সেই মাশরাফি কুমিল্লাকে নিলেন শেষ চারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধিনায়ক মাশরাফি, যিনি পরাজিতকেও সবার আগে অভিবাদন জানান! ছবি: শামসুল হক
অধিনায়ক মাশরাফি, যিনি পরাজিতকেও সবার আগে অভিবাদন জানান! ছবি: শামসুল হক

লটারিতে স্থানীয় ‘আইকন’ মাশরাফি বিন মুর্তজাকে বেছে নেওয়ার সময় উচ্ছ্বাস ছিল না কুমিল্লা ভিক্টোরিয়ানসের। সাকিব আল হাসানকে না-পাওয়ার হতাশা লুকোতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। বিশ্ব সেরা অলরাউন্ডারকে লটারিতে প্রার্থনা করেছিল নিশ্চয়ই ছয়টি দলই। কিন্তু কুমিল্লা পরে তাদের আক্ষেপটি লুকিয়েও রাখতে পারেনি। যে দলটাকে নিয়ে যাত্রা শুরু হলো, সেটিও তারকাঠাসা নয়। শুরুতে হোঁচটও খেল।
অনেকের হিসাব উল্টে দিয়ে সেই কুমিল্লাই প্রথম দল হিসেবে চলে গেল এবারের বিপিএলের শেষ চারে। এবং কুমিল্লার দুর্দান্ত যাত্রার নেতৃত্ব সামনে থেকেই দিলেন মাশরাফি। তাঁর নেতৃত্বের জাদু এতটাই—পুরো ফিট নন, বোলিং করতে পারবেন না, ব্যাটিংটাও হবে না পুরো শক্তির; তবুও শুধু অধিনায়ক মাশরাফিকেই চায় কুমিল্লা। কার্যত দলে মাশরাফি খেলছেনও শুধু অধিনায়কের ভূমিকায়।
কুমিল্লার এ সাফল্যের পেছনে আরও অনেক কারণ অবশ্যই আছে। আছে অনেকের অবদান। তবে এক শব্দে বললে বলতে হবে মাশরাফির নামটাই। একটা দলের চেহারা বদলে দিতে ওই নামটা যথেষ্ট। মাশরাফির সর্বশেষ দুটো ম্যাচের পারফরম্যান্স শিট দেখুন। ফাঁকা পড়ে রয়েছে ঘর দুটো। ‘পুরোনো বন্ধু’ চোট আবারও হাত বাড়িয়ে দেওয়ায় বোলিং-ব্যাটিং কিছুই করা হয়নি! তবে ম্যাচ দুটির ফলে তাকান। জ্বলজ্বল করছে দুটি জয়। মাঠে অধিনায়ক মাশরাফির ছায়াও যেন প্রতিপক্ষের বিরাট বাধা।
মাশরাফি ব্যাটে-বলে ‘খেলছেন’ না। তবে তাঁর ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্ক খেলে যাচ্ছে প্রতি মুহূর্তে। টি-টোয়েন্টি এমনই এক ক্রিকেট, যেখানে অধিনায়কের চাপ সবচেয়ে বেশি। প্রচণ্ড গতিশীল এক খেলা। মুহূর্তে মুহূর্তে বদলাতে হয় ছক। সেই কাজটিই করেছেন মাশরাফি। পরাজয়ের বৃত্তে ঘুরতে থাকা বাংলাদেশ দলকে যেভাবে বদলে দিয়েছেন, একইভাবে বদলে দিয়েছেন অনেকের চোখে সাদামাটা এক দল কুমিল্লাকেও।
মাশরাফি আজ জানালেন, তিনি তারকা চেনেন না, চেনেন পারফরমার, ‘প্রথম থেকে এই দল নিয়েই খেলছি। বড় তারকা আমাদের হয়তো নেই। গুরুত্বপূর্ণ হচ্ছে, একটা দল হিসেবে আমরা কেমন খেলছি। আর যে উইকেট, একজন পারফর্ম করার চেয়ে পুরো দল হিসেবে যারা খেলছে তারাই জিতছে। দলে পারফরমার সংখ্যা যত বেশি থাকবে, জেতার সম্ভাবনাও তত বেশি। আমাদের দলে সবাই কিছু না কিছু অবদান রেখেছে।’
