সেই মুস্তাফিজ এই মুস্তাফিজ

ওয়ানডে অভিষেকে অমন কীর্তির পর কাছের মানুষেরা অভিনন্দন জানাতে চাইবেনই। কাল তাই মুঠোফোনে প্রচুর কল পাচ্ছিলেন মুস্তাফিজুর রহমান। যদিও বিকেল পর্যন্ত কারও সঙ্গেই ভালো করে কথা বলা হয়নি। বোলারদের নিয়ে টিম হোটেলে কোচরা আলাদা মিটিং করেছেন। আরও টুকটাক কাজ ছিল। স্বপ্নময় রাতের পরের দিনটা দারুণ ব্যস্ততায় কেটেছে। ফোন ধরার সময় কই?
১৯ বছর বয়সী মুস্তাফিজের ক্লান্তি সন্ধ্যায় ধরা পড়ছিল মুঠোফোনেও, ‘বিকেল চারটা পর্যন্ত আমি খুব ব্যস্ত ছিলাম। মিটিং ছিল, অন্যান্য কিছু কাজও করতে হয়েছে। সব মিলিয়ে সময়ই পাইনি কারও সঙ্গে কথা বলার।’ তবে বাবা-মায়ের সঙ্গে কথা হয়ে গেছে পরশু রাতেই। অন্য সবার চেয়ে তাঁদের অভিনন্দনই সবচেয়ে মূল্যবান বাংলাদেশের ক্রিকেটের নতুন আবির্ভাবের কাছে।
পরশু রাত থেকে শুরু হয়ে মুস্তাফিজ-সংক্রান্ত আলোচনা এখনো ভেসে বেড়াচ্ছে বাংলাদেশের ক্রিকেটের আকাশে-বাতাসে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রবল আগ্রহ—কে এই মুস্তাফিজ, কোত্থেকে তাঁর আগমন? আগ্রহ বেড়েছে স্বদেশি মিডিয়ারও। অনূর্ধ্ব-১৯ এবং ‘এ’ দল ছাড়াও গত মৌসুমে প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলেছেন আবাহনীর হয়ে। দুই মৌসুম ধরে খেলছেন প্রথম শ্রেণির ক্রিকেটও। মুস্তাফিজ সম্পর্কে প্রাথমিক ধারণাটও তাই সবারই আছে। কিন্তু পরশু রাতের পর যে আরও গভীরে চলে যাচ্ছে মুস্তাফিজ নামক বিস্ময়ের রহস্যানুসন্ধান!
মুস্তাফিজের ঠিকানা হলো গ্রাম তেঁতুলিয়া, ইউনিয়ন তারালি, থানা কালীগঞ্জ, জেলা সাতক্ষীরা। ৪০ কিমি দূরের গ্রাম থেকে অনুশীলনের জন্য প্রতিদিন সাতক্ষীরা শহরে আসাটা ব্যয়বহুল এবং কষ্টসাধ্য। অনেক সময় তাই বাড়িতেই নেমে যেতেন বল নিয়ে। মাছের ঘেরের ব্যবসা আছে পরিবারের। ঘরে পড়ে আছে অনেক পুরোনো জাল। বাড়ির উঠোনে সেই জাল টানিয়ে চলত তাঁর বোলিং অনুশীলন।
তরুণ এই পেসারকে কেউ আরও ভালো করে জানতে চাইলে সাহায্য নিতে পারেন বিসিবির হাইপারফরম্যান্স ইউনিটের সহকারী কোচ মাহবুব আলী জাকির। ২০১১ সালে যখন মুস্তাফিজ প্রথম বিসিবির পেস ফাউন্ডেশনে আসেন, কাজ করেছেন এই পেস বোলিং কোচের অধীনেই। জাকির কাছে সেই মুস্তাফিজ আর এই মুস্তাফিজের পার্থক্য জানতে চাইলে একটু আবেগপ্রবণই হয়ে পড়েন তিনি, ‘আজও (গতকাল) আমি ওর সেই ভিডিওটা দেখছিলাম...প্রথম যেদিন পেস ফাউন্ডেশনে বল করল সেদিনের ভিডিও। গাঢ় সবুজ রঙের স্যান্ডো গেঞ্জি পরে বল করছে শুকনো একটা ছেলে। আমি যদি এখন কাউকে ভিডিওটা দেখিয়ে বলি, এটাই আমাদের মুস্তাফিজ, তাহলে সবাই হাসবে।’
