সেই রাহানেই ভারত অধিনায়ক
প্রথম ওয়ানডেতে মাত্র ৯ রান। দলও হারল বাংলাদেশের কাছে। খড়্গটা দ্রুতই নেমে পড়ল অজিঙ্কা রাহানের ঘাড়ে। একাদশ থেকে বাদ পড়ে খেলা হয়নি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচ। সেই রাহানেই দেশে ফিরে পেলেন সুখবর। জিম্বাবুয়ে সফরে ভারতের ওয়ানডে দলে ফিরেছেন অধিনায়ক হিসেবে!
কাল ঘোষিত ১৫ সদস্যের দলটা অবশ্য ভারতের জাতীয় দলের মোড়কে ‘এ’ দল। দলে নেই নিয়মিত ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, টেস্ট অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মা, সুরেশ রায়না, রবিচন্দ্রন অশ্বিন, শিখর ধাওয়ান ও উমেশ যাদবের মতো খেলোয়াড়েরা। এঁদের সবাইকে দেওয়া হয়েছে বিশ্রাম। ধারাভাষ্যকার হিসেবে দায়বদ্ধতা থাকায় দলের সঙ্গে যাচ্ছেন না টিম পরিচালক রবি শাস্ত্রীও।
ভারতের নির্বাচক কমিটির চেয়ারম্যান সন্দীপ পাতিল জানিয়েছেন, খেলোয়াড়েরা নিজেরাই বিশ্রাম চেয়ে নিয়েছেন, ‘খেলোয়াড়েরা নিজ থেকে বিশ্রাম না চাওয়া পর্যন্ত আমরা কাউকে বিশ্রাম দিই না। আমরা বাংলাদেশে পূর্ণ শক্তির দল পাঠিয়েছি। তবে এবার খেলোয়াড়েরা যোগাযোগ করে বলেছে তাদের বিশ্রাম দরকার।’
তবে ফর্মের কারণেই বাদ পড়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। সর্বশেষ ১০ ম্যাচে ৪৩.৩ গড়ে ১০ উইকেট নেওয়া জাদেজা এই সময়ে রান করেছেন মাত্র ১০৮। টেস্টের পর এবার ওয়ানডে দলে ফিরেছেন হরভজন সিং। ২০১১ সালে সর্বশেষ ওয়ানডে খেলেছেন এই অফ স্পিনার।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে ১০ জুলাই। ওয়ানডে সিরিজের পর রয়েছে ২টি টি-টোয়েন্টি ম্যাচ। ক্রিকইনফো।
ভারতের ওয়ানডে দল
অজিঙ্কা রাহানে (অধিনায়ক), মুরালি বিজয়, অম্বাতি রায়ডু, মনোজ তিওয়ারি, কেদার যাদব, রবিন উথাপ্পা, মনীষ পান্ডে, হরভজন সিং, অক্ষর প্যাটেল, কর্ণ শর্মা, ধবল কুলকার্নি, স্টুয়ার্ট বিনি, ভুবনেশ্বর কুমার, মোহিত শর্মা, সন্দীপ শর্মা।