সেই ভারতের এমন জয়!

সাদা চোখে দেখলে, তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে এমন জয় প্রত্যাশিতই ছিল ভারতের। কিউইদের ছুড়ে দেওয়া ১৯১ রানের লক্ষ্য ভারত পেরিয়ে গেছে ৬ উইকেট হাতে রেখেই। তখনো বাকি ছিল ১৬.৫ ওভার। কী দাপুটে জয়! সিরিজের প্রথম ওয়ানডেতে এমন কিছুই হয়তো দলের কাছে চাইছিলেন মহেন্দ্র সিং ধোনি।
কিন্তু ম্যাচের আগে এমন কিছু কী ঘুণাক্ষরেও ভাবতে পেরেছিলেন ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক? একে নিউজিল্যান্ডের টেস্ট সিরিজের দলে ফিরে এসেছেন ওয়ানডেতে বর্তমান দলের সবচেয়ে বেশি উইকেট শিকারি বোলার টিম সাউদি (১৩৫ উইকেট)। ফিরেছেন নিউজিল্যান্ডের ওয়ানডে ইতিহাসেরই সবচেয়ে বেশি স্ট্রাইকরেটের ব্যাটসম্যান কোরি অ্যান্ডারসনও (১১৪.৮০)। অন্যদিকে ভারত যেন ছিল গরিবের ছিন্নবস্ত্র। দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা প্রথম তিন ম্যাচে বিশ্রামে। পেস বোলিংয়েও দীনহীন অবস্থা, ইশান্ত শর্মা তো মশাবাহিত চিকুনগুনিয়া রোগে সিরিজের আগেই বাদ পড়েছেন, চোট নতুন করে কেড়ে নিয়েছে ভুবনেশ্বর কুমারকেও। ব্যাটিংয়েও হয়েছে শক্তিক্ষয়, আঙুল ভাঙায় দলে নেই শিখর ধাওয়ান, সুরেশ রায়নাকে কেড়ে নিয়েছে ভাইরাসের সংক্রমণ। ধর্মশালায় আজ ম্যাচের আগে তাই নিউজিল্যান্ডকেই বরং ভাবা হচ্ছিল ফেবারিট।
সেখানে এমন দল নিয়ে উল্টো ভারতের এমন দাপুটে জয় রীতিমতো অবিশ্বাস্য! সেটিও এসেছে কী এক মাহেন্দ্রক্ষণে। আজই ছিল ওয়ানডেতে ভারতের ৯০০তম ম্যাচ। এর চেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড নেই আর কোনো দলের।
মাইলফলক ম্যাচে এমন দাপুটে জয়ের জন্য ধোনির বিশেষ ধন্যবাদ পাবেন হার্দিক পান্ডিয়া। আজই ভারতের হয়ে ওয়ানডে অভিষেক হলো ২৩ বছর বয়সী অলরাউন্ডারের। শুরুটা কী দুর্দান্তই না হলো! প্রথম ওভারেই বোলিং করতে এসে প্রথম পাঁচ বলে ১৩ রান দিয়েছিলেন, কিন্তু ওভারের শেষ বলেই আউট করেন মার্টিন গাপটিলকে। সেই শুরু! এরপর ওপেনিং বোলিংয়ের সঙ্গী উমেশ যাদবকে নিয়ে কিউইদের ভুগিয়ে গেছেন পান্ডিয়া। দুজনের তোপে ৪৮ রানের মধ্যেই প্রথম পাঁচ উইকেট হারায় নিউজিল্যান্ড। পান্ডিয়া নিয়েছেন ৩ উইকেট, যাদব দুটি। এরপর কেদার যাদবও তিন ওভার হাত ঘুরিয়ে দুই উইকেট তুলে নিলে ৬৫ রানের ৭ উইকেট চলে যায় কিউইদের।
সেখান থেকেও যে নিউজিল্যান্ড শেষ পর্যন্ত ১৯০ রান করতে পেরেছে সেটি মূলত টিম সাউদি ও টম ল্যাথামের সৌজন্যে। ১০৬ রানে অষ্টম উইকেট হারানোর পর ক্রিজে আসেন সাউদি। এসেই পাল্টা আক্রমণ, ৪৫ বলে করেন ৫৫ রান। আর ল্যাথাম? তিনি গড়েছেন অনন্য কীর্তি। পুরো ইনিংসের আদ্যন্ত ব্যাট করেছেন। ওয়ানডে ইতিহাসেই যে কীর্তি এর আগে ছিল শুধু ৯ ব্যাটসম্যানের। নিউজিল্যান্ডের হয়ে এটিই প্রথম। সাউদি নামার আগে একাই লড়ে যাচ্ছিলেন। সাউদির সঙ্গে গড়েন ৬৯ রানের জুটি। নিজে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৯৮ বলে ৭৯ রান নিয়ে।
ভাঙাচোরা দল হলেও কোহলি-রোহিতদের সামনে ১৯১ আর এমন কী লক্ষ্য! শেষ পর্যন্ত ধর্মশালার ওয়ানডেটা তাই রূপ নিল ভারতের ব্যাটিং ‘কর্মশালা’য়। যাতে সবচেয়ে ভালো ‘অনুশীলন’ হলো কোহলিরই। তিনে নেমে ৮১ বলে ৮৫ রান করেছেন বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান। এর বাইরে রাহানের ৩৩, ধোনির ২১ ও অন্য তিন ব্যাটসম্যানের দুই অঙ্ক ছোঁয়া ইনিংসগুলোতে ভারত লক্ষ্যটা পেরিয়ে গেল ছয় উইকেট ও ১০১ বল হাতে রেখে।