সেই রেকর্ডে শাহরিয়ার আর একা নন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১১ বছর আগের সেই ইনিংস নাফীসের। ফাইল ছবি
১১ বছর আগের সেই ইনিংস নাফীসের। ফাইল ছবি

ক্রিকেটের তিন সংস্করণে ব্যাটিংয়ের প্রায় সব রেকর্ড নিজের অধিকারে নিয়েছেন তামিম ইকবাল। আজ ওভালে আরেকটি রেকর্ড স্পর্শ করলেন বাঁহাতি ওপেনার। চ্যাম্পিয়নস ট্রফিতে এখনো পর্যন্ত বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তিন অঙ্ক ছোঁয়ার রেকর্ডটা ছিল শুধু শাহরিয়ার নাফীসের। তাঁর ১১ বছরের পুরোনো এই রেকর্ডে শুধু ভাগ বসিয়ে থামেননি তামিম, টপকে গেছেন চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের হয়ে শাহরিয়ারের করা সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও।
তামিমের এই অর্জনে স্বাভাবিকভাবে খুশি শাহরিয়ার, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে দীর্ঘ দিন বাংলাদেশ খেলেনি, রেকর্ডটা টিকে থাকার সেটিও একটা কারণ। তবে ১১ বছরে বাংলাদেশ ক্রিকেট এগিয়েছে অনেক। এত দিন আমার ব্যক্তিগত রেকর্ডগুলো যে টিকে আছে সেটা অনেক বড় পাওয়া।’
তামিমের ব্যাটিং দেখতে দেখতে শাহরিয়ারের স্মৃতিতে ফিরে আসছে ২০০৬ সালের অক্টোবরে জয়পুরে জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচটাও, ‘ওটা ছিল আমার ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ রান (১২৩*)। পুরো ৫০ ওভার ব্যাটিং করেছিলাম। বড় টুর্নামেন্টে এত বড় ইনিংস খেলার মাহাত্ম্য তখন বুঝিনি। এখন যখন পেছনে তাকাই, অনেক ভালো লাগে।’
এই রেকর্ডটা ভাগাভাগি হলেও জাতীয় দলের বাইরে থাকা শাহরিয়ারের অধিকারে এখনো দুটি রেকর্ড আছে। বাংলাদেশের হয়ে দ্রুততম ১০০০ রানের রেকর্ড তাঁর (২৯ ইনিংসে)। এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ (১০৩৩) রানের রেকর্ডও শাহরিয়ারের।
এই রেকর্ড দুটি নিয়ে বললেন, ‘অবশ্যই প্রত্যাশা করি আমার রেকর্ডগুলো ভাঙবে কেউ না কেউ। এই রেকর্ডগুলো আরও আগে ভেঙে যাওয়া উচিত ছিল। গত ৬ বছর ধরে আমি ওয়ানডে ক্রিকেট খেলছি না। রেকর্ডগুলো যে টিকে আছে এটাই বিস্ময়কর! আশা করি তাড়া তাড়ি কেউ রেকর্ডগুলো ভেঙে দেবে। রেকর্ড হয়ই তো ভাঙার জন্য।’