সেই ব্রডই এখন এক নম্বর

পেটের পীড়ার কারণে তিনি দ্বিতীয় ইনিংসে বোলিং করতে পারবেন কি না, তা নিয়েই সংশয় ছিল। সেই সংশয় কাটিয়ে স্টুয়ার্ট ব্রড শুধু বল হাতেই নেননি, জোহানেসবার্গের দ্বিতীয় ইনিংসে নিজের প্রথম স্পেলেই ধসিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকাকে। ১০ ওভারের সেই স্পেলে ব্রড নিয়েছেন ৫ উইকেট। সব কটি উইকেটই ৩১ বলের মধ্যে, এই সময় দিয়েছেন মাত্র ১ রান!
টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে তিন নম্বরে (৮৫৩ পয়েন্ট) থেকে জোহানেসবার্গে মাঠে নেমেছিলেন ব্রড। তবে পেটের পীড়াতে প্রথম ইনিংসে ভালো বল করতে পারেননি। ২ উইকেট নিয়েছেন ৮২ রানের খরচায়। কিন্তু দ্বিতীয় ইনিংসে ১৭ রানে ৬ উইকেট নিয়ে সেটি পুষিয়ে দেন ব্রড। সব মিলিয়ে ৯৯ রানে ৮ উইকেট। দুর্দান্ত এই পারফরম্যান্স তাঁকে ম্যাচসেরার পুরস্কার তো এনে দিয়েছেই, আইসিসির টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে শীর্ষেও তুলে এনেছে ইংলিশ পেসারকে। পেছনে পড়ে গেছেন রবিচন্দ্রন অশ্বিন ও ডেল স্টেইন। দ্বিতীয় স্থানে থাকা অশ্বিনের (৮৭১) চেয়ে এখন ৯ পয়েন্টে এগিয়ে ব্রড (৮৮০)।
স্টিভ হার্মিসনের পর এই প্রথম কোনো ইংলিশ বোলার টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন। ২০০৪ সালে টেস্টের এক নম্বর বোলার হওয়ার পর টানা ১২০ দিন সেই অবস্থান ধরে রেখেছিলেন হার্মিসন। ইংলিশদের মধ্যে তাঁর আগে ১৯৮০ সালে টেস্টের এক নম্বর বোলার হয়েছিলেন কিংবদন্তি অলরাউন্ডার ইয়ান বোথাম।
অসাধারণ এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত ব্রড। তবে তাঁর কৃতজ্ঞতাও আছে কয়েকজনের কাছে, ‘প্রথম দিন একটু অসুস্থ বোধ করছিলাম। সৌভাগ্যক্রমে আমাদের চিকিৎসক খুব দ্রুত আমাকে সারিয়ে তুলেছেন।’ প্রথম ইনিংসে বাজে পারফরম্যান্সের পর দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর পেছনের গল্পটাও বলেছেন ব্রড, ‘বোলিং কোচ ওটিস গিবসন ও অন্য কোচদের সঙ্গে কথা বলেছিলাম। পরিকল্পনা ছিল, ব্যাটসম্যানদের সামনে এনে খেলানোর। চেষ্টা করেছি ফুল লেন্থ বল ব্যাটের কানায় লাগিয়ে ক্যাচ পেতে।’ সূত্র: আইসিসি ওয়েবসাইট।