সেই ম্যাচের পরতে পরতে ছিল ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের অভিষেক টেস্টে ইতিহাসে প্রথমবারের মতো টস করতে নেমেছিলেন দুই বাঙালি অধিনায়ক। ফাইল ছবি
বাংলাদেশের অভিষেক টেস্টে ইতিহাসে প্রথমবারের মতো টস করতে নেমেছিলেন দুই বাঙালি অধিনায়ক। ফাইল ছবি

২০০০ থেকে ২০১৭—টেস্ট মর্যাদার ১৭ বছরে পা রাখল বাংলাদেশ। এই ১৭ বছর পর প্রথমবারের মতো টেস্ট খেলতে নিজেদের মাটিতে বাংলাদেশকে আতিথ্য দিচ্ছে ভারত। কাল বৃহস্পতিবার হায়দরাবাদে আলোচিত এই টেস্ট শুরুর আগে টাইম মেশিনে পিছিয়ে দিয়ে দেখুন ১৬ বছর আগের সেই টেস্টটি, যেদিন ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো দুই বাঙালি অধিনায়ক—বাংলাদেশের নাঈমুর রহমান আর ভারতের সৌরভ গাঙ্গুলী টস করতে নেমেছিলেন, যেদিন বাংলাদেশ পা রেখেছিল ক্রিকেটের কুলীন সমাজে। ভারতের অধিনায়ক হিসেবে সৌরভেরও সেটি ছিল প্রথম টেস্ট।

হাবিবুল বাশারের ব্যাট থেকে এসেছিল ৭১ রানের ইনিংস। টেস্টে বাংলাদেশের পক্ষে প্রথম ফিফটি হাবিবুলের। ফাইল ছবি
হাবিবুল বাশারের ব্যাট থেকে এসেছিল ৭১ রানের ইনিংস। টেস্টে বাংলাদেশের পক্ষে প্রথম ফিফটি হাবিবুলের। ফাইল ছবি

মাঠ
বাংলাদেশ অভিষেক টেস্ট খেলেছিল ঢাকার ঐতিহাসিক বঙ্গবন্ধু স্টেডিয়ামে। যদিও ২০০৫ সালের জানুয়ারির পর এই মাঠে আর কখনোই ক্রিকেটের আসর বসেনি। এটি এখন পূর্ণাঙ্গ ফুটবল স্টেডিয়াম। ২০০০ সালের ১০ নভেম্বর ছিল বাংলাদেশের অভিষেক টেস্ট শুরুর তারিখ।
টস
টেস্ট ক্রিকেটে প্রথম ‘জয়’ বাংলাদেশ পেয়ে গিয়েছিল শুরুর দিনই। সেটি হচ্ছে টস জয়। টসে জিতে বাংলাদেশের অধিনায়ক নাঈমুর রহমান ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

ইতিহাস গড়লেন আমিনুল ইসলাম। নিজের দেশের অভিষেক টেস্টে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে করলেন সেঞ্চুরি। ফাইল ছবি
ইতিহাস গড়লেন আমিনুল ইসলাম। নিজের দেশের অভিষেক টেস্টে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে করলেন সেঞ্চুরি। ফাইল ছবি

