সেই সাক্ষাৎকার-কাণ্ডের স্মরণেই গেইলের মেয়ের নাম?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই সাক্ষাৎকারই গেইলের মেয়ের নামের নেপথ্যে? ছবি: এএফপি।
এই সাক্ষাৎকারই গেইলের মেয়ের নামের নেপথ্যে? ছবি: এএফপি।

ঘটনাটির দুটি ব্যাখ্যা হতে পারে—এক. ক্রিস গেইল পুরো পৃথিবীর মানুষের সঙ্গে একটু দুষ্টুমি করছেন। দুই. না হলে আসলেই সদ্যোজাত মেয়ের নাম ‘ব্লাশ’ রেখেছেন গেইল!
ওয়েস্ট ইন্ডিজ ওপেনারের ইনস্টাগ্রাম বলছে, দ্বিতীয়টিই সত্যি। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়ে বান্ধবী নাতাশা বেরিজের পাশে থাকতে আইপিএলে বিরতি দিয়ে জ্যামাইকায় গেছেন গেইল। আজই কন্যাসন্তানের বাবা হয়েছেন ৩৬ বছর বয়সী জ্যামাইকান। সেটির ঘোষণা দিতে গিয়েই ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমাদের সুন্দরী মেয়ে “ব্লাশ”কে পৃথিবীতে স্বাগত জানাতে চাই। ঈশ্বরকে ধন্যবাদ! এর চেয়ে বড় উপহার, এর চেয়ে তৃপ্তির অনুভূতি কিছু হতে পারে না।’
গেইলের খুশি বোঝাই যায়। কিন্তু তাই বলে এত এত নামের মধ্যে মেয়ের নাম ‘ব্লাশ’ রাখলেন কেন? ব্লাশ নামটি যে গেইলকে জড়িয়ে অন্য একটি ঘটনার কথা মনে করিয়ে দেয়। গত জানুয়ারিতে বিগ ব্যাশ চলার সময়ে অস্ট্রেলিয়ার নারী সাংবাদিক মেল ম্যাকলাফলিনকে দেওয়া সাক্ষাৎকারের কথা নিশ্চয়ই ভুলে যাননি।
মেলবোর্ন স্টারসের সঙ্গে বিগ ব্যাশের ‘মেলবোর্ন ডার্বি’ চলার সময়ে রেনেগেডস ওপেনার গেইলের সাক্ষাৎকার নিতে আসেন ম্যাকলাফলিন। সরাসরি সম্প্রচারিত সেই সাক্ষাৎকারে টেন নেটওয়ার্ক চ্যানেলের এই সাংবাদিককে অভিসারের প্রস্তাব দিয়ে বসেন গেইল। ম্যাকলাফলিন লজ্জা পাচ্ছিলেন দেখে আবার বলেও বসেন ‘ডোন্ট ব্লাশ, বেবি (লজ্জা পেয়ো না প্রিয়ে)!’ ওই ঘটনার জেরে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল গেইলের ওপর দিয়ে। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক ইয়ান চ্যাপেল তো গেইলকে বিগ ব্যাশে আজীবন নিষিদ্ধ করার সুপারিশ করেন। পরে অবশ্য ১০ হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানা দিতে হয়েছে ক্যারিবীয় ওপেনারকে, ক্ষমাও চাইতে হয়েছে ম্যাকলাফলিনের কাছে।

ক্ষমা চেয়েছেন ঠিকই, কিন্তু তাঁকে নিয়ে অস্ট্রেলিয়ান মিডিয়া এবং দেশটির সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সমালোচনা ভুলে যাননি গেইল। বিগ ব্যাশ শেষ হওয়ার পর টুইটারে ব্যঙ্গাত্মক ভাষায় সমালোচনাও করেছিলেন তাঁর এই ‘বিরোধী’দের।
বোঝাই যাচ্ছে, ওই সমালোচনা দাগ ফেলেছে গেইলের মনে। তবে সেটি নিয়ে এভাবে মজা করবেন, তা কে ভাবতে পেরেছিল! বিগ ব্যাশের ওই ঘটনার স্মরণেই যে মেয়ের নাম রেখেছেন গেইল, সেটি বোঝা গেল পরে তাঁর এক টুইটে। টুইটের শেষে কৌতুককর অভিব্যক্তি দিয়ে লিখেছেন, ‘এত সুন্দর অভিনন্দন যাঁরা জানাচ্ছেন, সবাইকে ধন্যবাদ। তবে আমাদের ব্লাশ কখনো “ব্লাশ” করবে না!’
অবশ্য চিত্রনাট্যে একটু ‘টুইস্ট’ও আছে। ভারতীয় ও ক্যারিবীয় কিছু সংবাদমাধ্যম লিখেছে, আসলে মেয়ে নয়, ছেলের বাবা হয়েছেন গেইল, যার নাম নিশ্চিতভাবেই ‘ব্লাশ’ নয়। এই সংবাদমাধ্যমগুলোর দাবি, গেইল আসলে ইনস্টাগ্রাম-টুইটারে সবার সঙ্গে মজা করেছেন বিগ ব্যাশের ওই ‘সাক্ষাৎকার-কাণ্ড’ নিয়ে!
এখন কোন ব্যাখ্যাটা বিশ্বাস করবেন—গেইল সবার সঙ্গে মজা করেছেন, নাকি আসলেই নিজের মেয়ের নাম রেখেছেন ‘ব্লাশ’? সূত্র : ফক্স স্পোর্টস।