সেই ম্যাচ, সেই জয়

শফিউল ইসলামের মনটাই খারাপ হয়ে গেল। ‘আমি ব্যাটিংয়ে নামলাম। অমনি দর্শকেরা সব চলে যেতে লাগল! সমস্যা কী? আমি ম্যাচ জেতাতে পারব না?’
সেই মন খারাপ থেকে চেপে বসল জেদ। যে করেই হোক ম্যাচ জিতে ফিরতে হবে। মাঠ ছেড়ে যাওয়া দর্শকদের মনে জয় দেখতে না পারার জ্বালা ধরাতে হবে। আর যাঁরা এখনো গ্যালারি থেকে বের হয়ে যাননি, তাঁদের ওখানেই বসিয়ে রাখতে হবে।
১৬৯ রানে ৮ উইকেট পড়ে গেছে বাংলাদেশ দলের। ইংল্যান্ডের ছুড়ে দেওয়া লক্ষ্য ২২৬। তার মানে আরও করতে হবে ৫৭ রান। ম্যাচের বাকি ১০ ওভার ২ বল। শফিউল উইকেটে গিয়ে সঙ্গী হিসেবে পেলেন মাহমুদউল্লাহকে। ড্রেসিংরুমে প্যাড পরে বসে রুবেল হোসেন। অ্যান্ডারসন-সোয়ানদের বিপক্ষে এই নিয়ে কি জেতা সম্ভব?
সোয়ানের এক ওভারে চার আর ছক্কা মেরে শফিউলের জেদ আত্মবিশ্বাসে রূপান্তরিত। ইনিংসের ৪২তম ওভার। চতুর্থ বলটা কাভারের ওপর দিয়ে তুলে মেরে বাউন্ডারি। শেষ বলে লং অনের ওপর দিয়ে ছক্কা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নিষ্প্রাণ গ্যালারিতে ফিরল প্রাণের ঢেউ। বাংলাদেশ দলের ড্রেসিংরুমও যেন একটু আশার আলোয় আলোকিত।
শফিউল: আমার পরিকল্পনা ছিল রিয়াদ (মাহমুদউল্লাহ) ভাইকে শেষ পর্যন্ত সাপোর্ট দিয়ে যাব। ৫০ ওভার পর্যন্ত খেলব। ড্রেসিংরুম থেকে সাকিব ভাই, মুশফিক ভাই, তামিম ভাইরা সেটাই বলে দিয়েছিলেন। কিন্তু সোয়ানকে চার, ছক্কা মারার পর মনে হলো ম্যাচটা আমরাই জিতব। রিয়াদ ভাইও কাছে এসে তা–ই বললেন। আমাদের ম্যাচ জিতে ফিরতে হবে।
সোয়ানের ওই ওভারে মাহমুদউল্লাহও বাউন্ডারি মেরেছিলেন একটা। ৬ বলে এল ১৬, ঘুরে গেল ম্যাচ। সমীকরণটা দাঁড়াল ৪৮ বলে ৩৯ রান। বাংলাদেশ লক্ষ্যে পৌঁছে যায় এক ওভার বাকি থাকতেই। সেটাও সহজ হয়েছে শফিউলের সাহসী ব্যাটিংয়ে। ব্রেসনানকে এক ওভারে দুই চার। পরের ওভারে অ্যান্ডারসনকেও দারুণ এক বাউন্ডারিতে পূর্ণ হলো ৫০ রানের জুটি।
মাঠে সেদিন আরেকটা কথাও মনে পড়ে গিয়েছিল শফিউলের। এক ম্যাচ আগে ঢাকায় আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেট নিয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন। এক সাংবাদিক প্রশ্ন করলেন, ‘বোলিং করে তো ম্যাচ জেতানই। ব্যাটিং করে কবে জেতাবেন?’ উত্তরে লাজুক হেসে শফিউল বলেছিলেন, ‘দেখি..।’ সেই দেখা দেখে ফেললেন চট্টগ্রামে গিয়েই।
শফিউল: মাঠে হঠাৎই মনে পড়ল প্রেস কনফারেন্সের প্রশ্নটা। মনে হলো, আজই তো সেই সুযোগ...।
অপরাজিত ২৪ রান করে সুযোগটা ভালোভাবেই কাজে লাগালেন শফিউল। তবে ব্রেসনানকে কাভার ড্রাইভে চার মেরে উইনিং শটটা ছিল মাহমুদউল্লাহর। ইংল্যান্ডকে ঘরের মাঠে, তা–ও বিশ্বকাপে হারানোর আনন্দে ভাসল বাংলাদেশ। শফিউলের ভাষায়, ‘আমার জীবনের একটা বিশেষ দিন ওটা। সে সময়ের কথা আসলে বলে বোঝাতে পারব না। সেই অনুভূতিটা ফিরিয়ে আনা যাবে না। আরেকবার ওই পরিস্থিতি এলেই কেবল সেটা অনুভব করা সম্ভব।’
প্রায় ছয় বছর আগের স্মৃতিতে ফিরে গিয়ে মাহমুদউল্লাহরও প্রায় একই বক্তব্য, ‘সেই স্মৃতি ভোলার নয়। যে পরিস্থিতি থেকে ম্যাচটা আমরা জিতেছি, অবিশ্বাস্য।’ বড় দলের বিপক্ষে কঠিন পরিস্থিতিতে ম্যাচ জেতার সামর্থ্যের জানানটা বাংলাদেশ দল সেদিনই প্রথম দিয়েছিল। মাহমুদউল্লাহর ভাষায়, ‘আমার তো মনে হয় বাংলাদেশের ক্রিকেট সেদিনই নতুন একটা যাত্রা শুরু করেছে। বড় দলের বিপক্ষেও আমরা ঘুরে দাঁড়িয়ে জিততে পারি, এই বিশ্বাস জন্ম নিয়েছে সবার মনে।’
খাদের কিনারায় দাঁড়িয়েও ব্যাট হাতে শফিউলের আত্মবিশ্বাস আশা জাগিয়েছিল মাহমুদউল্লাহর মনে, ‘ওকে প্রথমে বলি, কী আর হবে! ৮ উইকেট তো পড়েই গেছে। স্বাভাবিক খেলা খেলো। কিন্তু ইংল্যান্ডের বোলাররা উইকেট নেওয়ার চেষ্টা করায় আমাদের সুবিধা হয়ে গেল। ম্যাচ ক্লোজ হয়ে আসার পর আমি শফিউলকে বললাম, ম্যাচ তো জিতে যাচ্ছি। আমরাই খেলা শেষ করে যাব।’
সেই প্রতিজ্ঞা থেকেই চট্টগ্রামের উত্সবের রাত আলো ছড়াল গোটা দেশে। ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৮ রানে অলআউটের লজ্জার স্মৃতি কিছুটা হলেও ঢাকা পড়ল স্মরণীয় ওই জয়ে। শফিউলের প্রতিজ্ঞাও পূরণ হলো। যাঁরা অর্ধেক ইনিংস দেখেই ঘরে ফিরে গিয়েছিলেন, তাঁরা পুড়লেন হতাশায়। আর ‘অসম্ভব’ এক আশাবাদী মন নিয়ে বসে ছিলেন যাঁরা, তাঁরা দেখলেন ওয়ানডে ক্রিকেটের রোমাঞ্চ জয় করতে শিখে গেছে বাংলাদেশও।