প্রথম দিন
৪৪ রানে ২ উইকেট হারিয়ে ফেলেও টেস্টের প্রথম দিনটা খারাপ যায়নি বাংলাদেশের। ৬ উইকেটে ২৩৯ রান করে দিন শেষ করে বাংলাদেশ। তৃতীয় উইকেট জুটিতে হাবিবুল বাশার-আমিনুল ইসলাম যোগ করেন ৬৬ রান। জহির খানের শিকার হওয়ার আগে হাবিবুল করেন ৭১ রান। আকরাম খানের সঙ্গে চতুর্থ উইকেটে ৬৫ রানের আরেকটা জুটি গড়েন আমিনুল। আমিনুল অপরাজিত থাকেন ৭০ রানে।
দ্বিতীয় দিন
প্রথম টেস্টের দ্বিতীয় দিনটা বাংলাদেশের ক্রিকেটে সোনার ফ্রেমে বাঁধাই করে রাখার মতো একটা দিন। আমিনুল ছুঁয়ে ফেলেন তিন অঙ্ক। অজিত আগারকারের বলে আউট হওয়ার আগে আমিনুল করেছিলেন ১৪৫। দেশের অভিষেক টেস্টে এটিই দ্বিতীয় ব্যক্তিগত সর্বোচ্চ। অস্ট্রেলিয়ার চার্লস ব্যানারম্যানের রেকর্ড থেকে তিনি ২১ রান দূরে ছিলেন। বাংলাদেশ অলআউট হয় ৪০০ রান করে। সুনীল যোশী ৫ উইকেট নেন ১৪২ রানে। দিনের শেষে ভারতীয় ওপেনার শিব সুন্দর দাসকে বোল্ড করে টেস্টে বাংলাদেশের প্রথম উইকেট এনে দেন নাঈমুর। ১ উইকেটে ৮১ রান তুলে দিন শেষ করে ভারত।

ব্যাটে-বলে ভারতের পক্ষে দারুণ খেলেছিলেন সুনীল যোশী। ফাইল ছবি
ব্যাটে-বলে ভারতের পক্ষে দারুণ খেলেছিলেন সুনীল যোশী। ফাইল ছবি

তৃতীয় দিন
সকালের সেশনে দ্রুতই ভারতের ২ উইকেট তুলে নিয়েছিলেন বাংলাদেশের বোলাররা। ধাক্কাটা সামাল দেন সৌরভ গাঙ্গুলী-যোশীর তৃতীয় উইকেট জুটি। এই জুটিতে আসে ৫১ রান। নাঈমুর-মোহাম্মদ রফিকের দুর্দান্ত বোলিংয়ে ভারত ২৩৬ রান তুলতেই হারিয়ে ফেলে ৬ উইকেট। ভারতের ৩০০ পেরোনো নিয়ে যখন সংশয় তখনই দেয়াল হয়ে দাঁড়ান সৌরভ ও যোশী। দুজনের সপ্তম উইকেটে ১২১ রানের জুটি ভারতকে বড় স্কোরের আশা জোগায়। শেষ বিকেলে নাঈমুরের বলে আল শাহরিয়ারের ক্যাচ হয়ে সৌরভ ৮৪ রানে ফিরলে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ৭ উইকেটে ৩৬৬ রান করে দিন শেষ করে ভারত।
চতুর্থ দিন
সকালের সেশনেই রফিকের বলে যোশী আউট ৯২ রানে। তিনি ফিরে যাওয়ার ১৬ রানের মধ্যেই পড়ে যায় বাকি দুই উইকেটও। প্রথম ইনিংসে ভারত অলআউট ৪২৯ রানে। ১৩২ রানে ৬ উইকেট নেন নাঈমুর। প্রথম টেস্ট খেলতে নেমে প্রায় সাড়ে তিন দিন হাড্ডাহাডি লড়াই করা বাংলাদেশ এ দিনই হঠাৎ খেই হারিয়ে ফেলে। ২৯ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ শুরু থেকেই পড়ে বিপর্যায়ের মধ্যে। ব্যাটিং ব্যর্থতায় প্রথম ইনিংসে ৪০০ করা দলটিই দ্বিতীয় ইনিংসে অলআউট ৯১ রানে। ৬৩ রানের মামুলি লক্ষ্যটা ৯ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় ভারত।

টেস্ট ক্রিকেটটা যে কত কঠিন, ক্রিকেটের কুলীন সংস্করণটা যে কত হিসাব-নিকাশ করে খেলতে হয়, সেটি অভিষেকেই বুঝতে পেরেছিল বাংলাদেশ। বুঝতে পেরেছিল সামনের দিনগুলো হতে যাচ্ছে কতটা বন্ধুর, কতটা বৈরী!

টেস্ট ক্রিকেট কত কঠিন, সেটি খুব ভালোভাবেই বুঝেছিল বাংলাদেশ। ফাইল ছবি
টেস্ট ক্রিকেট কত কঠিন, সেটি খুব ভালোভাবেই বুঝেছিল বাংলাদেশ। ফাইল ছবি