শুরুর দিকে দলের সমন্বয় করতে কুমিল্লাকে যথেষ্ট বেগই পেতে হয়েছে। বোলার বাড়ালে ব্যাটসম্যান কমে যায়। ব্যাটসম্যান বাড়ালে বোলার কমে যায়। সে সমস্যার সমাধানও হয়েছে। অধিনায়ক সমাধানের প্রক্রিয়াটা জানালেন এভাবে, ‘প্রথম ম্যাচের আগে কোচের সঙ্গে যখন দল গঠনে বসেছি, এমন একটা অবস্থা ছিল, পাঁচটা বোলার নিলে ছয় ব্যাটসম্যান হয়ে যায়। একটা ব্যাটসম্যান বাড়াতে গেলে অপশনাল চারটা বিশেষজ্ঞ বোলার হয়ে যায়। ওই সময় খুব কঠিন মনে হচ্ছিল। জাহিদি বাইরে বসে ছিল। আমরা ওকে নিয়ে কিছুটা ঝুঁকি নিয়েছি। এর আগে তাকে দেখিইনি। টি-টোয়েন্টি বিশেষজ্ঞ কি না, তাও জানতাম না। তবে সে অবিশ্বাস্য পারফরম্যান্স করে যাচ্ছে। দল হিসেবে খেলা, সবার পারফর্ম করা। এর পাশাপাশি মাঠের বাইরেও কিছু কাজ করা। সব মিলিয়ে মাঠে-মাঠের বাইরে খুবই ভালো করছি।’’

মাশরাফি যে ‘মাঠের বাইরে’র কথা বললেন, এখানেও অন্য দলের তুলনায় অনেক এগিয়ে কুমিল্লা। খেলোয়াড়দের পারফরম্যান্স যা-ই হোক, ফ্র্যাঞ্চাইজি থেকে কোনো চাপ নেই। আর্থিক বিষয়েও এখনো পর্যন্ত যথেষ্ট পেশাদারির পরিচয় দিয়েছে কুমিল্লা। বিপিএলের আগের অভিজ্ঞতার কারণে পারিশ্রমিক নিয়ে একটা দুশ্চিন্তা থাকতেই পারে খেলোয়াড়দের। কিন্তু কুমিল্লা এ দিক দিয়ে স্বচ্ছ থেকেছে। আস্থা অর্জন করেছে খেলোয়াড়। সেই আস্থা থাকলেই না দলের জন্য নিজেকে উজাড় করে দেবে খেলোয়াড়েরা।
সাফল্যের পেছনে এটিকেও গুরুত্বপূর্ণ কারণ মনে করছেন মাশরাফি, ‘কোচ ও অধিনায়কই পরিকল্পনা করবে। তবে মালিকপক্ষের বক্তব্যও থাকতে পারে। দিন শেষে অধিনায়ক ও কোচের সিদ্ধান্তই জরুরি। ধন্যবাদ আমাদের মালিকপক্ষকে। রাব্বি চোটে পড়ার পরও টুর্নামেন্টের শুরুতেই পঞ্চাশ ভাগ টাকা পেয়েছে। এসব কিন্তু খেলোয়াড়দের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলে।’
কুমিল্লার অগ্রযাত্রার আরও একটি কারণ, স্থানীয় খেলোয়াড়দের জ্বলে ওঠা। মাশরাফির চোটের কারণে বিদেশি কোনো খেলোয়াড়কে অধিনায়কত্ব দিতে পারত ফ্র্যাঞ্চাইজি। কিন্তু মাশরাফির চেয়ে স্থানীয় খেলোয়াড়দের কে ভালো চিনবে-বুঝবে! অধিনায়ক নিজেও চেয়েছেন, জিততে হলে স্থানীয় খেলোয়াড়দের পারফর্ম করার বিকল্প নেই, ‘বোলিং করতে পারছি না। আমি না থাকলে দল চালানোর জন্য একজন বিদেশির ওপর নির্ভর করতে হবে। সেটা আমরা এখনই চাচ্ছি না। চাইলে সমস্যাও নেই। কিন্তু তারা আমাদের স্থানীয় ছেলেদের ভালো করে চেনে না। স্থানীয় ছেলেরা যত বেশি পারফরম্যান্স করবে, তত ভালো। স্থানীয় বোলারদের খুব কাছ থেকে চিনি। এ জন্য মাঠে থাকতে হচ্ছে। ভবিষ্যতের কথা চিন্তা করে তেমন চাপ নিচ্ছি না। আশা করি সমস্যা হবে না।’
শেষ চার নিশ্চিত হলো। মাশরাফির পরের লক্ষ্য ফাইনালে ওঠা। তার পর? পরের গল্পটার জন্য না হয় আর কিছুদিন অপেক্ষা করুন।