সেই লর্ডসেই অস্ট্রেলিয়ার পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিহাস বলছে, না। কিন্তু অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান বলছেন, হ্যাঁ। বলছেন বটে, কিন্তু সেটি যত না আত্মবিশ্বাসের সঙ্গে, তার চেয়ে বেশি যেন কথার কথা! লর্ডসেও যদি অস্ট্রেলিয়া হেরে যায় তাহলে এই অ্যাশেজে আর ঘুরে দাঁড়ানো সম্ভব কিনা—প্রশ্ন এটাই ছিল।
২-০ ব্যবধানে পিছিয়ে যাওয়ার পরও ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয় অ্যাশেজ দেখেছে মাত্র একবার। ১৯৩৬-৩৭ মৌসুমে ব্রিসবেন ও সিডনিতে হেরেও অস্ট্রেলিয়া সিরিজ জিতেছিল ৩-২ ব্যবধানে। ডন ব্র্যাডম্যানের নেতৃত্বে অস্ট্রেলিয়ার প্রথম সফর ছিল সেটা, সিরিজ জয়ের নায়কও ছিলেন তিনি। ১৩৮ বছরের অ্যাশেজ ইতিহাসে এর আগে কেউ সেটা পারেননি, পরেও না। লেম্যানের ‘হ্যাঁ’টা তাই দুঃসাহসই মনে হতে পারে! যেমন দুঃসাহসিক মনে হতে পারে লর্ডস টেস্ট শুরুর আগে ওই প্রশ্নটাকেও।
এই অস্ট্রেলিয়াই সিরিজ শুরুর আগে বেশির ভাগ ক্রিকেট-বোদ্ধার মতে পরিষ্কার ফেবারিট ছিল। বিশ্বকাপ জয়ের আগে নিজের মাঠে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে জয়, বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাঠে ২-০ ব্যবধানে হারানোর পর সেটাই স্বাভাবিক মনে হচ্ছিল। তারপর রায়ান হ্যারিস অবসর নিলেন, কার্ডিফে ব্র্যাড হাডিনের হাত থেকে জো রুটের ক্যাচ পড়ল, আর পুরো ছবিটাও যেন বদলে গেল! এখন ব্রিটিশ সংবাদমাধ্যম বারবার অষ্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ককে মনে করিয়ে দিচ্ছে, প্রথম টেস্ট হারার পরও অস্ট্রেলিয়া সর্বশেষ অ্যাশেজ জিতেছিল ১৭ বছর আগে! এমনকি সাবেক অস্ট্রেলিয়ান পেসার গ্লেন ম্যাকগ্রাও বলছেন, ‘যদিও এই টেস্টের পর আরও তিনটি টেস্ট আছে, কিন্তু অস্ট্রেলিয়া যদি এখানে হেরে যায়, সিরিজ কার্যত শেষ হয়ে যাবে।’
এমনিতে ইংল্যান্ডে লর্ডসই অস্ট্রেলিয়ার জন্য সবচেয়ে পয়া মাঠ। ১৯৩৮ সাল থেকে শুরু করে ২০০৯ সালের আগ পর্যন্ত এ মাঠে ১৮ টেস্ট খেলে একটিও হারেনি অস্ট্রেলিয়া, ৯ জয়ের পাশাপাশি ড্রও ৯টি। এমনকি ২০০৫ সালে যখন ইংল্যান্ড ১৮ বছর পর অ্যাশেজ জিতল, ওই সিরিজেও লর্ডস টেস্টটা হেরেছিল ইংলিশরা। কিন্তু সম্প্রতি এ ছবিটাও বদলে গেছে। অস্ট্রেলিয়ার সঙ্গে এ মাঠে সর্বশেষ দুটি টেস্টেই (২০০৯ ও ২০১৩ সালে) জিতেছে ইংল্যান্ড। আজ থেকে শুরু টেস্টটা জিতলে হবে টানা তৃতীয় জয়। ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুকও অন্য কোনো ফলের কথা মাথায় আনছেন না, ‘আমি ছেলেদের সঙ্গে কথা বলেছি। ওরা কেউই আর পেছনের দিকে যাবে না। ও রকম ক্রিকেটই আমরা খেলতে চাই না।’
কার্ডিফের হার বেশ কিছু বদল এনেছে অস্ট্রেলিয়া দলে। পারিবারিক কারণে লর্ডস টেস্ট থেকে ব্র্যাড হাডিন সরে দাঁড়ানোয় তাঁর জায়গায় এসেছেন পিটার নেভিল। বাদ পড়েছেন শেন ওয়াটসন, তাঁর জায়গায় খেলতে পারেন মিচেল মার্শ। কেন্ট ও এসেক্সের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচেই সেঞ্চুরি করেছেন মার্শ, বল হাতে নিয়েছেন ৪ উইকেট।
ইংল্যান্ডের মনে হয় না দল নির্বাচন নিয়ে আলাদা কোনো বৈঠক করতে হয়েছে। প্রথম টেস্টের দলে থাকা ১৩ জনই আছেন লর্ডসেও। তাঁদের মধ্যে স্টিভেন ফিন আর আদিল রশিদ সম্ভবত এই টেস্টটাও বেঞ্চে বসেই কাটাবেন। এএফপি, রয়টার্স।