সেই ভারতই উল্টো চাপে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা টেস্টের পরই কীভাবে সব হিসাব বদলে গেল!
পুনেতে যে রকম উইকেট ছিল, তাতে একজন স্পিনারের ১২ উইকেট পাওয়াটা একেবারেই বিস্ময়কর কিছু নয়। বিস্ময়কর কিছু নয় জয়ী দলের অধিনায়কের সেঞ্চুরি করাটাও। এমনকি টেস্টটা যে আড়াই দিনে শেষ হয়ে গেল, সেটাও বোধ হয় ক্রিকেটবোদ্ধাদের খুব একটা বিস্মিত করেনি। আসলে যা বিস্ময়ের, তা হচ্ছে, ১২ উইকেট পাওয়া ওই স্পিনানের নাম রবিচন্দ্রন অশ্বিন বা রবীন্দ্র জাদেজা নয়, স্টিভেন ও’কিফ। সেঞ্চুরি করা অধিনায়ক বিরাট কোহলি নন, স্টিভেন স্মিথ। আড়াই দিনে টেস্ট হারা দলটা অস্ট্রেলিয়া নয়, ভারত! বেঙ্গালুরুতে আজ সিরিজের দ্বিতীয় টেস্টে তাই অস্ট্রেলিয়ান নামবে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে। সিরিজ শুরুর আগে কে এটা ভেবেছিল!
আর এগিয়ে থাকলে যা হয়, তখন গলায় বেশ জোর আসে। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথই যেমন বেঙ্গালুরু টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে বলে দিলেন, ‘আমার তো মনে হয় ভারত বেশ চাপে আছে। সিরিজ শুরুর আগে আমরা চারপাশ থেকে শুনছিলাম, এবার ভারত ৪-০ ব্যবধানে জিতবে। এখন সেই ভারতই ১-০ ব্যবধানে পিছিয়ে। আর একটা টেস্ট জিতলেই বোর্ডার-গাভাস্কার ট্রফি আমাদের কাছে থেকে যাবে।’
২০১৪ সালে দুই দলের সর্বশেষ সিরিজটা অস্ট্রেলিয়া নিজেদের মাটিতে জিতেছিল ২-০ ব্যবধানে। এবার সিরিজ ড্র করে ফিরতে পারলেই অস্ট্রেলিয়া ট্রফি রেখে দিতে পারবে নিজেদের কাছে। স্মিথ সেটা মনে করিয়ে দিয়ে যেন একটা হুমকিও দিলেন, ‘খুব জলদিই এটা নিশ্চিত হয়ে যেতে পারে। হয়তো এখানে (বেঙ্গালুরুতে) এক-দুই সেশন খেলা হওয়ার পরেই। ভারত চাপে না থেকে পারে নাকি!’
বোঝাই যাচ্ছে, এসব বলে ভারতকে আরও বেশি চাপে ফেলে দিতে চাইছেন স্মিথ। অবশ্য ভেতরে-ভেতরে সেই চাপ যদি থেকেও থাকে, ভারত অধিনায়ক কোহলি সেটা উড়িয়ে দিলেন ফুঁ মেরে, ‘ওরা (অস্ট্রেলিয়া) সংবাদ সম্মেলনে এসে এসব মনস্তাত্ত্বিক খেলা খেলতে ওস্তাদ। কিসের চাপ? আমার ওপর, না দলের ওপর? দেখে কি মনে হচ্ছে আমরা কোনো চাপে আছি? এটা একেবারেই ওর (স্মিথ) ভাবনা এবং ও যা ইচ্ছে বলতে পারে। আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলব।’
কোহলির ইঙ্গিত পরিষ্কার, মাঠের খেলা মাঠেই রাখতে চাইছেন। মনস্তাত্ত্বিক খেলার ফাঁদে পা তিনি দেবেন না। কিন্তু চাইলেও কি আর মুক্তি মিলবে সহজে?
কোহলি চাপে না থাকার কথা বলছেন বটে, অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম যেমন ভারতকে বারবারই পুনে টেস্টের কথা মনে করিয়ে দিচ্ছে। ভারত কোচ অনিল কুম্বলের সংবাদ সম্মেলনেও যেমন ওই প্রসঙ্গ এসেছে। কুম্বলেও তাঁর অধিনায়কের মতোই বলেছেন, ‘যা হয়েছে সেটা অতীত। আমরা পেছনে ফিরে তাকাতে চাই না। কোচ হিসেবে আমার কাজ সামনে তাকানো। আর আমরা দারুণ একটা মৌসুম কাটিয়েছি, মাত্র এক টেস্টেই সব বদলে যায় না।’
ভারত পেছনে তাকাতে চায় না। তবে টেস্টটা বেঙ্গালুরুতে বলেই অস্ট্রেলিয়া চাইবে অতীত থেকে প্রেরণা নিতে। গত ২০ বছরে এই চিন্নাস্বামী স্টেডিয়ামে চারটা টেস্ট খেলে দুটিতে জিতেছে অস্ট্রেলিয়া, হেরেছে একটি, ড্র হয়েছে অন্যটি। এই ২০ বছরে ভারতের মাটিতে অন্য কোনো ভেন্যুতে একের বেশি টেস্ট জেতেনি অস্ট্রেলিয়া। শুধু তা-ই নয়, গত ২০ বছরের মধ্যে ভারতের এই মাঠেই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের ব্যাটিং গড় সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি সেঞ্চুরিও (৭টি) এই মাঠেই।
বেঙ্গালুরুকে তাই নিজেদের ‘লাকি গ্রাউন্ড’ ভাবতেই পারেন স্টিভেন স্মিথ! ক্রিকইনফো, এএফপি।