সেই লর্ডসেই টেস্টে ফিরছেন আমির?
সবকিছু ঠিক থাকলে ১৪ জুলাই লর্ডসে পাকিস্তানের হয়ে নতুন বলে বোলিং করবেন মোহাম্মদ আমির। সেই সময়ের অনুভূতিটা কেমন হবে তাঁর? এক মুহূর্তের জন্য কি প্রায় ছয় বছরের ‘ফ্ল্যাশব্যাকে’ চলে যাবেন পাকিস্তানি ফাস্ট বোলার?
ছয় বছর পর লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়েই আবারও পাঁচ দিনের ক্রিকেটে ফিরছেন আমির। আগামী মাস থেকে শুরু হতে যাওয়া চার টেস্টের সিরিজের জন্য কাল ঘোষিত পাকিস্তান দলে জায়গা পেয়েছেন ২৪ বছর বয়সী বাঁহাতি পেসার।
২০১০ সালের আগস্টে এই লর্ডসেই সে সময়ের অধিনায়ক সালমান বাট ও পেসার মোহাম্মদ আসিফের সঙ্গে স্পট ফিক্সিং-কাণ্ডে জড়িয়ে ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছিলেন পাঁচ বছরের জন্য। জেলেও গেছেন। আমির নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন গত সেপ্টেম্বরে। এরপর থেকে পাকিস্তানের রঙিন জার্সিতে নিয়মিতও হয়ে গেছেন। এবার সেই লর্ডস দিয়েই ফিরছেন সাদা পোশাকে।
আমিরের ব্রিটিশ ভিসা পাওয়া এখনো অবশ্য অনিশ্চিত। লন্ডনের আদালতে অপরাধী ঘোষিত আমিরকে ইংল্যান্ড ভিসা দেবে কি না এ নিয়ে সংশয় আছে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই পেসারের জন্য আইন একটু শিথিল করার আবেদন করেছে, আমিরের ভিসা আবেদনে সমর্থন আছে ইংলিশ ক্রিকেট বোর্ডেরও (ইসিবি)। পাকিস্তানের নবনিযুক্ত প্রধান নির্বাচক ইনজামাম-উল-হকও এ নিয়ে কোনো অনিশ্চয়তা দেখছেন না, ‘আগামী দু-এক দিনের মধ্যেই ভিসা পেয়ে যাবে আমির।’
আমিরের প্রত্যাবর্তনের বাইরে পাকিস্তান দলে চমক তেমন নেই। একটু সংশয় আছে মোহাম্মদ হাফিজের ফিটনেস নিয়ে। দুই মাস আগের হাঁটুর চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি এই অলরাউন্ডার। এএফপি, ক্রিকইনফো।