
তাসকিন আহমেদের বলে জোরালো আপিল। উইকেটকিপারের গ্লাভসে বল জমা পড়ার আগে সেটি মোহামেডানের ওপেনার সৈকত আলীর ব্যাট ছুঁয়ে গেছে, তা যেন নিশ্চিত আবাহনীর বোলার-ফিল্ডাররা।
তাঁদের চেয়েও বেশি নিশ্চিত মনে হলো গ্র্যান্ড স্ট্যান্ডে থাকা আবাহনীর দর্শকদের। আপিলে সাড়া না দেওয়ায় আম্পায়ারকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করল আট-দশ জনের দলটি। ওদিকে মাঠে আম্পায়ারদের ঘিরে আবাহনীর খেলোয়াড়দের দাবিদাওয়া জানানোও চলছে। আগুনে ঘি ঢাললেন ব্যাটসম্যান সৈকত। হঠাৎ নিজেই হাঁটা ধরলেন ড্রেসিংরুমের দিকে। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল, আম্পায়ার আঙুল না তুললেও সৈকত বুঝি আউটটা মেনে নিয়েছেন। ব্যাটসম্যান ‘ওয়াক’ করছেন ভেবে দর্শকদের গালাগাল আরও জোরালো হয়ে উঠল। আম্পায়ারের মান-মর্যাদাই তখন প্রায় কফিনে ঢুকে পড়ার অবস্থা।
আবাহনীর ১৮৩ রানের জবাবে ৩৭ বল বাকি থাকতেই ৮ উইকেটে ম্যাচ জিতে গেছে মোহামেডান। ‘ঐতিহ্যে’র লড়াই এতটা ম্যাড়মেড়ে হওয়াটা অপ্রত্যাশিতই। পুরো ম্যাচে উত্তেজনাকর ঘটনা বলতে সৈকতের বিরুদ্ধে করা ওই আপিল আর তাঁর ড্রেসিংরুমে ফিরে যাওয়ার মুহূর্তটাই। তা-ও ভুল বুঝে। সৈকত আসলে ‘ওয়াক’ করেননি। ইনিংসের পঞ্চম ওভারের যে বলে জোরালো আপিলটা হলো, তার একটু আগে বলের আঘাত লেগেছিল আঙুলে। ব্যথাটা অসহ্য হওয়াতেই মাঠ ছেড়ে যান মোহামেডানের ওপেনার, আউট মেনে নিয়ে নয়।
দলকে ১৯ রানে রেখে সৈকতের ‘আহত অবসরে’র পরও জিততে কষ্ট হয়নি পয়েন্ট তালিকার শীর্ষে থাকা মোহামেডানের। ইজাজ আহমেদ-উপুল থারাঙ্গার ৭৮ রানের জুটির পর ১৯ রানের ব্যবধানে দুই উইকেট পড়ে গেলেও চতুর্থ উইকেটে থারাঙ্গা-নাঈম ইসলামের অবিচ্ছিন্ন ৬৯-ই শেষ করে দেয় ম্যাচ। শ্রীলঙ্কা থেকে থারাঙ্গাকে উড়িয়ে আনাটা আশীর্বাদ মনে হচ্ছে মোহামেডানের জন্য। ছয় ম্যাচের চারটিতেই ফিফটি। আগের ম্যাচে ৯০ রানে অপরাজিত থেকে কাল অপরাজিত ৭৭ রানে। লিগে এখন সবচেয়ে বেশি রান (৩৭৬) তাঁরই।
মোহামেডান ইনিংসে ইজাজের আক্রমণাত্মক ব্যাটিংও ছিল দৃষ্টি-সুখকর। ৬৮ বলে ৪২ করেছেন। তিন বাউন্ডারির সঙ্গে মোসাদ্দেক, সাকলাইন আর তাসকিনকে মেরেছেন তিনটি ছক্কাও। বাঁহাতি স্পিনার অমিত কুমারকে মারা ইনিংসের অন্য ছক্কাটি অধিনায়ক মুশফিকুর রহিমের (১৭)।
ব্যাটিংয়ের চেয়েও মুশফিক বেশি সফল উইকেটের পেছনে। একাই নিয়েছেন চার ক্যাচ। উচ্চাভিলাষী আর এলোমেলো শট খেলতে গিয়ে অবশ্য আবাহনীর ব্যাটসম্যানরা সবাই কাল ক্যাচ দিয়েই আউট হয়েছেন। দশ ক্যাচই বলে দিচ্ছে আবাহনীর ১৮৩ রানে অলআউট হওয়ার পেছনে ব্যাটসম্যানদের ব্যর্থতার দায় কতটা।