পেস ফাউন্ডেশনের মুস্তাফিজ আর আজকের মুস্তাফিজের বোলিংয়ে অনেক পার্থক্যও দেখেন জাকি, ‘মুস্তাফিজের সবচেয়ে ইতিবাচক দিক, বল করে ও সহজে ক্লান্ত হয় না। তবে তখন বোলিংটা এত নিখুঁত ছিল না। ফ্রন্ট ফুটে সমস্যা ছিল। ল্যান্ড করার পর পা-টা ব্যাটসম্যানের দিকে থাকা উচিত, কিন্তু ওর পা থাকত ফাইন লেগের দিকে। মাথা নেমে যেত, শরীরের এলাইনমেন্ট ঠিক ছিল না। বায়োমেকানিক্যাল ওই সমস্যা এখনো একটু রয়ে গেলেও বোলিংয়ে অনেক উন্নতি করেছে সে। আর সুইংটা তো শুরু থেকেই ভালো।’
২০১০ সালে আন্তস্কুল ক্রিকেটের সেরা ৬০ খেলোয়াড়কে নিয়ে একটা ক্যাম্প হয়েছিল। সেই প্রথম মুস্তাফিজের বিসিবির ‘রাডারে’ আসা। ৬০ থেকে বাছাই করা সেরা ১৮-তে সুযোগ না পেলেও মুস্তাফিজ আবারও বিসিবির আতশি কাচের নিচে আসেন পেস ফাউন্ডেশনে সুযোগ পেয়ে। ২০১১ ও ২০১২—দুই বছর ছিলেন পেস ফাউন্ডেশনে। গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলে ছয় ম্যাচে পান ৯ উইকেট। এর পরই ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর। মুস্তাফিজের মধ্যে নির্বাচকেরা কী এমন দেখেছিলেন যে, হুট করেই তাঁর সামনে খুলে দিলেন ‘এ’ দলের দরজা? নির্বাচক হাবিবুল বাশারের ব্যাখ্যা, ‘সৈয়দ রাসেল আর সাজিদের সম্ভাবনা আস্তে আস্তে কমে যাওয়ায় আমাদের মনে হচ্ছিল নতুন এক-দুজন বাঁহাতি পেসার দরকার। রাডারে এ রকম দু-তিনজন ছিল। তাদের মধ্যে মুস্তাফিজের সম্ভাবনাই বেশি দেখি আমরা। ওকে মনে হয়েছে লম্বা রেসের ঘোড়া।’
হোটেল, ড্রেসিংরুম, মাঠ—সব জায়গায় খুব কাছ থেকে দেখে জাতীয় দলের এই নবাগতকে নিয়ে তাসকিন আহমেদেরও একই আশা। দুজনের বয়সের ব্যবধান মাত্র এক বছর। ওয়ানডে অভিষেকও ঠিক এক বছরের ব্যবধানে এবং দুজনের অভিষেকই ৫ উইকেটের সাফল্যে রঙিন। অনূর্ধ্ব-১৯ দলের নেটে প্রথম দেখা মুস্তাফিজকে দলে পেয়ে সবচেয়ে বেশি খুশি যেন তাসকিনই। দুপুরে হোটেল থেকে বের হওয়ার সময় বলছিলেন, ‘ও অনেক ভালো বোলার। কাটারটা অসাধারণ দেয়। একদিন দেখবেন আমরা দুজনই...।’
বাকিটা আর বললেন না। বলার দরকারও হয়নি। মুস্তাফিজকে সঙ্গী করে ভবিষ্যৎ বাংলাদেশ দলের পেস আক্রমণের দায়িত্ব নেওয়ার আত্মবিশ্বাসই খেলা করছিল তাসকিনের চোখেমুখে।