মজিদের পর সানির ৬ উইকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার লিগে আরেকটি সেঞ্চুরি পেলেন মজিদ। ছবি: শামসুল হক
প্রিমিয়ার লিগে আরেকটি সেঞ্চুরি পেলেন মজিদ। ছবি: শামসুল হক

আবদুল মজিদ যে মারতে জানেন সেটা ইংল্যান্ডের বোলাররাও জানেন। বিসিবি একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচে ইংলিশ বোলারদের বেধড়ক পিটিয়েছিলেন মজিদ। আজ অতটা নির্দয় হননি মজিদ। তবে তাঁর ১১৬ রানই ব্যবধান গড়ে দিল ভিক্টোরিয়া ও প্রাইম দোলেশ্বরের মাঝে। বিকেএসপিতে মজিদের দোলেশ্বরের কাছে ১১৯ রানে হেরেছে ভিক্টোরিয়া।

গত বছর অক্টোবরে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বেন স্টোকস, স্টুয়ার্ট ব্রডদের ইংল্যান্ড দলকে চমকে দিয়েছিলেন আবদুল মজিদ। বিসিবি একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচে খেলেছিলেন বিস্ফোরক এক ইনিংস। ৯৫ বলে ১০৬ রানের সেই ইনিংস ইংলিশ বোলারদের এতটাই ভড়কে দিয়েছিল যে প্রস্তুতি ম্যাচেও ধৈর্য হারিয়ে স্লেজিং শুরু করেছিলেন স্টোকস। ম্যাচে ১৬টি বাউন্ডারি মেরেছিলেন মজিদ। ছিল একটি ছক্কাও।
সে ইনিংসের পর আজ আবার সেঞ্চুরি পেয়েছেন মজিদ। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তাঁর পঞ্চম সেঞ্চুরি। ৫৩টি লিস্ট ‘এ’ ম্যাচে ১ হাজার ৭৪৯ রান তাঁর। ৫ সেঞ্চুরির সঙ্গে আছে ১১টি ফিফটি।
গত মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন ভিক্টোরিয়ার হয়ে। ভালোই খেলেছেন মজিদ, সেঞ্চুরি করেছিলেন গোটা দুই। আজ পুরোনো দল ভিক্টোরিয়ার বিপক্ষেই করলেন আরেকটি সেঞ্চুরি। প্রাইম দোলেশ্বরের হয়ে ১১৪ বলে ১১৬ রান করে আউট হয়েছেন মজিদ। ইনিংসে বাউন্ডারি ৭টি, ছক্কা ৫টি। ৫৮ রানই তিনি নিয়েছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। দলের দ্বিতীয় সর্বোচ্চ রান চতুরঙ্গা ডি সিলভার। ২৫ বলে ছয় চার ও চার ছক্কায় ৬৪ রান করেছেন চতুরঙ্গা। সঙ্গে ইমতিয়াজ হোসেনের ৩৬, শাহরিয়ার নাফীস ৩৪ ও শরীফুল্লাহর ৩৯ রানে ৩৩৯ রানের বড় সংগ্রহ পেয়েছে দোলেশ্বর।
জবাবে আরাফাত সানির বোলিং তোপে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি ভিক্টোরিয়া। ৫৬ রানে ৬ উইকেট পেয়েছেন সানি। ৪৫.৫ ওভারেই ২২০ রানে অলআউট ভিক্টোরিয়া।
এদিকে লিজেন্ড অব রূপগঞ্জ (২৩৯) ফতুল্লায় ২৮ রানে হারিয়েছে খেলাঘরকে (২১১)।