ষষ্ঠ ওভারের মধ্যে ১৫ রানে তিন উইকেট নেই। মনোজ তিওয়ারি শেষ পর্যন্ত না আসায় মানবিন্দর বিসলাই ছিলেন ‘বিদেশি-ভরসা’। তিনি করেছেন ২৩, চতুর্থ উইকেটে নাজমুল হোসেনের (৪২) সঙ্গে যোগ করেছেন ৪৭ রান। আবাহনীর ব্যাটিংয়ে সবচেয়ে উজ্জ্বল বলতে পারেন তাসকিনের ৪৯ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংসটাকে। লিস্ট ‘এ’ ম্যাচে এটাই তাঁর সর্বোচ্চ। এর আগে ৩৪ ম্যাচ মিলিয়েই করেছিলেন ৩৭ রান।
চ্যাম্পিয়ন হওয়ার দল গড়ে এখন পর্যন্ত ছয় ম্যাচের তিনটিতেই হার। অধিনায়ক তামিম ইকবালের হতাশাটা অনুমান করাই যায়। ম্যাচ শেষে সখেদে বলছিলেন, ‘তিন উইকেট পড়ে যাওয়ার পর আমরা ব্যাকফুটে চলে যাই। তারপরও আশা করেছিলাম ২৩০-২৪০ করব। কিন্তু মাঝে একটার পর একটা উইকেট পড়ে গেল...।’ ১১৭ রানে ৭ উইকেট পড়ার পর তাসকিন-আবুল হাসানের ৫১ রানের জুটিতে দেড় শ পার হয় স্কোর। সে জন্য অধিনায়কের ধন্যবাদ পেলেন দুজন, ‘ওদের জন্যই ১৮৩ হয়েছে। আমি তো ভেবেছিলাম ১২০-ও হবে না।’
৬২ রানে ৪ উইকেট পড়ার পর সে রকমই ভাবার কথা। আবাহনীকে ওই সময়টায় টেনে তুলেছে নাজমুল হোসেন-মোসাদ্দেক হোসেনের ৪৭ রানের জুটি। তামিমের ব্যর্থতার দিনে নাজমুল-মোসাদ্দেকের সংগ্রামটা নিয়মিত ব্যাপারই হয়ে যাচ্ছে আবাহনীর ব্যাটিংয়ে।
সংক্ষিপ্ত স্কোর
আবাহনী-মোহামেডান, মিরপুর
আবাহনী: ৪৮.৪ ওভারে ১৮৩ (নাজমুল ৪২, তাসকিন ৩৮*; শুভাশিস ৩/৩৪, নাঈম জুনিয়র ২/৩০, হাবিবুর ২/৩০)।
মোহামেডান: ৪৩.৫ ওভারে ১৮৫/২ (থারাঙ্গা ৭৭*, এজাজ ৪২; অমিত ৩৪/১, তাসকিন ৪২/১)।
ফল: মোহামেডান ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: শুভাশিস রায়।
প্রাইম ব্যাংক-ভিক্টোরিয়া, বিকেএসপি
প্রাইম ব্যাংক: ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৪ (মেহেদী ৬৩, তাইবুর ৪৫, নুরুল ৪০, শাহনাজ ৩৬; কামরুল ২/৫৩, ২/৩১)।
ভিক্টোরিয়া: ৪২.১ ওভারে ২ উইকেটে ২১১ (শুভ ১০৫*, আল আমিন ৮২*; শুভাগত ১/৩৩, মনির ১/৫১)।
ফল: ভিক্টোরিয়া ৯ রানে জয়ী (ডি-এল)।
ম্যান অব দ্য ম্যাচ: সোহরাওয়ার্দী।
প্রাইম দোলেশ্বর-রূপগঞ্জ, ফতুল্লা
দোলেশ্বর: ৪৮.২ ওভারে ২১৬ (সিলভা ৮৯, রকিবুল ২৭, রনি ২৫, সানজামুল ২৫; হায়দার ২/২৫, নাহিদুল ২/৫২, আলাউদ্দিন ১/২২, মোশাররফ ১/২৭, তাইজুল ১/৩৮, আসিফ ১/৪০)। রূপগঞ্জ: ৪৬.২ ওভারে ২২২/৪ (মোশাররফ ৮১, আসিফ ৫১*, মিঠুন ৫১, মিজানুর ২৭; রবি ১/২৯, নাসির ১/৩৫, সানজামুল ১/৪৩)।
ফল: রূপগঞ্জ ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মোশাররফ হোসেন।