট্টগ্রাম: ২৭০ ও ৮০ ওভারে ১৮৮/৬ (তাসামুল ৭৭, ইয়াসির ৪১*, নাফিস ৩৭; এনামুল জু. ২/৬২)।
সিলেট ১ম ইনিংস: ২৮৩।
ঢাকা মহানগর-খুলনা, ফতুল্লা
ঢাকা মহানগর: ৩৯৯ ও ৪৪.১ ওভারে ১২২/৫ (মারুফ ৪৪, শামসুর ৪২; মিরাজ ৩/৩৩, বক্কর ২/৮)। খুলনা ১ম ইনিংস: ১০৩ ওভারে ৩৬৭ (ইমরুল ১৬৩, নুরুল ৭৬; হায়দার ৪/৭৯, আসিফ ২/১০, মাহমুদউল্লাহ ২/৮০)।
রংপুর-ঢাকা বিভাগ, বগুড়া
রংপুর ১ম ইনিংস: ৪৬৩। ঢাকা বিভাগ: ৯৪.১ ওভারে ২৭৬ (রকিবুল ৭৯, সাঈফ ৪৪, মোশাররফ ৩১, শরীফ ৩১; বিশ্বনাথ ৩/৩৭, সাজেদুল ৩/৭১, শুভাশিস ২/৪৯) ও ২১ ওভারে ৩৪/১ (মজিদ ২০*; শুভাশিস ১/৬)।