সেই রানআউটটি না করে অনুতপ্ত নন ওয়ালশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতায় পতৌদি স্মারক বক্তৃতা দিয়েছেন বাংলাদেশের অন্তবর্তীকালীন প্রধান কোচ কোর্টনি ওয়ালশ।
কলকাতায় পতৌদি স্মারক বক্তৃতা দিয়েছেন বাংলাদেশের অন্তবর্তীকালীন প্রধান কোচ কোর্টনি ওয়ালশ।
>
  • ১৯৮৭ বিশ্বকাপে পাকিস্তানের সেলিম জাফরকে রান আউটের সুযোগ পেয়েছিলেন কোর্টনি ওয়ালশ
  • ক্রিকেটীয় চেতনার বাইরে বলে সেদিন জাফরকে কেবল সতর্ক করেছিলেন ক্যারিবীয় কিংবদন্তি
  • তাঁর দৃষ্টিতে সেরা অধিনায়ক ইমরান খান
  • পতৌদি স্মারক বক্তৃতায় বলেছেন বাংলাদেশ শ্রীলঙ্কায় উজ্জীবিত ক্রিকেট খেলবে।

সেই রান আউটটির জন্য একেবারেই অনুতপ্ত নন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ কোর্টনি ওয়ালশ। ‘সেই রান আউট’ মানে আজ থেকে ৩১ বছর আগে, ১৯৮৭ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে হঠাৎ আসা একটা সুযোগ।
সেবার বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের একেবারে শেষ দিকে পাকিস্তানের শেষ ব্যাটসম্যান সেলিম জাফর দ্রুত একটি রান নিতে গিয়ে ক্রিজ ছেড়ে অনেকটাই বেরিয়ে গিয়েছিলেন। বোলার ওয়ালশ রানআপের সময় থেমে জাফরকে ইচ্ছা করলেই রানআউট করতে পারতেন। কিন্তু সেটা না করে জাফরকে ‘সতর্ক’ করে দেন ক্যারিবীয় বোলিং কিংবদন্তি। ম্যাচটা হেরে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। অথচ, রানআউটটা করলেই ফলাফল উল্টোটা হতো। ম্যাচটা না জেতায় সে বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ওয়ালশের দল।
ঘটনাটি ‘ক্রিকেটীয় চেতনা’র উৎকৃষ্ট এক উদাহরণ হিসেবেই ঠাঁই পেয়েছে ইতিহাসে। ওয়ালশকেও অমর করেছে। ৩১ বছর পর কলকাতায় ‘পতৌদি স্মারক বক্তৃতা’য় ক্যারিবীয় তারকা জানালেন, সেদিনের সেই রানআউটটি করেননি বলে বিন্দুমাত্র অনুতাপ নেই তাঁর। ব্যাপারটা নিয়ে সত্যিকার অর্থে সেভাবে ভাবেনওনি তিনি। পুরো বিষয়টাকেই দেখেছেন, ‘স্বাভাবিক ভদ্রতা’ হিসেবে। অথচ, ক্রিকেটের আইন অনুযায়ী সেদিন ওয়ালশ যদি রানআউটটি করতেন তাঁকে বলার থাকত না কিছুই।
ওয়ালশ ব্যাপারটি দেখেছেন ভদ্রতা হিসেবেই, ‘আমি যে পরিবেশে বেড়ে উঠেছি, সেখানে আমাকে শেখানো হয়েছে কখনোই অন্যকে ঠকানো যাবে না। অন্যের সঙ্গে প্রতারণা করা যাবে না। আমি সেদিন জাফরকে সতর্ক না করে আউট করতে চাইনি। ওটাকে আমার কাছে সাধারণ ভদ্রতার পরিপন্থী ব্যাপার বলে মনে হয়েছিল। অধিনায়ক ভিভ রিচার্ডসসহ গোটা দলের সমর্থন আমার প্রতি ছিল।’
তবে একটা বিষয়ে ওয়ালশ বেশ দুঃখই পেয়েছেন। গত যুব বিশ্বকাপে তাঁর দেশেরই যুবা ক্রিকেটাররা এমন একটা পরিস্থিতিতে ওয়ালশকে অনুসরণ করেননি। ক্রিকেটীয় চেতনার ধার ধারেননি. ‘ব্যাপারটা দুঃখজনক। যুব বিশ্বকাপে এই ক্রিকেটীয় চেতনা তরুণ ক্রিকেটাররা ধরে রাখবে—এমনটা আশা করেছিলাম আমি।’
ভারতের সাবেক অধিনায়ক মনসুর আলী খান পতৌদিকে স্মরণ করেছেন ওয়ালশ। বলেছেন, তিনি ছিলেন ভারতীয় ক্রিকেটে স্বর্ণযুগের সূচনাকারী অধিনায়ক। তবে নিজে সেরা অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন ইমরান খানকেই। সেরা ক্যারিবীয় অধিনায়ক তাঁর দৃষ্টিতে দুবারের বিশ্বকাপজয়ী ক্লাইভ লয়েড। অধিনায়ক প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমার কাছে সেরা অধিনায়ক সে-ই যিনি কোনো দেশের ক্রিকেটকে বদলে দিতে পারেন। ইমরান খান আমার দৃষ্টিতে সেরা ক্রিকেট অধিনায়ক। তিনি পাকিস্তানের ক্রিকেটকে বদলে দিয়েছিলেন। মনসুর আলী খান পতৌদির অধীনে খেলার সৌভাগ্য আমার হয়নি। তিনি চার স্পিনার নিয়ে একটা রণকৌশল গড়ে তুলেছিলেন, সফল হয়েছিলেন। লয়েডের অধীনে আমি খেলেছি। আমার অভিষেক সিরিজটিই ছিল তাঁর অধীনে। আমি সেদিনই বুঝেছিলাম কত বড় অধিনায়ক তিনি। অধিনায়ককে “বিগ ব্রাদার” হতে হয়। পতৌদি, লয়েড, ইমরান—সবাই এমনই ছিলেন।’
পতৌদি স্মারক বক্তৃতায় আসার সিদ্ধান্ত নেওয়ার পরপরই নাকি বাংলাদেশের ‘প্রধান কোচ’ হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে—ব্যাপারটি উচ্ছ্বসিত কণ্ঠেই বলেছেন ওয়ালশ, ‘টাইগার তুমি আমার জন্য সৌভাগ্যের প্রতীক। স্মারক বক্তৃতায় আসার সিদ্ধান্তটা নিতেই বাংলাদেশের প্রধান কোচ হিসেবে আমার নাম ঘোষণা হলো। আমি পদোন্নতি পেলাম।’
শ্রীলঙ্কায় তাঁর অধীনেই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বলে মনে করেন ওয়ালশ, ‘আমি আশাবাদী। বাংলাদেশ উজ্জীবিত পারফরম্যান্স করবে। বাংলাদেশের ক্রিকেটীয় ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। উঠে আসছে অনেক ক্রিকেটার।’