
চন্ডিকা হাথুরুসিংহের ‘গবেষণা’য় দলের সিনিয়র খেলোয়াড়েরা অসন্তুষ্ট হতে পারেন, তবে তা নিয়ে একদমই চিন্তিত নন বাংলাদেশ দলের কোচ। কাল দুপুরে এ নিয়ে মুঠোফোনে বললেন, ‘আমার মাথায়ই ব্যাপারটা নেই। এ রকম কিছু শুনিওনি। যতক্ষণ লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক থাকে, আমার মনে হয় না এসব নিয়ে ভাবার কিছু আছে। আমি আমার ছেলেদের নিয়ে গর্বিত।’
তবে প্রসঙ্গটা ওঠায় পরীক্ষা-নিরীক্ষার আসল কারণ তুলে ধরার প্রয়োজন মনে করলেন হাথুরুসিংহে। গত বছর ৫০ ওভারের বিশ্বকাপ থেকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দেশে ফেরত পাঠাতে হয়েছিল আল আমিনকে। পরে কাঁধে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান এনামুল হকও। বিকল্প হিসেবে দেশ থেকে উড়িয়ে নেওয়া হয়েছিল ইমরুল কায়েস ও শফিউল ইসলামকে। ওপেনার ইমরুল তিন ম্যাচে করেছিলেন মাত্র ৯ রান। শফিউল খেলারই সুযোগ পাননি। হাথুরুসিংহে জানালেন, সে অভিজ্ঞতা মনে রেখেই এবার দল নিয়ে এত গবেষণা, ‘গত বিশ্বকাপে আমাদের হাতে মাত্র ১৫ জন খেলোয়াড় ছিল। দু-একজন চোটে পড়ার পর বিকল্প হিসেবে যাঁদের পেয়েছিলাম, তাঁরা সব দিক দিয়েই অন্যদের তুলনায় পিছিয়ে ছিল। সেই একই ভুল আবার করতে চাই না। এ কারণেই এবার এত পরীক্ষা-নিরীক্ষা।’
বিশ্বকাপের আগে দেশের মাটিতে এশিয়া কাপটাও হবে টি-টোয়েন্টি ম্যাচের। লম্বা সময় ধরে ক্রিকেটাররা খেলার মধ্যে থাকবেন বলেই একটু বেশি সাবধানী কোচ, ‘বিশ্বকাপের আগে এশিয়া কাপ আছে, সেটাও মাথায় রাখতে হবে। আমি নিশ্চিত হতে চাই, অন্তত ১৮-২০ জন খেলোয়াড় খেলার জন্য প্রস্তুত আছে।’
জিম্বাবুয়ে সিরিজের এখনো দুই ম্যাচ বাকি। হাথুরুসিংহে তাই এখনই কোনো উপসংহারে যাচ্ছেন না তাঁর গবেষণা নিয়ে, ‘পরীক্ষা-নিরীক্ষা আরও হবে। সিরিজ শেষেই কেবল ভালোভাবে বলতে পারব, কতটা সন্তুষ্ট হলাম। তৃতীয় ও চতুর্থ ম্যাচে আমরা আরও কিছু জিনিস দেখব। এগুলো করার মূল উদ্দেশ্যই হলো, টি-টোয়েন্টি খেলোয়াড়দের পুলটাকে বড় করা।’ এই দুই ম্যাচে মূলত নতুন খেলোয়াড়দেরই দেখবেন কোচ, ‘আমরা জানি তারা যথেষ্ট ভালো। তবে আন্তর্জাতিক ক্রিকেটে কেমন খেলে, সেটাও দেখতে হবে। দেশের হয়ে খেলাটা সব সময়ই আলাদা। আমরা দেখতে চাই, সেখানে তাদের খেলার ধরনটা কেমন হয়।’
চোটের কারণে এই দুই ম্যাচে দলে থাকবেন না মুশফিকুর রহিম। দলের বাইরে থাকা মুস্তাফিজুর রহমানও ভুগছেন কাঁধের চোটে। তাঁদের চোট নিয়ে ভালোই চিন্তিত মনে হলো কোচকে, ‘অনেক বড় চিন্তার বিষয় তাদের চোট। আমরা সবাই মিলেই চেষ্টা করব মুশফিক যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। মুস্তাফিজ সম্পর্কে অবশ্য এখনই কিছু বলতে পারছি না। ২৪ ঘণ্টা পর ফিজিওর রিপোর্ট পাওয়ার কথা। এরপরই বোঝা যাবে কী অবস্থা।’