সেই মাঠেই সৌম্যর ফেরার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই বছরে ১৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেও ব্যর্থতার বৃত্তেই ছিলেন। সেই ব্যর্থতা থেকে বেরোতে ঢাকা লিগে ভালো করতে চান সৌম্য
এই বছরে ১৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেও ব্যর্থতার বৃত্তেই ছিলেন। সেই ব্যর্থতা থেকে বেরোতে ঢাকা লিগে ভালো করতে চান সৌম্য

পাশাপাশি তিনটি মাঠ। সব কটিই সৌম্য সরকারের খুব চেনা। ২০০৬ সালে বিকেএসপিতে ভর্তি হওয়ার পর ক্রিকেটের পাঠ নিয়েছেন এই মাঠগুলোতেই। এবারের ঢাকা প্রিমিয়ার লিগ হচ্ছে ৩ নম্বর মাঠে। আজ এখানেই ভিক্টোরিয়ার মুখোমুখি সৌম্যের লিজেন্ডস অব রূপগঞ্জ। বহু চেনা মাঠেই সৌম্য চালিয়ে যাবেন ফেরার লড়াই। ফিরতে চাইছেন ছন্দে।
ঢাকা লিগের গত মৌসুমে বিকেএসপির এই মাঠে ৪ ম্যাচে ৩২ গড়ে করেছিলেন ১২৮ রান। ছিল ৮১ রানের দুর্দান্ত একটি ইনিংস, সুপার লিগে প্রাইম ব্যাংকের হয়ে করেছিলেন রূপগঞ্জের বিপক্ষে। সময় পাল্টে দিয়েছে চিত্র। গতবারের প্রতিপক্ষ রূপগঞ্জের হয়েই এবার সৌম্য এগোবেন সাফল্যের আশায়। বিকেএসপির এই মাঠটিতে অতীত রেকর্ডও তাঁর প্রেরণা হতে পারে। এখানে খেলা ৭টি লিস্ট ‘এ’ ম্যাচে ৪২.১৬ গড়ে করেছেন ২৫৩ রান। অন্তত ৫টি লিস্ট ‘এ’ খেলেছেন এমন মাঠ হিসাবে নিলে এটি তাঁর দ্বিতীয় ‘পয়মন্ত’ মাঠ। প্রথমটি মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম।
কাল পর্যন্ত উইকেট সম্পর্কে বিস্তারিত না জানলেও পরশু এই মাঠে প্রাইম দোলেশ্বরের ব্যাটিংও বেশ আত্মবিশ্বাসী করে তুলছে সৌম্যকে, ‘এখনো উইকেট দেখিনি। এ মুহূর্তে উইকেট কেমন হবে, বলা কঠিন। যতটুকু শুনেছি, ব্যাটিং উইকেটই নাকি হবে। তা হলে অবশ্যই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করব।’
আন্তর্জাতিক ক্রিকেটে এসেই দৃষ্টিনন্দন ব্যাটিং আর ধারাবাহিক ভালো খেলে দৃষ্টি কাড়েন সৌম্য। তবে তাঁর সব ঝলক এখনো পর্যন্ত ওয়ানডেতেই সীমাবদ্ধ। এই বছরে ১৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেও বাঁহাতি ওপেনার ব্যর্থতার বৃত্তেই ছিলেন। সেই ব্যর্থতা থেকে বেরোতে এবারের ঢাকা লিগে ভালো করতে চান সৌম্য। কতটা ভালো? তাঁর উত্তর, ‘আগেরবার যেমন খেলেছি তার চেয়ে ভালো’।
২০১৪-১৫ মৌসুমে ঢাকা লিগ দুর্দান্তই গেছে। ১৫ ম্যাচে ৪১ গড়ে করেছিলেন ৬১৫ রান। লিগে জিতেছিল তাঁর দল প্রাইম ব্যাংক, ফাইনালে ৭ ছক্কা ৭ চারে ৯৭ রান করে হয়েছিলেন ম্যাচের সেরা। মাত্র একটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা নিয়ে সৌম্য এর পর সুযোগ পেয়ে যান বিশ্বকাপের দলে। এবার তাঁর সামনে এমন কোনো মিশন নেই। তবে আছে নিজেকে ফিরে পাওয়ার চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে উতরে যেতে গত কদিনে ভীষণ পরিশ্রমই করেছেন তিনি, ‘অনেক দিন ধরে কাজ করেছি। অনুশীলন করে যাচ্ছি। অনুশীলন করছি নিজের ভুলগুলো ঠিক করার জন্য।’
কঠোর পরিশ্রম কখনোই বৃথা যায় না!