সেই শ্রীলঙ্কাতেই মুশফিকের বৃত্তপূরণ

সংবাদ সম্মেলনে দু-তিনটি প্রশ্নের পর অমোঘ সেই প্রশ্নটি উঠল। মুশফিক, এই টেস্টে আপনি তো আর উইকেটকিপার নন, তো কেমন উপলব্ধি হচ্ছে আপনার? ডায়াসে একা বসে বাংলাদেশের অধিনায়ক। দৃষ্টির ঔজ্জ্বল্য নিভে গেল দপ করে। মুখে জোর করে আটকে রাখা হাসি। নিচে দাঁড়িয়ে ম্যানেজার খালেদ মাহমুদ যেন উৎসুক শ্রোতা ও দর্শকের যুগল ভূমিকায়।
মুশফিকের বুকের মধ্যে কিছু ঢেউ ভাঙচুর হয়ে যেন শান্ত হয়ে আছড়ে পড়ল, ‘একটু অন্য রকম তো লাগবেই। এত দিন ধরে কিপিং করেছি...।’ সম্পূরক বাক্যেই প্রকাশিত হলেন বাংলাদেশের অধিনায়ক, ‘আমি এত দিন ধরে বলে এসেছি, কিপিং সব সময় আমাকে সাহায্য করত। উইকেটের পেছনে থেকে বুঝতে পারতাম উইকেটের আচরণ কেমন। এটা আমার ব্যাটিংয়েও কাজে লাগত। কিন্তু দল থেকে আমাকে যা করতে বলা হবে, তা তো করতেই হবে। আমি খুশি। চেষ্টা করব, ওপরে খেলে দলের জন্য যতটা পারি অবদান রাখতে।’ তার মানে মুশফিকই পরিষ্কার করে দিলেন, স্বেচ্ছায় তিনি উইকেটকিপিং ছাড়ার সিদ্ধান্ত নেননি। টিম ম্যানেজমেন্ট চেয়েছে বলেই সরে দাঁড়িয়েছেন। হয়তো আরও ওপর থেকে নির্দেশ এসেছে বলেই তিনি এটা মেনে নিয়েছেন।
তার মানে তাঁর ব্যাটিং প্রতিভা ও সামর্থ্য কাজে লাগানোর জন্যই এই সিদ্ধান্তটি হয়নি। গত দুটি সফরে এবং নিকট অতীতে উইকেটকিপিংয়ে যে ভুলগুলো তাঁকে সমালোচনার হুল ফোটাচ্ছিল, সেসবও বিবেচনায় এসেছে। তাহলে মুশফিকুর রহিম এখন অধিনায়ক ও ব্যাটসম্যান। ব্যাটিং ও অধিনায়কত্ব মিলিয়ে বাংলাদেশের পারফরম্যান্সের লেখচিত্রকে তিনি ওপরের দিকে তুলে নেবেন। ঠিক যেমনভাবে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা এবং নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ওপরের দিকে নিয়ে গিয়েছিলেন তাঁদের দলকে। মুশফিককে সাঙ্গাকারা ও ম্যাককালামের মতোই হতে হবে। অ্যাডাম গিলক্রিস্ট বা মহেন্দ্র সিং ধোনির মতো হতে চাইলে হবে না। সে যতই তিনি দীর্ঘশ্বাস ছেড়ে বলুন, উইকেটের পেছনে থাকলে ব্যাটিংয়েও একটা ইতিবাচক প্রভাব পড়ত।

যা-ই হোক, হাতের গ্লাভস খুলে ফেলার মধ্য দিয়ে শ্রীলঙ্কাতেই একটা বৃত্তপূরণ হয়ে যাচ্ছে মুশফিকের। এই শ্রীলঙ্কাতেই টেস্ট উইকেটকিপার হিসেবে অভিষেক। দীর্ঘদিনের কান্ডারি খালেদ মাসুদকে সরিয়ে মুশফিক উইকেটের পেছনে দাঁড়িয়েছিলেন পি সারা ওভালের টেস্টে। তারিখ ৩ জুলাই, ২০০৭। সেই টেস্টের দ্বিতীয় ইনিংসেই খেলেছিলেন ৮০ রানের এক ঝলমলে ইনিংস। যে দেশের মাটিতে ক্যারিয়ার শুরু হয়েছিল যৌথ ভূমিকায়, সে দেশের মাটিতেই প্রায় নয় বছর পর ভূমিকা বদল। কী অদ্ভুত! নিয়তি কখনো কখনো এমন ঘটনাচক্র সাজিয়ে রাখে।
মুশফিক তাঁর ৫২ টেস্টের ক্যারিয়ারে মাত্র পাঁচবার উইকেটের পেছনে দাঁড়াননি। তবে সেসব ক্ষেত্রে ব্যাটিংয়ের শক্তি বাড়ানো কিংবা গ্লাভস হাতে তাঁর ভুলচুকগুলো বড় হয়ে দাঁড়ায়নি। ২০০৫ সালে লর্ডসে ইতিহাসের অন্যতম কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষিক্ত হয়েছিলেন নিখাদ ব্যাটসম্যান হিসেবেই। তখন ছিলেন উইকেটকিপার খালেদ মাসুদের ‘আন্ডার স্টাডি’। ২০০৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে বগুড়া টেস্টেও ছিলেন শুধুই ব্যাটসম্যান হিসেবে। ২০১৫ সালে দেশের মাটিতে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা তিন টেস্টে উইকেটের পেছনে দাঁড়াতে পারেননি আঙুলে চোটের কারণে। আর এই তিন টেস্টে যিনি হাতে পরেছিলেন গ্লাভস, সেই লিটন দাসের হাতেই দায়িত্ব সঁপে দিয়ে সরে যাচ্ছেন মুশফিক।
কাল গল স্টেডিয়াম মাঠের মাঝখানে যখন অনুশীলন শেষ করে গ্লাভস-প্যাড আর ব্যাট বুকে জড়িয়ে ড্রেসিংরুমে ফিরছেন লিটন, মুশফিকের দৃষ্টি তাঁকে যেন খুঁজে ফিরল অপাঙ্গে। তোমার হলো শুরু, আমার হলো সারা—ব্যাপারটি ঠিক তেমন নয়। অধিনায়ক তাঁর নতুন উইকেটকিপার-ব্যাটসম্যানের পদক্ষেপের মধ্যে হয়তো আত্মবিশ্বাসই খুঁজে পেতে চাইলেন। টেস্ট ক্রিকেটে ক্রমোন্নতির ধারায় বাংলাদেশ একজনই আত্মবিশ্বাসী উইকেটকিপার-ব্যাটসম্যানই তো চায়। এই প্রতিবেদকের সঙ্গে একঝলক বাক্য বিনিময়কালে লিটনকে আত্মবিশ্বাসীই মনে হলো, ‘অবশ্যই এই সিরিজে ভালো করতে চাইব। এটা আমার নতুন শুরু।’
লিটনের মতো নতুন শুরু যে চায় গোটা বাংলাদেশও।