সেই ভয়, সেই চাপ!

গ্রেনাডা ন্যাশনাল স্টেডিয়ামের দুই ড্রেসিংরুমের সামনে দুই রকম দৃশ্য। ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়েরা প্রতিদিনই ম্যাচ জেতার পর উদ্ভট কিছু না-কিছু করেন। পরশু যেমন মাঠের বাইরে খালি গায়ে দাঁড়িয়ে থাকা কেমার রোচের গায়ে বরফের পানি ঢেলে দিলেন সুনীল নারাইন। তা নিয়েও সবার তুমুল হাসাহাসি।
ঠিক ওই সময়ে বাংলাদেশ দলের খেলোয়াড়েরা ড্রেসিংরুমে ‘বন্দী’। বন্দী মানে টিম মিটিং চলছে আর কি! ওয়েস্ট ইন্ডিয়ান খেলোয়াড়েরা মাঠের দুষ্টুমি-টুষ্টুমি সেরে ড্রেসিংরুমের ব্যালকনিতে উঠে আড্ডায় মাতলেন। বাংলাদেশ দলের ব্যালকনিতে তখনো শ্মশানের নীরবতা। ভেতর থেকে দরজা লাগানো।
একটু পর ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়েরা মাঠও ছাড়া শুরু করলেন। স্টেডিয়ামের গেট থেকে টিম বাসের দূরত্ব ৩-৪ গজ। এর মধ্যেই দু-তিনবার থামতে হলো দলের বোলিং পরামর্শক কার্টলি অ্যামব্রোসকে। ভক্তদের সঙ্গে ছবি তুললেন, অটোগ্রাফ দিলেন। ক্রিস গেইলও নির্বিঘ্নে এগিয়ে যেতে পারলেন না। হাসিমুখে মেটালেন ছবি তোলা আর অটোগ্রাফ দেওয়ার আবদার। ওয়েস্ট ইন্ডিজ দল টিম বাসে উঠে হোটেলে চলে গেল। বাংলাদেশ ড্রেসিংরুমের দরজা তখনো খোলেনি।
যখন সেটা খুলল, সিঁড়ি দিয়ে হাসিমুখে মাঠে নেমে আসতে থাকলেন একের পর এক খেলোয়াড়। যেন টিম মিটিং নয়, কোনো বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান দেখে আসছেন তাঁরা! এটুকু পড়েই খেলোয়াড়দের নির্লজ্জ বলে গাল দিতে শুরু করবেন না, প্লিজ। হাসতে হবে, মন থেকে সব কালিমা ঝেড়ে ফেলে দিতে হবে, এটা যে চন্ডিকা হাথুরুসিংহের টিম মিটিংয়েরই মূল মন্ত্র! তাঁর নির্দেশনা মেনেই পরাজয়ের শোকে জবুথবু হয়ে বসে না থেকে সবাই ফুটবল খেলতে নেমে পড়ল মাঠে।
যত দূর জানা গেছে, প্রায় দুই ঘণ্টার টিম মিটিংয়ে কোচ ছিলেন নীরব শ্রোতা। মঞ্চ উন্মুক্ত করে দিয়েছিলেন খেলোয়াড়দের জন্য। কার কী সমস্যা, কে কেন আউট হলো, কেন ৭০ রানে অলআউট হওয়ার লজ্জা, কী এমন চাপ মাথার ওপর—দলের ব্যাটসম্যানদের কাছে এসবই জানতে চেয়েছেন কোচ। খেলোয়াড়দের উত্তরের সারমর্ম করলে একটা জিনিসই দাঁড়ায়, একটু খারাপ করলেই দল থেকে বাদ পড়ে যাওয়ার জুজুটাই নাকি তাড়িয়ে বেড়ায় তাঁদের।
এটার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে। ব্যক্তিগত আলোচনায় খেলোয়াড়েরা তো বিভিন্ন সময় জানিয়েছেনই, টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় অধিনায়ক মুশফিকুর রহিমও একদিন সংবাদ সম্মেলনে বলেছিলেন, দলে খুব বেশি পরিবর্তন হওয়ায় খেলোয়াড়েরা চাপ নিয়ে নিচ্ছেন। কে কখন খারাপ খেলে বাদ পড়ে যান, এই ভয়ে নাকি কেউ ভালো খেলতে পারছেন না!
বিস্ময়কর হলেও সত্যি, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এত মাস পেরিয়ে যাওয়ার পরও সেই একই ভয় নাকি তাড়িয়ে বেড়াচ্ছে ক্রিকেটারদের। পরশু সংবাদ সম্মেলনেও মুশফিক একপর্যায়ে বলে ফেললেন, ‘আমাদের মূল ব্যাটসম্যানরা রানের মধ্যে ছিল না। অবচেতনে তাদের মধ্যেও হয়তো চিন্তা আছে যে এই সিরিজটা ভালো খেলতে হবে...প্রথম ম্যাচে যারা ব্যর্থ হয়েছে তারা হয়তো ভেবেছে আবার ব্যর্থ হলে খারাপ কিছু হবে।’ মুশফিক অবশ্য হারের যুক্তি হিসেবে দাঁড় করাননি এটাকে, ‘তার পরও বলব, এত বাজে পারফরম্যান্স কখনোই মেনে নেওয়ার মতো না।’
রাতে হোটেলে ফেরার পর খেলোয়াড়দের নিজেদের আলোচনায়ও ঘুরেফিরে এসেছে ৭০ রানে অলআউট হয়ে যাওয়ার গ্লানি। এক টপ অর্ডার ব্যাটসম্যানের রুমে বসা আড্ডায় একেকজন একেক যুক্তি দিয়েছেন, একেক কারণ বলেছেন। বাদ পড়ে যাওয়ার শঙ্কার সঙ্গে সেখানে উঠে এসেছে নিজের আউট নিয়ে কারও আক্ষেপ, কেন তখন ওই শটটা খেলতে গেলাম! কেউ বা কৃতিত্ব দিয়েছেন ক্যারিরীয় বোলার আর উইকেটকে। তবে সব আলোচনার উপসংহার একটাই—৭০ রানে অলআউট হওয়াটা মেনে নেওয়া যায় না। কোচ হাথুরুসিংহে যতই উজ্জীবনী মন্ত্র পড়ে দেন কানে, তাঁর সামনে যতই অন্য চাপের কথা বলা হোক না কেন, খেলোয়াড়দের গোপন কাঠগড়ায় দোষী তাঁরাই। তাঁদের অনেকেই মনে করেন, এই অপরাধ ক্ষমার অযোগ্য। ‘৭০ রানে কেউ অলআউট হয়! এর পেছনে কোনো যুক্তিই খাটে না। আসলে আমরাই পারি না। এটাই সত্যি’—নাম প্রকাশ না করার শর্তে নিজেদের ওপর ক্ষোভ ঝাড়ছিলেন এক খেলোয়াড়।
এই ক্ষোভ যদি আত্মোপলব্ধি হয়, তা হলেই শুধু আগামীকাল সেন্ট কিটসে শেষ ওয়ানডেতে কিছু আশা করা যায়।