সেই সরফরাজ এখন
স্কুল ক্রিকেটে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিয়ে ভারতজুড়ে হইচই ফেলেছিলেন সরফরাজ খান। সর্বশেষ আইপিএলে মুম্বাইয়ের এই তরুণ ব্যাটসম্যানকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু কিনেছিল ৫০ লাখ রুপিতে। এবার ১৭ বছর বয়সী ব্যাটসম্যানের প্রতিভায় আস্থা রাখলেন কিংবদন্তি সুনীল গাভাস্কারও। গাভাস্কারের মালিকানাধীন প্রফেশনাল ম্যানেজমেন্ট গ্রুপের (পিএমজি) সঙ্গে দুই কোটি রুপির একটি চুক্তি হয়েছে সরফরাজের। তিন বছরের এই চুক্তি অনুযায়ী, তাঁর বাণিজ্যিক ব্যাপারগুলো দেখাশোনার স্বত্ব পেয়েছে পিএমজি।
২০০৯ সালে মাত্র ১২ বছর বয়সে ভারতের হ্যারিস-শিল্ড আন্তস্কুল টুর্নামেন্টে ৪৩৯ রানের ইনিংস খেলে আলোয় আসেন সরফরাজ খান। এ বছর আইপিএল খেলেন সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে। ভারতের হয়ে সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা সরফরাজকে ‘আগামীর টেন্ডুলকার’ও বলছেন অনেকে। ডান হাতি এই ব্যাটসম্যানের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন গাভাস্কারও, ‘সে দুর্দান্ত এক প্রতিভা। পিএমজির সঙ্গে এই চুক্তি তার অপার সম্ভাবনাকে বাস্তবায়িত করতে সাহায্য করবে বলেই আমি মনে করি।’
সরফরাজের পাশাপাশি পিএমজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ১৫ বছর বয়সী আরেক প্রতিভাবান ব্যাটসম্যান পৃথ্বি শও। টাইমস অব ইন্ডিয়া।