সেই লর্ডসেই ফেরা!
এটাও হয়তো ক্রিকেট-বিধাতার লেখা চিত্রনাট্যের একটা অংশ।
নইলে তাঁর এই প্রত্যাবর্তন তো অন্য কোনো দেশের বিপক্ষেও হতে পারত। হতে পারত অন্য কোনো মাঠেও। প্রায় ছয় বছর পর ঘুরেফিরে সেই ইংল্যান্ডের বিপক্ষেই কেন ফিরতে হবে মোহাম্মদ আমিরকে! আর কেনই-বা লর্ডসেই হবে প্রত্যাবর্তনের পর প্রথম টেস্ট!
সেই লর্ডস, যেখানে ২০১০ সালের আগস্টে করা দুটি নো-বল তাঁর ক্যারিয়ারকে শেষ করে দিতে বসেছিল। স্বেচ্ছায় কিংবা প্রলুব্ধ হয়ে করা দুটি নো-বল তাঁকে ক্রিকেট মাঠ থেকে নিয়ে গিয়েছিল আদালতের কাঠগড়ায়, সেখান থেকে কিশোর সংশোধনাগার কেন্দ্রে। ১৮ বছরের এক সদ্য তরুণের ক্যারিয়ারেই তো শুধু নয়, জীবনের জন্যও এটা ছিল বড় ধাক্কা। এমন ধাক্কা সামলে ওঠার মানসিক শক্তি সবার থাকে না। আর খেলোয়াড় হলে মানসিক বাধা পেরিয়ে আসে ফিটনেস ও ফর্ম ফিরে পাওয়ার চ্যালেঞ্জ। সব মিলিয়ে আবারও ক্রিকেটে ফেরাটা আসলেই ভীষণ কঠিন ছিল আমিরের জন্য।
কিন্তু আমির ফিরলেন। শুধু ফিরলেনই না, নিষেধাজ্ঞা কাটিয়ে আসার পর দেখা গেল তিনি আগের মতোই ধারালো। কারও কারও চোখে আগের চেয়েও শাণিত! এদিকে বাঁহাতি এই পেসারের প্রত্যাবর্তনে দুই ভাগ হয়ে গেল ক্রিকেট-বিশ্বও!
নাসের হুসেইন, গ্রায়েম সোয়ান আর কেভিন পিটারসেন মতো অনেকে বলছেন, এ ধরনের খেলোয়াড়েরা কোনো দ্বিতীয় সুযোগ প্রাপ্য নয়। এঁরা খেলাটার সঙ্গে প্রতারণা করেছেন। পিটারসেন তো আজীবন নিষেধাজ্ঞাই চান আমিরের। আমির লর্ডসে খেলছেন, এটা ভাবতেই নাকি গা গুলিয়ে ওঠে সোয়ানের।
আবার সহমর্মিতাও পেয়েছেন আমির। সতীর্থরা তাঁর পাশে, শচীন টেন্ডুলকারও বলেছেন, কেউ যদি প্রাপ্য সাজা ভোগ করে ফেরে তাতে তাঁর অন্তত আপত্তি নেই। টেন্ডুলকারের মতো এই দলে আছেন মাইকেল হোল্ডিং, বব উইলিসরা। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর থেকে এই পর্যন্ত আমিরকে ঘিরে আসলেই দুই ভাগ ক্রিকেট-বিশ্ব।
আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন এ বছর জানুয়ারি থেকেই। তবে এত দিন তাঁকে শুধু সীমিত ওভারের ক্রিকেটেই দেখা গেছে। টেস্টে প্রত্যাবর্তনটা হচ্ছে আজ থেকে শুরু লর্ডস টেস্ট দিয়ে। আর খেলাটা ইংল্যান্ডের বিপক্ষে বলে শুরু থেকেই তিনি ব্রিটিশ সংবাদমাধ্যমের লক্ষ্যবস্তু। বলা হচ্ছে, ইংল্যান্ডের দর্শকেরা তাঁকে দুয়ো দিতে পারেন। মাঠে আমির স্লেজিংয়েরও শিকার হতে পারেন—এই আভাস দিয়েছেন সাবেক ইংলিশ ক্রিকেটারদের কেউ কেউ। তবে সতীর্থের পাশে দাঁড়িয়ে পেসার ওয়াহাব রিয়াজ বলেছেন, ‘ও সবকিছুর জন্যই তৈরি। আমার বিশ্বাস, সে সবকিছু সামলে নেবে এবং নিজের পারফরম্যান্স দিয়েই সমালোচকদের জবাব দেবে।’ অভিষেকের পর থেকে যাঁর সঙ্গে আমিরের সবচেয়ে বেশি তুলনা হয়েছে সেই ওয়াসিম আকরাম বলেছেন, ‘সবাই আশা করছে ও ভালো করবে। এটা একটা বাড়তি চাপ, তবে আমি নিশ্চিত, সে জয়ী হিসেবেই ফিরবে।’
ফর্মে থাকা আমিরকে নিয়ে যে একটা দুশ্চিন্তা আছে, সেটা জানেন ইংল্যান্ডের খেলোয়াড়েরাও। নইলে কি আর জো রুট বলেন, ‘ওকে নিয়ে আমরা এখন যত কথাই বলি, এটা তো আর বদলাচ্ছে না যে লর্ডসে সে-ই আমাদের বিপক্ষে পাকিস্তানের বোলিং ওপেন করবে। পুরো সিরিজেই সে আমাদের বিপক্ষে খেলবে। এটা মাথায় রেখেই প্রস্তুতি নিতে হবে।’
লর্ডস টেস্টটা শুরুর আগে এতটাই আমিরময়! এএফপি, রয়টার্স।