আগের দিন অশ্বিন-জাদেজাদের বল ওভাবে ঘুরতে দেখে তাঁরও নিশ্চয়ই হাত নিশপিশ করছিল। পুনের এমন উইকেটে ভারতের মাটিতে নিজের প্রথম টেস্ট। উপলক্ষটা রাঙিয়ে দেওয়ার অনেক রকম স্বপ্নও হয়তো দেখেছেন স্টিভেন ও’কিফ। কিন্তু সবচেয়ে সাহসী স্বপ্নেও কি এ রকম কিছু ভেবেছিলেন? ভেবে থাকলেও প্রথম দুই স্পেলের পর সেই ভাবনা উধাও হয়ে যাওয়ার কথা। ৫ ওভারে ১৯ রান দিয়ে উইকেটশূন্য প্রথম স্পেলে। দ্বিতীয় স্পেলেও উইকেট নেই, এবার দিলেন ৪ ওভারে ১১ রান।
কে জানত, তৃতীয় স্পেলে এসে সেই ও’কিফই হয়ে যাবেন ‘জাদুকর’! দ্বিতীয় বলে লোকেশ রাহুল এক অকারণ শটে ক্যাচ দিলেন ডেভিড ওয়ার্নারের হাতে। চতুর্থ বলে অজিঙ্কা রাহানের দুর্দান্ত ক্যাচ নিলেন পিটার হ্যান্ডসকম্ব। এক বল পর ঋদ্ধিমান সাহাও স্টিভেন স্মিথের হাতে ক্যাচ। এক ওভারেই তিন উইকেট! কিন্তু বাঁ-হাতি অস্ট্রেলিয়ান স্পিনার থামলেন না ওখানেই। পরের ওভারে এসে উইকেট পেলেন না। এরপর আবার টানা তিন ওভারে তিন উইকেট! প্রথম দুই স্পেল মিলিয়ে যিনি ৯ ওভারে ৩০ রান দিয়ে উইকেটশূন্য, সেই ও’কিফেরই তৃতীয় স্পেলে ৪.১ ওভারে ৫ রান দিয়ে ৬ উইকেট! এতেই প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ২৬০ রানের জবাব দিতে নেমে ভারত গুটিয়ে গেল মাত্র ১০৫ রানে!
১১ রানে শেষ ৭ উইকেট হারিয়েছে ভারত। টেস্ট ইতিহাসে এমন ধস আর কখনো নামেনি ভারতের ব্যাটিংয়ে। এর আগে ১৯৮৯-৯০ মৌসুমে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চে ভারত শেষ ৭ উইকেট হারিয়েছিল ১৮ রানে।
৯ উইকেটে ২৫৬ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়ানরা তখন হয়তো ভাবতেই পারেননি, দ্বিতীয় সেশনেই আবার ব্যাটিংয়ে নামতে হবে! শুধু তা-ই নয়, দিন শেষে ২৯৮ রানের লিড থাকবে, এটাও কি ভাবতে পেরেছিলেন স্টিভেন স্মিথ?
৪ উইকেটে ১৪৩ রান করে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। ৫৯ রানে অপরাজিত স্মিথ, ২১ রানে মিচেল মার্শ। অথচ ২৩ রানেই ফিরতে পারতেন স্মিথ। কিন্তু মুরালি বিজয়ের বদান্যতায় সে যাত্রা বেঁচে যান অস্ট্রেলিয়ার অধিনায়ক। দলের রান তখনো ৪০ পেরোয়নি। ২৯ রানে আরেকবার জীবন পেলেন স্মিথ, এবার বদলি ফিল্ডার অভিনব মুকুন্দের হাতে। মিড অনের ওই সুযোগটাকে না হয় ‘হাফ চান্স’ বলা যায়, কিন্তু ৩৭ রানে মুকুন্দ যেভাবে আবারও জীবন দিলেন স্মিথকে, সেটা প্রায় ক্ষমার অযোগ্য অপরাধ। ভাগ্যহত বোলার অশ্বিন ও জাদেজা।
ভারতীয় ফিল্ডারদের মাখনমাখা হাত গলে স্মিথই শুধু বাঁচেননি, জীবন পেয়েছেন ম্যাথু রেনশও। জয়ন্ত যাদবের বলে মিডল অর্ডারে নামা এই ওপেনারের ক্যাচটাও ফেলেছেন বিজয়। রেনশ অবশ্য এরপর টেকেননি বেশিক্ষণ। কিন্তু ভারতকে শাস্তি দিতে টিকে আছেন স্মিথ। মড়ার ওপর খাঁড়ার ঘা, জয়ন্ত যাদবের পর পর দুই ওভারে দুটি রিভিউ নষ্ট করে ফেলেছে ভারত।
২৯৮ রানের চেয়ে বেশি রান তাড়া করে একবারই শুধু ম্যাচ জিততে পেরেছে ভারত। সেটি ছিল চেন্নাইয়ে, ২০০৮ সালে ভারত ৩৮৭ রান করে ৬ উইকেটে হারিয়েছিল ইংল্যান্ডকে। আর ইতিহাস তো চিরকালই উপমহাদেশে চতুর্থ ইনিংসে ব্যাট করা দলের বিপক্ষে। পরিসংখ্যান বলছে, প্রথম ইনিংসে দেড় শ রানের বেশি পিছিয়ে থেকে ৮৪ বার ম্যাচ হেরেছে ভারত। আবার এ পরিসংখ্যানই সাহস দিতে পারে তাদের। মাত্র তিনবার প্রতিপক্ষকে এত বড় লিড দিয়েও ইতিবাচক ফল নিয়ে মাঠ ছেড়েছে তারা। দুটি জয় ও একটি টাইয়ের সেই তিন ম্যাচে প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়াই! ক্রিকইনফো।
সংখ্যায় সংখ্যায়
প্রথম
ঘরের মাঠের টেস্টে এই প্রথম শূন্য রানে আউট বিরাট কোহলি।
তিন
দেড় শ বা এর বেশি রান পিছিয়ে মাত্র দুবার জিতেছে ভারত। একটি টেস্ট টাইও করেছে তারা। তিনটি ম্যাচেই প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া!
১১
১১ রানে শেষ সাত উইকেট হারিয়েছে ভারত। এর আগে এত কম রানে সাত উইকেট হারায়নি দলটি। আগের রেকর্ডটি ছিল ১৮ রানের, ১৯৯০ সালে ক্রাইস্টচার্চ টেস্টে।
নিজেদের মাটিতে ১০৫ কিংবা এর কম রানে মাত্র ১১ বার অলআউট হয়েছে তারা।
২১
শন মার্শ ২১ বল খেলে শূন্য রানে আউট হয়েছেন। তাঁর চেয়ে বেশি বল খেলে অস্ট্রেলিয়ান ওপেনার হিসেবে শূন্য রানে আউট হয়েছেন শুধু মার্ক টেলর (৩৩ বল)।
৬০.৯৫
প্রথম ইনিংসে ভারতের মোট রানের ৬০.৯৫ ভাগই নিয়েছেন লোকেশ রাহুল। তাঁর আউট হওয়ার সময় সেটা ছিল ৬৮.০৯ ভাগ!